কতদিন পর বাংলাদেশে এলেন?
সুনীল গঙ্গোপাধ্যায় : প্রায় ৩ বছর পর। ১ বৈশাখের একটি অনুষ্ঠানে এসেছিলাম ৩ বছর আগে। প্রায়ই আসতে ইচ্ছে করে, কিন্তু সুযোগ-সুবিধা হয়ে ওঠে না বলে আসা হয় না। নানা রকম কাজের মধ্যে জড়িয়ে পড়েছি তো।
এত কম সময় নিয়ে এলেন?
সুনীল : আসলে নানা কাজে জড়িয়ে পড়েছি তো। এবার এসেছি একেবারে হঠাৎ, শেষ মুহূর্তে জানতে পেরেছি আসার কথা। সুতরাং ওখানে যথাযথ ব্যবস্থা করে আসা হয়নি। তাই দ্রুত চলে যেতে হচ্ছে।
বাংলাদেশে এসে কেমন লাগছে এবার?
সুনীল : বাংলাদেশে এসে সাধারণ মানুষের যে ভালবাসা পাই তাতে অভিভূত হয়ে পড়ি। মনে হয় আপনজনের মধ্যে এসে পড়েছি। সকলেই বলে কেন ফিরে যাচ্ছেন, আরও কিছুদিন থাকুন। থাকা হয় না নানা কারণে। ফলে একটা বিচ্ছেদের বেদনা নিয়ে ফিরে যেতে হয়। এবারও সেই বেদনা নিয়েই বাংলাদেশ থেকে ফিরে যাচ্ছি।
দেশত্যাগের পর আপনি কি কখনও আপনার শৈশবের স্মৃতিবিজড়িত মাদারীপুরে গিয়েছিলেন?
সুনীল : না। বহুবার বাংলাদেশে এসেছি। কিন্তু যে গ্রামে আমি জšে§ছিলাম সেখানে কখনও আর যাওয়া হয়নি।
কেন যাননি?
সুনীল : অনেকগুলো কারণ আছে। একটা অন্যতম কারণ হচ্ছে ভাবমূর্তি সংক্রান্ত। ধর ছেলেবেলার স্মৃতিতে ছবির মতো যে গ্রামটিকে আমি দেখতে পাই, এখন গেলে হয়তো তার অনেক পরিবর্তন দেখতে পাব। হয়তো দেখতে পাব যে বাড়িটিতে আমি জšে§ছি, সে বাড়িটিই আর নেই। আমি এ দৃশ্য দেখতে চাইনে। মনের মধ্যে যে ছবিটি রয়েছে সেটাকেই রেখে দিতে চাই। মাদারীপুরের সেই গ্রামটি এখন কল্পনায় আমাকে টানে, বাস্তবে টানে না। (কিন্তু তারপরও সুনীল পরবর্তীতে সেই গ্রামে গিয়েছিলেন।)
এখন কি লিখছেন?
সুনীল : ‘প্রথম আলো’ উপন্যাসটি লিখছি। প্রথম পর্ব শেষ হয়েছে। এছাড়া মাঝে মাঝে কিছু কবিতা এবং গল্প।
‘সেই সময়,’ ‘পূর্ব-পশ্চিম’-এর মতো বিশাল ক্যানভাসের কোন উপন্যাস লেখার আর চিন্তা-ভাবনা করছেন কিনা?
সুনীল : ‘প্রথম আলো’টাই সেই সময়ের পরিপূরক বলা যেতে পারে। এ উপন্যাসটি লিখছি একটি বৃহৎ ক্যানভাসে যেটা হয়তো পূর্ব-পশ্চিমের চেয়েও বড় হবে।
আজকাল প্রচুর উপন্যাস লিখছেন একশ্রেণীর পাঠকের চাহিদার দিকে লক্ষ্য রেখে...?
সুনীল : কোন শ্রেণীর?
যেমন ধরুন সিরিয়াস পাঠকের বাইরে খুব হালকা ধরনের লেখার সাধারণ পাঠক।
সুনীল : গত যে দুটো উপন্যাস লিখেছি সে সম্পর্কে সমালোচকদের মতামত কিন্তু অন্য। তারা বলেছেন, এসব আপনি কি লিখছেন? সাধারণ পাঠক তো এগুলো পড়বে না। গত বছরের আগের বছর আমি লিখেছিলাম, একজন প্রাক্তন নকশাল এবং তার মনের মধ্যে যে দ্বন্দ্ব তা নিয়ে। এ বছর আমি লিখেছি, একজন ফিল্মের পরিচালক-Ñযে ক্যান্সারে আক্রান্ত। একই সঙ্গে যে রোগমুক্তির জন্য লড়াই করছে এবং সৃষ্টির কাজ করে যাচ্ছে। সুতরাং এগুলোকে কি সাধারণ জনপ্রিয় লেখা বলা চলে?
