আকাশে সেদিন চাঁদ ছিল না।
ভরসন্ধ্যাবেলায় আমি তখন নৌকায়
গলুইয়ের উপর বসেছিনু আনমনা।
মন ডুবেছিল গভীর হতাশায়।
আকাশভরা হাজারো তারা,
মনটা আমার দিশেহারা।
ঢেউ খেলে যাচ্ছিল পাটাতনে,
আমি পড়েছিনু নিজের মনে।
জানো,
আকাশে সেদিন চাঁদ ছিল না।
জমে উঠেছিল গ্রামের বাজার।
আমি ছাড়া আর কেউ ছিল না,
শূণ্যস্থান হয়েছিল হৃদয়ের মাঝার।
দখিনা বাতাস লাগছিল চুলে,
মন কষতেছিল জটিল অঙ্ক।
দু’পা ডুবিয়ে নদীর জলে
আমি ধুচ্ছিলাম পঙ্ক।
বিশ্বাস করো,
আকাশে সেদিন চাঁদ ছিল না।
ছিল না সেদিন ঝলসানো রুটি।
জলের কুলকুল ধ্বনি যাচ্ছিল শোনা,
ছিল শুধু অন্ধকার ঘুটঘুটি।
নদী সেদিন চুপচাপ ছিল না,
ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছিল।
তারার সংখ্যা যাচ্ছিল না গোনা,
নিঃসঙ্গ যাত্রী নিয়ে তরী দুলছিল।
সত্যি বলছি,
আকাশে সেদিন চাঁদ ছিল না।
হাসছিল অসংখ্য মিটিমিটি তারা।
নিজেকে মানুষ মনে হচ্ছিল না,
হয়েছিনু পাখি এক বাঁধনহারা।
সময় তো তবু থেমে ছিল না,
পৃথিবী ঘুরছিল আপন কক্ষপথে।
মনটা আমার কিছুতেই মানছিল না,
দায়িত্ব ভুলে উড়ছিল স্বপ্ন নিয়ে হাতে।
ভুল বুঝো না,
আকাশে সেদিন চাঁদ ছিল না।
শুধু ছিল অসীম শূণ্যতা।
চোখ দুটো আর পারছিল না,
মনজুড়ে ছিল অনন্ত অপূর্ণতা।
কপোল বেয়ে অশ্রু ঝরছিল।
তখনো চলছিল প্রবল দখিনা বাতাস।
কেউ একজন মনে মনে মরছিল,
চাঁদমুক্ত ছিল সেদিন আকাশ।
ভালোবাসা আমার মিথ্যা ছিল না,
তবুও খেয়াল করে দেখেছি
আকাশে সেদিন চাঁদ ছিল না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





