
বাংলাদেশ সময়ানুযায়ী আজ রাত ৩:০০টায় নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোর বিলি জিন কিং টেনিস সেন্টারের আর্থার অ্যাশ ষ্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনাল ম্যাচ। যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৮ বছর বয়সী সুইস টেনিস গ্রেট রজার ফেদেরার(১) এবং ২১ বছর বয়সী আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পোত্রো(৬)।
আজকের ম্যাচটিতে ফেদেরার ২১তম বারের মত গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে(একক) খেলছেন এবং টানা ৬ষ্ঠ বারের মত ইউএস ওপেন এবং ক্যারিয়ারে ১৬তম বারের মত গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জেতার জন্য খেলবেন। অন্যদিকে দেল পোত্রো এবারই প্রথমবারের মত কোন গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠলেন।
এই দুজন আজ পর্যন্ত মুখোমুখি হয়েছেন ৬ বার। যার ৬ টিতেই জয় পেয়েছেন ফেদেরার!! এই ৬ বারের মাঝে ৩ বার মুখোমুখি হয়েছেন এ বছরেই। সর্বশেষবার মুখোমুখি হয়েছিলেন ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে। যেটাতে ফেদেরার ৩-৬, ৭-৬, ২-৬, ৬-১, ৬-৪ ব্যবধানে জেতেন। ৬ বারের মাঝে একমাত্র এই ম্যাচটিতেই দেল পোত্রো ফেদেরারের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন।
এবছর এর আগে অষ্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে এবং এটিপি ওয়ার্ল্ড ট্যুর ১০০০ সিরিজের মাদ্রিদ ওপেনে মুখোমুখি হয়েছিলেন এই দুজন। অষ্ট্রেলিয়ান ওপেনে ফেদেরার ৬-৩, ৬-০, ৬-০ ব্যবধানে জেতেন এবং মাদ্রিদ ওপেনে জেতেন ৬-৩, ৬-৪ ব্যবধানে।
ইউএস ওপেনে এই দুজন এবারই প্রথমবারের মত মুখোমুখি হচ্ছেন।
সেমিফাইনালে রজার ফেদেরার ৭-৬, ৭-৫, ৭-৫ ব্যবধানে নোভাক জোকোভিচকে এবং হুয়ান মার্টিন দেল পোত্রো ৬-২, ৬-২, ৬-২ ব্যবধানে রাফায়েল নাদালকে হারিয়ে ফাইনালে ওঠেন।
দেখা যাক, আজকের ফাইনালে কি হয়!! তবে সেমিফাইনাল খেলার পরে ২৪ ঘন্টা পূর্ণ না হতেই ফাইনাল খেলতে নামতে হচ্ছে। খেলায় এর একটা প্রভাব থাকতে পারে।
পরিসংখ্যানের ভাষ্যমতে রজার ফেদেরারই হতে পারেন আবারও ইউএস ওপেন চ্যাম্পিয়ন। তবে টেনিস ইতিহাসে একটি অঘটন ঘটিয়ে বসে হুয়ান মার্টিন দেল পোত্রোও হতে পারেন বিজয়ী।
অপেক্ষায় থাকলাম, কে হতে যাচ্ছে নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোর বিলি জিন কিং টেনিস সেন্টারের সম্রাট। দেল পোত্রো ফাইনাল জিতে নিজেকে নতুন সম্রাট হিসেবে উপস্থাপন করবেন নাকি ফেদেরার তাঁর পুরানো সাম্রাজ্য ধরে রাখবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