অনেককেই দেখা যায় দু’-একটা সিরিয়াস উপন্যাস লিখে নাম দাম কামানোর পর দু’হাতে বাজারী উপন্যাস লিখতে থাকেন। তা কেনÑশিল্পসম্মত উপন্যাস রচনাতে পরিশ্রম বেশি তাই? নাকি টাকার জন্য?
সুনীল : প্রথম কথা হলো, লোকেরা মনে করে টাকার জন্য লেখাটা অপরাধ, আমি তা মনে করি না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসররা যদি টাকার জন্য কাজ করে তা হলে লেখকরা কেন টাকার জন্য লিখবে না। তার জীবন চালাতে হবে না? পাঠকের দেখা উচিত লেখাটি উত্তীর্ণ হলো কি-না। একজন লেখক যদি একটা উচ্চাঙ্গের বই লিখে আর লিখতে না পারেন সেটা ওই লেখকের ব্যর্থতা। পাঠকরা তাকে পরিত্যাগ করবে। কিন্তু সবশেষে আবার বলছি একজন লেখক কি লিখছেন না লিখছেন, এ জন্য টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না সে রকম প্রশ্ন একটু অশ্লীল। বিষয়টি হওয়া উচিত লেখাটি উত্তীর্ণ হলো কি হলো না, সেটা। আর টাকার কথা বলছÑএই যে তুমি সাক্ষাৎকার নিচ্ছ, বিদেশে এর জন্যও টাকা দিতে হয়। আমরা গল্প লিখলে টাকা দেই, কিন্তু ৩ ঘণ্টা ধরে সাক্ষাৎকার নিলেও টাকা দেই না।
প্রকৃত অর্থেই ধনতান্ত্রিক ব্যবস্থা বা মুক্তবাজারের নামে যে অসম প্রতিযোগিতার নেশা এটাই কি লেখকদের টাকার পেছনে ছোটার প্রধান কারণ।
সুনীল : না না, এটা ভুল। কিছু লেখক আছেন যারা হালকা ধরনের লিখেন। সব দেশেই এ রকম আছেন। এর সঙ্গে মুক্তবাজারের কোন সম্পর্ক নেই।
বাংলাদেশের উপন্যাসিকদের মধ্যে কার কার লেখা পড়েছেন এবং কার লেখা ভাল লাগে?
সুনীল : অনেকের লেখাই পড়েছি-আখতারুজ্জামান ইলিয়াস, সেলিনা হোসেন, শওকত ওসমান, রশীদ করীম, হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলনসহ অনেকেরই। তবে ভাল লাগার ব্যাপারে বিশেষ কারো নাম বলতে চাই না।
আর কবিদের ক্ষেত্রে?
সুনীল : শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, বেলাল চৌধুরী, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহাসহ অনেকের কবিতাই পড়ি। তবে ভাল লাগার ব্যাপারে এখানেও কারও নাম বলব না। অনেকেই আমার প্রিয় এবং পরিচিত।
সুনীল গঙ্গোপাধ্যায় এবং নীল লোহিত দু’নামেই লিখেন। আসলে এ দু’নামের মধ্যে মৌলিক পার্থক্য কি? কেন আলাদা নামে লিখেন?
সুনীল : নীল লোহিতের লেখাগুলো সাধারণ ভ্রমণ কাহিনী। নীল লোহিত অল্প বয়সী একটি চরিত্র। তার চোখেই সবকিছু দেখানো হয়। যা সুনীলের চোখে দেখানো সম্ভব নয়। এ জন্যই দুই নাম।
কলকাতায় এখন তো বাংলা প্রায় নির্বাসিত?
সুনীল : কে বলল?
