আজ সন্ধ্যায় আমি বড়লোক হয়ে গিয়েছিলাম । শুধুমাত্র আজ রাতের জন্য । টিএসসি থেকে আমাকে তুলে নিয়ে গিয়েছিল এক বন্ধু । গন্তব্য ছিল কেএফসি, উদ্দেশ্য ছিল বার্থডে ট্রিট । আমি ভাই বড়ই সাধারণ একটা ছেলে । পোশাক আশাকের দিকে তাকাই নাই কখনই, একদম সাদামাটা পোশাকই আমার পরিধেয় । সেই পোশাকেই যেতে হল ওর সাথে । ওর দেয়া অনেকগুলো অপশনের মাঝে বেছে নিলাম কেএফসি । কেএফসির সামনে গিয়ে দেখা গেলো পাশেই পিজা হাট । বন্ধু আবার কখনও পিজা হাটে খায় নাই, কাজেই ওকে নিয়ে সেখানেই প্রথম ঢুকলাম । শুরুতেই সাধারণ একটা আজিজের টিশার্ট আর জিন্স পড়া দুটি ছেলেকে দেখা গার্ড কিভাবে কিভাবে যেন তাকালো! পকেট থেকে বের করলাম গরিবের স্মার্টফোন সিম্ফনি, টাচের ভঙ্গিমায় যেন দুনিয়া কাপিয়ে দিলাম ।
ভেতরে ঢুকেই বসে অর্ডার দিলাম । বেশ সুন্দর মনোরম পরিবেশ । এসির ঠাণ্ডা হাওয়ার সাথে ঠাণ্ডা রক গান শুনতে শুনতে পিজার অপেক্ষায় রইলাম, আর ভাবতে থাকলাম, এই যে সুন্দর পরিবেশ, এসির ঠাণ্ডা বাতাস, মিষ্টি গান, দুই গ্লাস কোক আর দুটি মাঝারি সাইজের পিজার সাথে ঘন্টাখানেক সময় -এতকিছুর দাম মাত্র ৮৫০ টাকা কেন? আমি মালিক হলে আরও বেশী রেট রাখতাম । এখানে যারা নিয়মিত আসে, তাঁদের সবার একটা করে টাকার গাছ আছে । আসার পথে কিছু পাতা সেই গাছ থেকে পেরে নিয়ে আসে, যাওয়ার সময় বিলের কাগজের ওপর ছড়িয়ে রেখে যায় । কী সুন্দর! কী সুখী মানুষগুলো! আসছে, খাচ্ছে, মজা করছে, ছবি তুলছে, পকেট খালি করে চলে যাচ্ছে... কে বলেছে টাকা থাকলে সুখ থাকে না? অবশ্যই থাকে । আমি বলব, টাকা থাকলেই শুধুমাত্র সুখ থাকে । টাকায় সব হয় । কেএফসিতে গিয়েও একই অনুভূতি হল । প্রায় ফাঁকা পেয়ে ভালোই সময় কাটানো গেলো । এক সুযোগে বড়লোকি স্টাইলে ছবিও তুললাম আমরা। ফেসবুক বন্ধুদের মতো এসেই ফেসবুক প্রোফাইল পিক দিতে ভুল করিনি ।
এখন রাতে ঘুম আসছে না । ভাবছি, কি করে বড়লোক হওয়া যায়, কি করে টাকার গাছের মালিক হওয়া যায় । আমার চাই অনেক অনেক টাকা । টাকা থাকলে থাকবে শান্তি, থাকবে জিএফ । জীবনটা তখন আর জীবন থাকবে না, হয়ে যাবে লাইফ! সেই দিন আর কতদূর? আচ্ছা, সবাই যদি টাকার গাছের মালিক হয়, তাহলে কষ্টে থাকবে কে? আর কষ্টের কথা লিখবেই বা কে? আমি নাহয় তাঁদের দলেই থাকলাম, যারা ফুটপাথে মাত্র ১০ টাকায় রাতের খাবার খায়! এবার ঘুমাই । শুভরাত্রি!
Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




