শুক্রবার নন্দরানী চা বাগানে রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত ও ২০ জন আহত এবং বাগানে ব্যাপক ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় সৃষ্ট যেকোন ধরনের নাশকতা ঠেকাতে শুক্রবার রাত ১০ টা থেকে বাগান ও তৎসংলগ্ন এলাকায় অনির্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারী করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকাশ কান্তি চৌধুরী এই আদেশের কথা স্বীকার করে সকালের খবরকে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এদিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নন্দরানী চা-বাগানের মালিকানা দাবিদার সাদত রহিম চৌধুরীর পক্ষে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নেতৃত্বে আট/নয় শতাধিক লোক ঐ বাগান দখল করতে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী গ্রামবাসী। শুক্রবার দুপুর দুইটার দিকে সস্বস্ত্র আটশ-নয়শ ভাড়াটি লোক নিয়ে বাগানে প্রবেশ করে হামলা চালানো হয়। হামলাকারীদের গুলিতে সাউথ এশিয়ান ইন্টারনেশনাল লিমিটেডের সেক্রেটারি কাজী ফকরুল ইসলাম (৬৫) এবং কমলগঞ্জের ধলাইরপাড় গ্রামের বাবুর্চি জাহিদ মিয়া (২২) ঘটনাস্থলেই মারা যায়। এ সময় উভয় পক্ষের হামলায় ২০ জন আহত হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। নিহত কাজী ফখরুল ইসলামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে শনিবার মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গ থেকে পরিবারের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। তবে বাগানে থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব রয়েছে।
নন্দরানী চা-বাগানের মহাব্যবস্থাপক (জিএম) জহির আহমদ চৌধুরী বলেন, এ বাগানের আগের মালিক ছিলেন সিলেটের জনৈক নির্মল চৌধুরী। তাঁর স্ত্রী শুক্লা চৌধুরীর কাছ থেকে ১৯৯৯ সালে বাগানটি কেনেন সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম চৌধুরী। তবে কেনার দলিলটি অনিবন্ধিত (আন রেজিস্টার) ছিল। শুক্লা চৌধুরী মারা যাওয়ার ১২ বছর পর তাঁর মেয়ে শুভ্রতা আহমেদ চৌধুরী গত অক্টোবর মাসে বাগানের মালিকানা দাবি করেন এবং তা আমমোক্তারনামার (পাওয়ার অব অ্যাটর্নি) মাধ্যমে সিলেটের সাদত রহিম চৌধুরীর কাছে বিক্রি করেন।
তিনি আরো বলেন, বাগানের দখল নিতে সাদতের লোকজন গত বুধবার কমলগঞ্জের কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে ব্যর্থ হন। এ ঘটনায় পরদিন বাগানের পক্ষ থেকে বৃহস্পতিবার কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু বাগান দখলের উদ্দেশ্যে শুক্রবার সকাল থেকে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে নয় শতাধিক লোক অস্ত্রশস্ত্র নিয়ে বাগানের সামনে জড়ো হয়। এ সময় বাগানের মালিকানা দাবিকারী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না।
বাগান দখলের সংবাদ পেয়ে শুক্রবার সকাল ১১ টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নন্দরানী চা-বাগানের কার্যালয়ের সামনে কমলগঞ্জ আওয়ামীলীগের অনেক নেতা দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের সঙ্গে ছিল দেশীয় অস্ত্র, রড, লাঠিসোঁটা, দাসহ বিপুল সংখ্যক লোক। সেই সঙ্গে ছিল শতাধিক পুলিশ। দুপুর দেড়টার দিকে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ওহিদুজ্জামান আহাদের উপস্থিতিতে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্পকুমার কানু উভয় পক্ষের সঙ্গে সমঝোতার আলোচনা করছিলেন। কিন্তু বেলা দুইটার দিকে হঠাৎ করে চা-বাগান কর্তৃপক্ষের লোকজন ও শ্রমিকদের ওপর বাংলোর পেছন দিকে কাটা তাদের বেড়া কেটে হামলা চালায় দখলকারীরা। তারা ব্যবস্থাপকের বাংলো, অফিস ভবন ও চা-বাগানের দুটি গাড়ি পুড়িয়ে দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি গুলিবিনিময় হয়। গুলিতে ঘটনাস্থলেই সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের সচিব কাজী ফখরুল ইসলামসহ দুজন নিহত হয়। এ সময় আহত হন আরও ২০ জন।