অতি সম্প্রতি আমাদের কাগজের দু’জন ঘুরে এসেছেন কলকাতা। তাদের অবলোকন হলো হিন্দীর সর্বগ্রাসী আগ্রাসন চলছে সেখানে। বোম্বে ফিল্মের দাপট, বাঙালী সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। ভাল নাটক তো হচ্ছে না, আর্ট ফিল্মও হচ্ছে না।
সুনীল : তাদের অবলোকন ঠিক নয়। তারা অল্প সময়ে গিয়ে পাখির চোখে দেখে এসেছেন। কলকাতার কিছু দোকানদার আছে হিন্দী কথা বলে কিন্তু সংস্কৃতিতে কোন আগ্রাসন নেই। কলকাতায় যেটা উদ্বেগের কারণ সেটা হচ্ছে ইংরেজী। কলকাতার একশ্রেণীর লোক ইংরেজীতে কথা বলে, তবে বেশিসংখ্যক মানুষ এখনও বাংলায় কথা বলে। তাছাড়া বোম্বের ছবি জনপ্রিয় ঠিক, কিন্তু অনেকেই জানে না বোম্বে থেকেও অনেক শিল্পসম্মত ফিল্ম হচ্ছে, শুধু বাঙালীরাই যে ভাল ছবি করছে তা তো নয়।
কবিরা তো রাজনীতি করে না, কিন্তু সকল কবি লেখকদেরই রাজনৈতিক দর্শন থাকে। আপনার সে দর্শন পরিষ্কার না।
সুনীল : আমার রাজনৈতিক দর্শন মানবতাবাদ। আমি কোন দলীয় রাজনীতিতে বিশ্বাস করি না।
কিন্তু আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেটা কংগ্রেসপন্থী। তা হলে কি আমরা ধরে নেব আপনি পরোক্ষভাবে হলেও কংগ্রেসপন্থী?
সুনীল : প্রতিষ্ঠানটি অনেক বড়। অনেক পত্রিকা বের হয়। আমি শুধু দেশ পত্রিকার সঙ্গে যুক্ত, দেশ পত্রিকা সম্পূর্ণভাবে রাজনীতি নিরপেক্ষ। এখানে বামপন্থীদেরও লেখা ছাপা হয় আবার ডানপন্থীদেরও ছাপা হয়। অন্যান্য যারা আছে, তাদেরও ছাপা হয়।
চারু মজুমদারের রাজনীতিকে আপনি কিভাবে দেখেন?
সুনীল : চারু মজুমদার এক সময় নকশালের মাধ্যমে তরুণদের উদ্বুদ্ধ করেছিলেন। কিন্তু সহিংস পন্থায় যেতে গেলে যে প্রস্তুতি প্রয়োজন তা তার ছিল না। এ জন্য সফল হননি। যদি প্রস্তুতি না থাকে, জনগণকে সঙ্গে নেয়া না যায়, তা হলে বিপ্লব সফল হয় না।
সহিংস পন্থায় হলেও তারা তো সামন্ত প্রথাই বন্ধ করতে চেয়েছিল। উদ্দেশ্য তো তাদের মহৎ। কিন্তু কংগ্রেস সরকার নকশালীদের নৃশংসভাবে হত্যা করেছে...?
সুনীল : এটাতো ইতিহাস, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেই দেখতে হবে। তারা যখন আঘাত করবে তখন তো তাদের উচিত ছিল সামরিক বাহিনীর শক্তি চিন্তা করে প্রস্তুতি নেয়া। তারা তা নেয়নি। আঘাত করলে প্রতিঘাত তো আসবেই।
বহুভাষী একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে ২১ ফেব্রুয়ারি সম্পর্কে আপনার মূল্যায়ন কি?
সুনীল : ২১ ফেব্রুয়ারি আমার বুকে কাঁপন ধরায়। বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের আমি শ্রদ্ধা করি, যেহেতু নিজে একজন বাংলা ভাষার সেবক। ২১ ফেব্রুয়ারির বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেই। পশ্চিমবঙ্গেও ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হয়।
ওপার বাংলার সাহিত্যে কারা এখন সৃজনশীল কাজ করছেন?
সুনীল : এগুলো তো অনেক বিস্তৃত আলোচনার অপেক্ষা রাখে, কিন্তু সে সময় কোথায়?
তরুণরা কি ধরনের কাজ করছে। তাদের সঙ্গে প্রবীণদের কাজের মৌলিক পার্থক্য আছে কি?
সুনীল : তরুণরা তরুণদের মতোই কাজ করছেন। প্রবীণদের সঙ্গে পার্থক্যও রয়েছে। পার্থক্য না থাকলে তো নদী শুকিয়ে যাবে। সব সময়ই ভাষা ও সাহিত্য এগিয়ে চলে এবং তরুণরাই সেটা এগিয়ে নিয়ে যায়।
তরুণদের পার্থক্যটা একটু ব্যাখ্যা করলে ভাল হতো।
সুনীল : বললাম তো এক কথায় দু’কথায় এ ধরনের প্রশ্নের উত্তর দেয়া যায় না। যারা এভাবে দেয় তারা সত্য কথা বলে না। দীর্ঘ করে বলার মতো সময় তো এখন হাতে নেই। আরেকবার সময় পেলে এ বিষয়ে কথা হবে।
সাহিত্যে দশক বিভাজন বিষয়টিকে কিভাবে দেখেন?
