আকাশে যখন মেঘের গর্জন হয়,
ধরায় যখন জলের বর্ষণ হয়,
আমার যেন তোমার দর্শন হয়।
এই একটিমাত্র ইচ্ছে
ঘুম কেড়ে নিচ্ছে...
সারা বর্ষা আমি অপেক্ষাতে থাকি,
বৃষ্টি এলেই মনে মনে ডাকি,
তোমার চোখে যেন চোখটা রাখি।
এই একটিমাত্র আশা
হয়ে গেছে সর্বনাশা...
বর্ষা এলেই মনে পড়ে যায় আমার,
সেই ঘাতক অভিমানী দৃষ্টি তোমার,
চাইতে থাকি সেদিনের পুনরাবৃত্তি আবার।
এই একটিমাত্র চাওয়া
ভুলায় নাওয়া-খাওয়া...
সেদিন,
আমার হাত ছিল তোমার মুঠিতলে,
আমার চোখ ছিল তোমার চোখের জলে।
আকাশ বেয়ে মেঘেরা পড়ছিল গলে।
সেদিন,
তুমি আমায় বলো নি- ভালো আছি,
বলেছিলে শুধু, “এতটা ভালোবাসি।”
বলেছিলাম- তুমি থাকবে মনের কাছাকাছি।
যাবার সময় তুমি দিয়েছিলে ঘাতক দৃষ্টি,
আমার বুকে করেছিলে অভিমান, কষ্ট সৃষ্টি।
আমার আকাশে ঝরছিল সেদিন বৃষ্টি।
আর কখনও দেখা হবে না,
বৃষ্টিতে আর ভেজা হবে না।
তবুও বৃষ্টি এলেই আমার ভিজতে ইচ্ছে করে,
তোমার সাথে ভালোবেসে মিশতে ইচ্ছে করে।
বৃষ্টি তুমি আর এসো না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