আহতরা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে মাথায় ও মুখমন্ডলে গুলিবিদ্ধ হয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আফাই মিয়া ও ধলাইরপাড় গ্রামের সুলতান মিয়া।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আফাই মিয়া বলেন, ইসলামপুর ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সুলেমান মিয়ার নির্দেশে তিনি ২৮ জন সঙ্গী নিয়ে দখল ও সংঘর্ষে অংশ নিয়েছিলেন। সুলতান মিয়া বলেন, তিনিও আওয়ামী লীগের নেতা আসিদ আলীর নির্দেশে সংঘর্ষে অংশ নেন।
সহকারী পুলিশ সুপার ( সদর সার্কেল) ওহিদুজ্জামান আহাদ ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী বলেন, মূলত চা-বাগানের মালিকানা নিয়ে বিরোধ। বেলা দুইটা পর্যন্ত দুই পক্ষের সমঝোতার সুযোগ ছিল। এরপর হঠাৎ করে কীভাবে যে কী হয়ে গেল, তা বোঝা যায়নি। হামলার সাথে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ । আটককৃত রা হলো ইউসুফ মিয়া, রাসেল মিয়া, আখই মিয়া ও সুলতান মিয়া। সংঘর্ষের ঘটনার জন্য উভয় পক্ষকে দায়ী করেছেন দুই পুলিশ কর্মকর্তা।
মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্পকুমার কানু বলেন, এএসপি আহাদ ও ওসি অমূল্য কুমার চৌধুরীর অনুরোধে তিনি সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড ও মালিকানা দাবিদার সাদত রহিম চৌধুরীর পক্ষের লোকজনের সঙ্গে সমঝোতার উদ্যোগ নিয়েছিলেন। এক পক্ষ সমঝোতায় রাজি হলেও অপর পক্ষের অন্তত ৫০ জন লোককে নন্দরানী চা-বাগানের ভেতরে অবস্থান করার ব্যবস্থা করে দিতে হবে বলায় সমঝোতা বৈঠক হয়নি। এরপর হঠাৎ করে বিপুলসংখ্যক সশস্ত্র লোক এসে হামলা করে আগুন দিয়ে বাগান দখলে নিতে চায়। এ সময় উভয় পক্ষে চলে গুলিবিনিময়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিদ্দিক আলী দাবি করেন বলেন, তিনি ঐ দখল-হামলায় জড়িত ছিলেন না। ঘটনার সময় তিনি কুরমা বাঁশ মহালে ছিলেন।
নন্দরানী চা-বাগানের মালিকানা দাবিকারী শুভ্রতা আহমেদ চৌধুরী ও সাদত রহিম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশ সুপার হারুন অর রশীদ শনিবার বিকালে বলেন, শনিবার দুপুরে সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূইয়াসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। বর্তমানে চা-বাগান পুলিশের নিয়ন্ত্রণে আছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত চা-বাগান এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। হামলাকারী ৪ সদস্য আটক করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খুব সতর্কতার সঙ্গে তদন্ত করেছে। নন্দরানী চা-বাগানের জিএম জহির আহমদ চৌধুরী শনিবার বিকালে জানান, প্রাথমিক হিসাবে বাগানে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি বলে ধারণা করা হচ্ছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী জানান, এখন পর্যন্ত কোন পক্ষই থানায় কোন মামলা দায়ের করেননি। তবে নন্দরানী চা-বাগানের জিএম জহির আহমদ চৌধুরী জানান, তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান ও চা শ্রমিক ইউনিয়নের আহবায়ক বিজয় বুনার্জি জানান, তিনি শনিবার বাগানটি পরিদর্শন করেছেন। বাগানের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রয়েছে এবং শ্রমিকরা ভীত স্বন্ত্রস্থ অবস্থায় দিন যাপন করছে। কমলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার প্রকাশ কান্তি চৌধুরী জানান, বাগানের পরিস্থিতি এখন অনেকটা শান্ত রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মূলত বাগানটি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। স্বাভাবিক অবস্থা ফিরে আসলে বাগান ও তৎসংলগ্ন এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