সুনীল : এক সময় এ ধরনের প্রবণতা ছিল এখন কমে গেছে। এক সময় পঞ্চাশের কবি, ষাটের কবি এ রকম শোনা যেত। কিন্তু গল্প উপন্যাসের ক্ষেত্রে তা শোনা যায় না। কবিতার ক্ষেত্রেও যে খানিকটা হয়েছে এখন তা কমে যাচ্ছে। আমি এই বিভাজন সমর্থন করি না।
’৯০-এর কবিতায় ‘উত্তর আধুনিকতা’ নামে একটি বিষয় খুব বেশি আলোচিত হচ্ছে। এ ব্যাপারে কিছু বলুন।
সুনীল : এটা তো জানো গল্পে ‘ম্যাজিক রিয়েলিজম’?
হ্যাঁ ‘ম্যাজিক রিয়েলিজম’।
সুনীল : কাজেই একেক সময় এ ধরনের কিছু সাহিত্য তত্ত্ব আসে, তাই দিয়ে কিছু তরুণ লেখক খুব উদ্বুদ্ধ হয় এবং কেউ কেউ লেখেও। এসব চর্চা সাহিত্যের এগিয়ে যাওয়ার জন্য ভাল।
বাংলাদেশের বাংলা সাহিত্য সম্পর্কে মূল্যায়ন করুন।
সুনীল : এটাও তো দীর্ঘ সময়ের ব্যাপার। সময় কোথায়? আমি এ দেশের সাহিত্য নিয়ে আশাবাদী। এককথায় বলতে পারি, বাংলাদেশের সাহিত্য এগিয়ে যাচ্ছে।
আমরা তো চাচ্ছিলাম দীর্ঘ সময় নিয়ে আলোচনা করতে, কিন্তু সময় পাওয়া গেল না। আচ্ছা দু’বাংলার সাহিত্যের মধ্যে কোন মৌলিক পার্থক্য আছে কি?
সুনীল : খুব একটা পার্থক্য নেই, তবে কিছু পার্থক্য রয়েছে। দু’দেশে আলাদা পরিবেশ, দু’দেশের মানুষের আলাদা জীবন, সমাজÑতার একটা প্রতিফলন তো সাহিত্যে হবেই। কিন্তু মৌলিক কোন পার্থক্য নেই।
ঢাকা থেকে এবার আপনার কোন বই বের হচ্ছে?
সুনীল : ঢাকা থেকে আমার অনেক বই-ই তো বের হয়। এর মধ্যে বেশিরভাগ বইয়ের খবরই আমি রাখি না। কারণ অনেকগুলোই আমার বিনা অনুমতিতে হয়। তাছাড়া অনুমতি চাইলে আমি খুব সহজেই দিয়ে দেই। কারণ জানি যে টাকা বিষয় নয়। অনুমতি দিলেও অনেকে টাকা দেয় না।
আপনার সর্বপ্রথম কবিতাটি সম্পর্কে বলুন।
সুনীল : আমার সর্বপ্রথম কবিতাটি আমি একটি বালিকাকে উদ্দেশ করে লিখেছিলাম এবং তা ১৯৫০ সালে ‘দেশ’ পত্রিকায় ছাপা হয়। দুটি কারণে আমি সেই কবিতাটি লিখি। প্রথমত: যে বালিকার প্রেমে পড়েছিলাম সে কবিতা পড়তে খুব ভালবাসত, সে আমাকে যেসব চিঠি লিখত, তার অধিকাংশই কবিতার লাইনে সাজানো। তাকে মুগ্ধ করার জন্যই একবার স্বরচিত কবিতায় চিঠি লেখার কথা মাথায় এলো। এই সময়েই ম্যাট্রিক পরীক্ষার পরবর্তী ছুটিতে বাবা আমাকে দুপুরবেলা বাড়িতে আটকে রাখবার জন্য টেনিসনের কবিতা অনুবাদ করতে দিতেন। কয়েক দিন বাদেই আমি নিজের একটি কবিতা টেনিসনের বলে চালিয়ে দেই। সেটাই সন্ধেবেলা সেই বালিকাটির হাতে দিই, আমার নতুন চিঠি হিসেবে। সে কিছুতেই বিশ্বাস করতে চায় না ওটা পুরোপুরি আমার লেখা। তখন কবিতাটি কপি করে ডাকে পাঠিয়ে দেই ‘দেশ’ পত্রিকার ঠিকানায়। আমার সেই প্রথম কবিতার নাম ছিল ‘একটি চিঠি’। তখন আমি কলকাতার রাস্তাঘাটও ভাল করে চিনি না, ‘দেশ’ পত্রিকার কার্যালয় কোথায় তাও জানি না। আমি শুধু বন্ধুদের ও সেই বালিকাটিকে দেখাতে চেয়েছিলাম যে, ঐ কবিতাটি আমারই লেখা এবং কবিতা লেখার ব্যাপারটা এমন কঠিন কিছু না। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, সেই মেয়েটি তারপরও কবিতাটি যে আমার লেখা সেটা বিশ^াস করল না।
সেই ‘একটি চিঠি’ কবিতাটি কি মনে পড়ে?
