আজ চাঁদরাত, কাল ঈদ...। ছোটকালে এই রাতটার জন্য কত অপেক্ষা আর প্লান...। আর আজ এই রাতটা এলেই চোখদুটো পানিতে ভেসে উঠে...
শেষ রোজার ইফতারির ঠিক পর পরই এক ছুটে বাহিরে বের হয়ে যেতাম। চাঁদ দেখার জন্য টিনের চালের ছাদে উঠে আকাশটাতে তন্নতন্ন করে খুঁজতাম সরু ফালির সাদা দাগটিকে। আর আজ... নেটে বসে অপেক্ষা করি গ্রুপ ই-মেইলের, যদি কোন এনাউন্সমেন্ট আসে... কাল ঈদ...
চাঁদ দেখা গেলে, সবচেয়ে ব্যাস্ত হয়ে পরতো আম্মা। সারা ঘরজুড়ে ম ম করতো সেমাই ভাজার গন্ধে...। দুধ ফুটানোর গন্ধে...। আর আজ আমার এই ঘর জুড়ে শুধুই এয়ার ফ্রেশনার-এর গন্ধ...
একটু রাত হলে আম্মা বের করে দিতেন ঈদের জন্য নতুন কেনা বিছানা, বালিশ, সোফার কভার...। আমার দায়িত্ব ছিলো ওগুলো ঠিকমতো লাগানো। আর আজ অপেক্ষা করছি এই কাঠের ঘরটাকে ভ্যাকুয়ুম ক্লিন করার জন্য...
আপার বিয়ের পর আরেকটা কাজ রেগুলার করতাম চাঁদরাতে। আপার বাসায় যেতাম...। ভাগনিটার হাতে মেহেদী পরিয়ে দিতাম। ফোনে ভাগনিকে জিগ্গাস করলাম তোর কি লাগবে? কি পাঠাবো? ভাগনিটা বলে মামা আমার কিচ্ছু লাগবেনা... তুমি আসো...। স্বান্তনা দেই আসবোরে মা, খুব তাড়াতাড়িই আসবো...
আব্বা একটু রাত করে বাসায় ফিরতেন হাতে দু'টো লুঙ্গি হাতে...। বলতেন দেখতো বাবা কোনটা তোর পছন্দ? বলতাম, আপনার একটা পুরানা লুঙ্গি দেন আব্বা। নতুন লুঙ্গি আমার ভালো লাগেনা, খসখসে লাগে...। আজ টি-শার্ট আর সর্টস পরে হাতড়ে খুঁজি আব্বার পুরানো লুঙ্গি...
চেনাজানা পৃথিবীটা দিন দিন তার রং বদলাচ্ছে...। জমে যাচ্ছে স্মৃতির ঝুলি। জানিনা আর কখনো ফিরে পাবো কিনা সেই দিনগুলো...। খুব মনে পরে সুনীলের সেই কবিতাটি - কেউ কথা রাখেনি...
"সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব...
আমায় কেউ ফিরিয়ে দেবেনা..."
আগামীকাল জাপানে ঈদ পালিত হবে। হবে অনেক আনন্দ...। অনেক উৎসব, পার্টি। কিন্তু আমার ঘরের সেই সেমাই ভাজা গন্ধ, সেই পুরোনো লুঙ্গি খোঁজা, ভাগিনির হাত মেহেদীতে রাঙানো চাঁদ রাত কি আর কখনোই খুঁজে পাবোনা? কখনোই কি পারবোনা নামাজ পরে এসে বাবা-মাকে সালাম করতে?
বারবার মনে পরছে এয়ারপোর্টের কাচেঁর ঘরটার ওপাশ থেকে হাত নাড়তে থাকা বাবা, মা, ভাগনিটার মুখ...। চোখ দু'টো ভেসে উঠছে লোনা জলে...
সবাই ভালো থাকবেন...
ঈদ মোবারক...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


