"বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'গণজাগরণ আন্দোলন কার বিরুদ্ধে? কীভাবে বিচার হবে? আজকে আমরা এ প্রশ্নের উত্তর চাই। বিচার কীভাবে হবে, ডা. ইমরান সাহেব ঘোষণা দেবেন ফাঁসি দাও, ফাঁসি হয়ে যাবে? নাকি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের বিচার হবে।' গতকাল দুপুরে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বোর্ডবাজারে ফখরুদ্দিন কমিউনিটি সেন্টারে এ সভা হয়। মির্জা ফখরুল যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে আরও বলেন, আমাদের দলের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। আমরা বার বার দলের পক্ষ থেকে বলেছি, ১৯৭১ সালে যারা মানবতাবিরোধী অপরাধ করেছেন, তাদের অবশ্যই বিচার চাই। সেই আইনের মধ্যে সর্বোচ্চ যে সাজা রয়েছে সেই সাজাই আমরা চাই। তবে তা হতে হবে স্বচ্ছ, আন্তর্জাতিক মানের ও আইনের বিচার। জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবীর খান, মজিবুর রহমান প্রমুখ।
মির্জা ফখরুল আরও বলেন, ইলিয়াছ আলী গুম হয়েছেন। তার পরিবার ও আমরা জানি না তিনি কবে ফিরে আসবেন। গত চার বছরে বিএনপির ১৪৫ নেতা-কর্মীকে গুম করা হয়েছে। সরকার তাদের কোনো হদিস দিতে পারেনি। তিনি মন্তব্য করেন, দেশ মৃত্যু উপত্যকায় এবং একটা কারাগারে পরিণত হয়েছে। তিনি বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে হরতালের মতো কর্মসূচিকে বেশি প্রাধান্য দিইনি। চার বছরে আমরা বাধ্য হয়ে ১৫টি হরতাল দিয়েছি। আর আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময় পাঁচ বছরে ১৭৩টি হরতাল দিয়েছিল। জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা বর্ধিত সভায় অংশ নেন।
এদিকে গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় মির্জা ফখরুল শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলন নিয়ে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টের সমালোচনা করেন। তিনি বলেন, 'পত্রিকায় দেখলাম, শাহবাগের তরুণদের আন্দোলনে ভারতের মদদ রয়েছে। সত্য কি না জানি না। তবে বলতে চাই, আমরাই আমাদের দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নির্ধারণ করব। দেশ কীভাবে চলবে, কার বিচার কীভাবে হবে তাও আমরা ঠিক করব। ভিন্ন কোনো দেশ মাথা ঘামাকে কেন? এখানে অন্য দেশ হস্তক্ষেপ করুক তা আমরা চাই না।' 'গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা : জনগণের করণীয়' শীর্ষক আলোচনা সভা ও নতুন তারা পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জিসাস। সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, অভিনেত্রী রীনা খান, আহসানুল হক প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পদক তুলে দেন মির্জা ফখরুল। বিএনপির মুখপাত্র উদ্বেগ প্রকাশ করে বলেন, 'দুই বছরের শিশু টেলিভিশন দেখে স্লোগান দিচ্ছে ফাঁসি চাই। এটা কি আমরা আমাদের শিশুদের শিক্ষা দেব? আজ কোন বিষবৃক্ষ রোপণ করা হচ্ছে, যার মধ্য দিয়ে হিংসা, বিদ্বেষ ও হানাহানি ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেশ এখন অত্যন্ত দুঃসময় অতিক্রম করছে। মির্জা ফখরুল বলেন, 'আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কোনো ব্যক্তি নন। তিনি সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার একটি প্রতীক। তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের।"
মাহমুদুর রহমান কি জনাব ফকরুলের বেয়াই লাগে? রহমানের প্রতি এত দরদ কেন তার??
সংগ্রহ: বাংলাদেশ প্রতিদিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