সুনীল : না, কিছুই মনে পড়ে না। সেই মেয়েটির কথাও মনে নেই, কবিতার কথাও মনে নেই।
লেখক জীবনের প্রথম দিকে লেখা ছাপানোর অভিজ্ঞতা বা মজার কোন ঘটনার কথা বলুন।
সুনীল : প্রথম জীবনে লেখা প্রকাশের ব্যাপারে অনেকের অনেক রকম অসুবিধা হয়। আমার হয়নি। আমি নামকরা কোন লেখককে চিনতাম না, কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলাম না। সরল বিশ্বাসে এক-একটা লেখা ডাকে পাঠিয়ে দিতাম। আমার দ্বিতীয় কবিতা ছাপা হয় ‘অগ্রণী’তে, তৃতীয়টি ‘শতভিষা’য়, চতুর্থটি বুদ্ধদেব বসু-সম্পাদিত ‘কবিতা’য় এবং পঞ্চমটি আবার ‘দেশ’-এ। চতুর্থ কবিতাটিই আবু সয়ীদ আইয়ুব-সম্পাদিত পঁচিশ বছরের প্রেমের কবিতা সংকলনে স্থান পেয়েছিল।
‘কেউ কথা রাখেনি’র নাদের আলী কি কাল্পনিক চরিত্র?
সুনীল : না না একেবারে বাস্তব। সেখানে যে লস্কর বাড়ির ছেলেরা লিখেছি সেটাও একেবারে বাস্তব। কবিতাকে আমি জীবনের সঙ্গে মিশিয়ে দিতে চেয়েছি। সাহিত্যের আড়ালে লুকোতে চাইনি, নিজেকেই প্রকাশ করতে চেয়েছি। আমার প্রতিটি কবিতাই আমার জীবনযাত্রার প্রতিফলন, সেই জন্যই আমি একাধিক জায়গায় বলেছি, আমার কবিতাগুলো স্বীকারোক্তিমূলক!
আপনার কবিতার একটি প্রধান চরিত্র নীরা। এই নীরাও তো আপনার জীবনের সঙ্গে জড়িয়ে ছিলেন অথবা রয়েছেন। কিন্তু এ ব্যাপারে কোন দিনই কিছু বলেন না। আশা করব নীরা সম্পর্কে আজ খোলামেলা বলবেন।
সুনীল : আগেও বলিনি, আজও বলব না।

কিন্তু পাঠকদের তো অনেক আগ্রহ এ ব্যাপারে।
সুনীল : কবিতা পড়ে যা বোঝা যায় সেটুকুই বুঝতে হবে। তার বাইরে এ ব্যাপারে কবির মুখ থেকে শোনার দরকার নেই।
আপনার আলোচিত একটি কবিতা ‘ইন্দিরা গান্ধীর প্রতি’। কবিতাটি কেন লিখেছিলেন?
সুনীল : সাহিত্যের একটা অন্যতম আঙ্গিক হচ্ছে আঘাত করা। আমি চেয়েছিলাম ইন্দিরা গান্ধীকে একটু আঘাত করতে, যাতে তিনি নিজেকে সর্বময় কর্ত্রী ভাবতে না পারেন। কবিতাটি তিনি পড়েছিলেন এবং পড়ে বেশ রেগেও গিয়েছিলেন। কিন্তু আমাদের দেশে যে আইন-কানুন তা দিয়ে কোন কবি লেখককে দমন করা যায় না। কাজেই কিছুই করতে পারেননি।
নিজের লেখা কোন প্রিয় কবিতার কয়েকটি চরণ বলুন?
সুনীল : মনে পড়ে না এগুলো। তুমি আমার যে কোন কবিতার ক’লাইন লিখে দিও।
কিন্তু পাঠকরা তো আপনার মুখ থেকেই শুনতে চায়?
