টিএসসির ভেতরে মাঠে বসে আছি। আছে অনেক লোকজন। এর মধ্যে হঠাৎ কোত্থেকে একটা বেশ হৃষ্টপুষ্ট সাদা কুকুর এসে হাজির। এসেই মেয়েরা যেখানে বসে আছে, তার কাছাকাছি পিছেই গড়াগড়ি খেলো। মেয়েরা তো ভয়ে উঠে গেলো জায়গা ছেড়ে। বসা থেকে উঠে দাঁড়ালো। সাথে চিৎকার তো আছেই।
কিন্তু এই কুকুরবাবাজির হঠাৎ ডিগবাজির হেতু কি? লক্ষ্য করা গেলো, কোন এক শাখামৃগ কুকুরটির পিঠে দুটো বড় বড় স্টিকার সেঁটে দিয়েছে! এমনিতেই যে গরম, তারপর আবার সহজাতপ্রবৃত্তি হিসেবে কুকুরদের গায়ে কোন জামা-কাপড় রাখার ইতিহাস নেই। তো, এই নতুন অলংকার ওর অসহ্য লাগবে বৈ কি? বেশ ক'বার মেঝেতে গড়াগড়ি খাবার পর এবং উঠে আবার গা ঝারা দেবার পর দুটি স্টিকারের একটি খুলে মাটিতে পড়লো। অন্যটি আর খুললো না।
বেচারা কুকুর তো আর হাত দিয়ে ওটা খুলে ফেলতে পারে না। আবার মুখ খুলে প্রতিবাদও করতে পারে না। আদর পেতে মানুষের কাছে যায়, গিয়ে বুঝতে পারে সে মানুষ নয় অমানুষ! ওরাও তো প্রাণী। আমাদের মতো ওদেরও প্রাণ আছে, ভালোলাগা-মন্দলাগা আছে। এ কথা আমরা কেন ভুলে যাই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


