দু:স্বপ্নের এক রাতে দলের প্রধান দুই ভরসাকে ছাড়া মাঠে নেমে স্মরণকালের সবচেয়ে ভয়াবহভাবে হেরে বসলো জার্সিতে পাঁচ তারকার অধিকারী একমাত্র দল ব্রাজিল। ডি বক্সের সামনে অধিনায়ক ও দলের প্রধান ডিফেন্ডার যে নেই, সেকথা যেন হঠাৎ ভুলে গেল বাকি সবাই। যেখানে মুলারকে গার্ডে রাখার কথা সিলভার, সেই জায়গাটিতে মুলার একা দাঁড়িয়ে! উৎপল শুভ্রদা ঠিকই বলেছেন, স্কুল ফুটবলেও এমনটি ভাবা যায়না। একজন স্ট্রাইকার কল্পনাতেও আনতে পারেনা এমন দৃশ্য, যেখানে সে একদম গোলপোস্টের সামনে আনমার্কড থাকবে। সেই শুরু। এরপর কিছু বুঝে ওঠার আগেই, নিজেদের সামলে নেয়ার আগেই, সুযোগ বুঝে যেন ব্রাজিলের জালে কিক নেয়া প্রাকটিস করলো জার্মানরা! ব্রাজিলের এমন অবস্থায় মুষড়ে পড়ল সবাই, দল, দেশ পেরিয়ে সারা বিশ্বের ফুটবলবোদ্ধাগণ। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না কেউ- কিভাবে কি হয়ে গেল? গ্যালারিতে শোকের মাতম দেখে জার্মানির সমর্থকদের দেখা গেল প্রতিপক্ষের সমর্থকদেরকে বুকে জড়িয়ে স্বান্তনা দিতে! এক ব্রাজিলিয়ান খুব সাধ করে এনেছিলেন ফিফা ট্রফির একটা রেপ্লিকা, হেরে বসে এক জার্মানের হাতে তুলে দিয়েছেন সেটি । কী সুন্দর সৌহার্দ!
ব্রাজিলের এই পরাজয়ের অনেক রকম ব্যাখ্যাই দেয়া যায় । প্রথমত, যাকে ঘিরে এবারের হেক্সাজয়ের স্বপ্ন আবর্তিত, সেই নেইমারকে অনেকটা ইচ্ছেকৃত ফাউল করে ছিটকে ফেলা হয়েছে বিশ্বকাপ থেকে। ও থাকলে তিনজন প্রতিপক্ষের খেলোয়াড় ওকে মার্ক করতে ব্যস্ত থাকতো। তবুও আশা করা যায় নেইমার গোল পেতো । থিয়াগো সিলভা থাকলে রক্ষণভাগ একেবারেই পাল্টে যেত। সবচেয়ে বড় কথা, এরা দুজন থাকলে ব্রাজিল দলের চেইন কম্পলিট হতো, আত্মবিশ্বাস নিয়ে খেলত। ব্রাজিল হয়তো তবুও হারতো, কিন্তু এমনভাবে নিশ্চয়ই হারতো না । আর, 'বিগ ফিল' স্কলারির উচিৎ ছিল দলে কাকা, রোনালদিনহো, রবিনহোদের রাখা । এমন বিপদে তাঁদের কেউ দলে থাকলে নিশ্চিত সামলে নিতে পারতো । এসব ক্ষেত্রে প্রয়োজন হয় অভিজ্ঞতা, যেটা তাঁদের আছে ।
যাহোক, এসব কথা তো এখন আর বলে কোন লাভ নেই । যা হবার হয়ে গেছে । তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে ব্রাজিলের কাছে কোন চাওয়া নেই । চোখ থাকবে আগামী রাশিয়া বিশ্বকাপের দিকে । আর, সবশেষে, আবারও চাইব মেসির হাতে একটি বিশ্বকাপ উঠুক । তবে জার্মানরা মনে হয়না এত সহজে তাঁদের হাতে তাঁদের স্বপ্ন ছেড়ে দেবে ।
Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৪ রাত ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