সুনীল : ‘এতো ছোট হাতে কি করে ধরেছো বিশ^
কি করে নিজেকে সাজালে আকাশী নীলে
অথচ আমি যে কতোদিন কতো নিঃস্ব
শুধু লুকোচুরি খেলেছি কথার দিনে।’
প্রথম গল্প নিয়ে কিছু বলুন।
সুনীল : কলেজে ভর্তি হয়ে আমি প্রথম গল্প লেখা শুরু করি। আমাদের কলেজ জীবনে ‘অচলপত্র’ এবং ‘ইদানীং’ নামে দুটি পত্রিকার খুব জনপ্রিয়তা ছিল। ‘অচলপত্র’-এর সঙ্গে আমার মেলেনি, ‘ইদানীং’-এ গল্প পাঠিয়েছিলাম। ওই পত্রিকার সম্পাদক রমাপদ চৌধুরী আগামী কয়েক মাসে প্রকাশিত হবে এমন মনোনীত রচনার তালিকা ছাপিয়ে দিতেন, সেই তালিকায় আমার নামও ছাপা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, লেখাটি ছাপার আগেই ‘ইদানীং’ বন্ধ হয়ে গেল। কিছু দিন বাদে পত্রিকাটি আবার বেরুল কবিতা সিংহের সম্পাদনায়, তাতে ছাপা হয়েছিল, আমার ‘বাঘ’ নামে একটি গল্প। সেটাই আমার প্রথম মুদ্রিত। গল্পটি কোথায় হারিয়ে গেছে, আর চোখেও দেখিনি।
উপন্যাস লেখার শুরুর গল্পটা বলুন?
সুনীল : সেটা অনেক মজার। উনিশ শ’ ছেষট্টি সালের মে কিংবা জুন মাস, এক সন্ধেবেলা সুশীল রায়ের বাড়িতে আড্ডা জমেছে, আমি সেখানে উপস্থিত হয়েছি একটু দেরিতে। আমি যাওয়া মাত্রই সাগরদা (সাগরময় ঘোষ) আমাকে একা বারান্দায় ডেকে নিয়ে গিয়ে বললেন, সুনীল তোমার সঙ্গে একটা দরকারি কথা আছে। আমি একটু ভয় পেলাম। বোধহয় সাগরদা আমাকে বকবেন। কিন্তু সাগরদা কোনরকম ভূমিকা না করে বললেন, তোমাকে এবার ‘দেশ’ পুজো সংখ্যায় উপন্যাস লিখতে হবে। সাগরদা জোর দিয়ে বললেন, আমরা এবার নতুন একজনের উপন্যাস ছাপব। আমি তোমাকে ঠিক করেছি।
‘দেশ’ পত্রিকার যে বিশেষ একটা গুরুত্ব আছে তা অস্বীকার করার উপায় নেই। সে সময় আরও বেশি ছিল। সকলের সাগ্রহ দৃষ্টি এর শারদীয় সংখ্যার ওপর। পাড়ায়-পাড়ায়, চায়ের দোকানে, কলেজে-কলেজে, যে কোন আড্ডায় এই পত্রিকার সমস্ত লেখা নিয়ে চুলচেরা আলোচনা হয়। যে কোন দুর্বল রচনা দেখলে সমস্ত পাঠকসমাজ ভর্ৎসনা দেয়। নতুন লেখকের পক্ষে এটা একটা সাংঘাতিক ব্যাপার। সেই ‘দেশ’ পত্রিকার কোন পুজো সংখ্যায় আমি আগে একটা ছোটগল্প পর্যন্ত লিখিনি আর প্রথমেই একটা আস্ত উপন্যাস? ব্যাপক উত্তেজনায় ভুগছি। হাতে মাত্র তিন মাস সময়। উপন্যাস তো লিখব, কিন্তু কী নিয়ে লিখব? উপন্যাসের তো একটা পট লাগে শুনেছি, কিন্তু লেখকরা এই পট কোথা থেকে পায়? কীভাবে শুরু করে উপন্যাস। প্রথম লাইনটা কীভাবে আসে? দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ কেটে যায়, আমি এক লাইনও লিখি না। সাগরদার সঙ্গে দেখা হলেই জিজ্ঞাসা করেন, ‘কি লেখা শুরু করেছ তো?’ আমি তৎক্ষণাৎ মাথা নেড়ে জানাই, হ্যাঁ সাগরদা অনেকখানি। উপন্যাস সম্পর্কে আমার তখন কোন অভিজ্ঞতাই নেই বললে চলে। পড়েছি হাজার হাজার। খুব অল্প বয়স থেকেই, নিষিদ্ধ বই, বড়দের বই থেকে শুরু করে, হাতের কাছে যখন যা পেয়েছি কিছুই বাদ দিইনি। আমার থেকে বেশি বাংলা বই পড়েছে, এমন পাঠকের সংখ্যা খুব বেশি নেই বোধহয়। কিন্তু নিজে লিখতে শুরু করে দেখলাম, কী শক্ত কাজ রে বাবা! প্রথম লাইনটাই শুরু করা যায় না? যাক শেষ পর্যন্ত সেই উপন্যাস লেখা হলো ‘একা এবং কয়েকজন’। প্রশংসা পেলাম। তারপর থেকে তো লিখে যাচ্ছি দু’হাতে।
নিজের উপন্যাসে কোন চরিত্রটি আপনার সবচেয়ে প্রিয় ?
সুনীল : যখন যে উপন্যাস বের হয় সেটার চরিত্রগুলোই আমার মাথায় থাকে। বর্তমানে প্রথম আলো নামে যে উপন্যাস বেরিয়েছে তাতে ভূমিসীতা নামে একটা মেয়ে আছে, সে আমার প্রিয়।
পাঠক হিসেবে নিজের লেখা আপনার কেমন লাগে।
সুনীল : ভাল লাগে না। সব সময়ই বলি, যা লিখতে চেয়েছিলাম তা লেখা হয়নি। অসম্পূর্ণতার বেদনা সব সময়ই থেকে যায়।
আপনার কোন লেখাই আপনার শ্রেষ্ঠ মনে হয় না?
সুনীল : না, হয় না। আমার শ্রেষ্ঠ কবিতা বলে যে বই বেরিয়েছে তার কবিতাও আমি নির্বাচন করিনি।
কবিতা পত্রিকা ‘কৃত্তিবাস’ সম্পর্কে জানতে চাই। এর মাধ্যমে তো আপনারা আলাদা একটি প্রজš§ গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন?
সুনীল : কলেজে থার্ড ইয়ারে এসে আমি বন্ধুদের সঙ্গে ‘কৃত্তিবাস’ বের করলাম। কলেজে তখন আমার সহপাঠী ফণিভূষণ আচার্য, মোহিত চট্টোপাধ্যায়, শিবশম্ভু পাল। এছাড়া দীপক মজুমদার, আনন্দ বাগচীথ পরবর্তীকালে শঙ্খ ঘোষ, আলোকরঞ্জন দাশগুপ্ত, অরবিন্দ গুহ, শরৎকুমার মুখোপাধ্যায়, উৎপল কুমার বসু প্রমুখ কবির সঙ্গেই আমার হৃদ্য সম্পর্ক হয়। গদ্য থেকে সরে এসে আমি পুরোপুরি কবিতাতেই আত্মনিয়োগ করলাম। কবিতার জন্য দারুণ উন্মাদনা, শুধু কবিতার জন্যই যেন বেঁচে থাকা। শক্তি চট্টোপাধ্যায় এই সময় শুধু গদ্য লিখত, সব ছেড়েছুড়ে সে-ও ডুবে গেল শুধু কবিতার মধ্যে। শক্তির ক্ষেত্রে ব্যাপারটা সর্বস্ব সমর্পণের মতোই হয়েছিল।
আপনি তো কৃত্তিবাস চালানোর পাশাপাশি গদ্যও শুরু করলেন?
সুনীল : গদ্য লেখা থেকে আমিও পাঁচ-ছয় বছর সরে ছিলাম। আবার শুরু করতে হলো অর্থনৈতিক কারণে। আমার বাবা হঠাৎ মারা যাওয়ায় পুরো সংসারটার দায়িত্ব পড়ে আমার ওপর। আমার ভাই-বোনেরা তখনও পড়াশোনা করছে। বিএ পাস করার পর আমি আর বিশ্ববিদ্যালয়ে পড়িনি। চাকরি খুঁজছিলাম। দু’বছর বেকার থেকে, অন্তত তিন-চার শ’ জায়গায় দরখাস্ত পাঠিয়ে ইন্টারভিউ দিয়ে শেষ পর্যন্ত আমি একই দিনে দু’জায়গা থেকে নিয়োগপত্র পেলাম। মধ্যশিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগে। সকলে সরকারী চাকরি নেবারই পরামর্শ দিল। যাচ্ছেতাই মাইনে, তবে কাজে ফাঁকি দেবার সুযোগ অঢেল। বাবা মারা যাবার পর আমি সকালে একটা টিউশনি, দুপুরে চাকরি, বিকেলে আর একটা টিউশনি, সন্ধের পর আবার একটি ছোট খবরের কাগজের অফিসে চাকরি, মোট চার রকম কাজ করি! হাতখরচের জন্য এবং ‘কৃত্তিবাস’ পত্রিকা চালাবার প্রয়োজনে কিছু টাকা চাই, তাই গদ্য লিখতে শুরু করি দু’হাতে।
এবার ঢাকায় এসে কবিতা উৎসবের বক্তব্যে আপনি বলেছেন, কবিতা জনপ্রিয়তা হারাচ্ছে। বিষয়টি তো দু’শ’ বছর আগে থেকেও শোনা যাচ্ছে, কিন্তু আজও কবিতার পাঠক আছে। সত্যিই কি কবিতার পাঠক কমছে? কমল কেন?
সুনীল : অনেক দেশে কমেছে, বাংলাদেশে বেড়েছে। কমার কারণ মানুষ এখন অনেক কিছু দেখতে চায়। ভিজ্যুয়াল মিডিয়া চায়, পত্রিকা চায় এবং গল্প উপন্যাস প্রবন্ধ বেশি পড়ে।
রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্যে কাকে শ্রেষ্ঠ কথাশিল্পী মনে হয়?
সুনীল : মানিক বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশের জাতীয় কবিতা পরিষদ ও কবিতা উৎসব সম্পর্কে কিছু বলুন।
সুনীল : বিশাল ব্যাপার। হাজার হাজার লোক এসে অংশ নিচ্ছে। তারা কবিতাকে জনপ্রিয় করছে।
বিশ্বের অন্যান্য ভাষার কবিতার সঙ্গে বাংলা কবিতার তুলনা করুন।
সুনীল : আমি যেটুকু জানি, যেটুকু পড়েছি সেটা হলোÑবাংলা কবিতার মান অনেক উঁচু। আমরা বাংলা কবিতা নিয়ে গর্ব করতে পারি।
এবার ব্যক্তিগত প্রসঙ্গ। প্রেম করেছেন ক’বার। কবিরা তো আপাদমস্তক প্রেমিক।
সুুনীল : ক’বার করেছি তোমাকে জানাব কেন? তবে সেই সংখ্যা কম না। আমার প্রথম কবিতাও তো প্রেমপত্র। একটা কথা জেনে রেখ, ভাল কবিতা লিখতে হলে কবিকে বারবার প্রেমে পড়তে হয়।
এখনও কি প্রেম করছেন?
সুনীল : সেটাও আমি গোপন রাখতে চাই। বলতে চাই না।
প্রথম প্রেমিকার কথা মনে পড়ে কি?
সুনীল : প্রথম প্রেমিকার কথা তো মানুষ কখনও ভুলতে পারে না। সুতরাং নিশ্চয়ই মনে আছে। তবে এ মুহূর্তে তার মুখ ঝাপসা হয়ে এসেছে।
আবার লেখালেখি বিষয়ে। দুই বাংলায়ই তো আপনি খুব বেশি জনপ্রিয় লেখক। তো কোন জায়গায় নিজেকে বেশি জনপ্রিয় মনে হয়?
সুনীল : নিজের জনপ্রিয়তা সম্পর্কে নিজের কি কোন বোধ থাকে? আমার তো সে রকম কোন বোধ নেই। আমি সেটা জানি না। তবে উভয় বাংলায়ই পাঠকদের যে ভালবাসা আমার প্রতি তাতে মনে হয় অনেক আগেই আমি নোবেল পুরস্কার পেয়ে গেছি।
আপনার সঙ্গে আলোচনা করে যা বোঝা গেল, খুব ছোটবেলা থেকে আপনি লেখালেখি শুরু করেননি। শুরু করেছেন কলেজ পর্যায়ে এসে।
সুনীল : বাল্যকাল থেকে সাহিত্য রচনার দিকে আমার ঝোঁক ছিল না। আমি বই পড়তে ভালবাসতাম, কিন্তু লেখার কথা ভাবিনি। স্কুল কলেজে আমি বাংলায় ভাল নম্বরও পাইনি। আমার ঝোঁক ছিল নানারকম অ্যাডভেঞ্চারের দিকে। স্কুলে পড়ার সময় থেকেই আমি কোন না কোন বন্ধুর সঙ্গে হঠাৎ-হঠাৎ, বাইরে কোথাও চলে যেতাম।
পাঠকদের উদ্দেশে কি আপনার কোন বক্তব্য আছে?
সুনীল : দেখ, পাঠকরা মাঝে মাঝে এমন ভালবাসার পরিচয় দেয় যে, অভিভূত হয়ে যাই। এই বাংলাদেশ থেকে আকস্মিকভাবে কেউ কেউ আমাকে উপহার পাঠায়। যেমন আমি একটি মেয়ের কথা বলছিÑঢাকার মোহাম্মদপুরে থাকে। সে পোস্টে খামের মধ্যে ভরে আমার জন্য একটা শাল পাঠিয়েছে, যা তার নিজের হাতে বোনা। এটা যখন আমি পরি তখন তার প্রীতির স্পর্শ পাই।
বাস্তবতার মধ্যেও সময় দেয়ার জন্যে অনেক ধন্যবাদ আপনাকে।
সুনীল : তোমাকেও ধন্যবাদ।
সাক্ষাতকার গ্রহণ : মুস্তাফিজ শফি
তথ্যসূত্র: দৈনিক জনকন্ঠ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





