সীমান্তের ওইদিকে আমার জন্মভূমি
এইদিকে আমার স্বদেশ।
আমি এইদিকে দাঁড়িয়ে
ওইদিকে তাকিয়ে আছি।
আমি দেখছি,
আমার জন্মভূমির আকাশ রক্তে লাল হয়ে গেল।
আমি ভাবছি,
আমার বন্ধু আর সতীর্থেরা আজ
কীভাবে কোথায়
দিন কাটাচ্ছে।
কী করছে খালেক আর রহিম আর আনোয়ার?
তারা কি জেলখানায় বন্দী হয়ে আছে,
নাকি রাস্তায় নেমে
বুকের রক্ত ঢেলে গড়ে তুলেছে প্রতিরোধ?
আমি আমার অস্তিত্বকে দুইখণ্ড করে
নিজেকে বারবার শোনাচ্ছি :
সীমান্তের ওইদিকে আমার জন্মভূমি,
এইদিকে আমার স্বদেশ।
বাংলা-ছড়া / অমিতাভ চৌধুরী
পাঠান, পাঠান-- জলদি পাঠান,
পিন্ডি থেকে ঢাকায় পাঠান;
সৈন্য আরও বালুচ-পাঠান।।
সামাল, সামাল- জলদি সামাল,
বাংলা মুলুক করল কামাল;
পানিমে ঢাল জাহাজ-- কা-মাল।
খাটান খাটান তাম্বু খাটান,
শেখের দেশে বড়ই খাঁ-টান
সৈন্য পাঠান, জলদি পাঠান।।
গণহত্যা* / প্রভাকর মাচওয়ে
ইসলাম মানে শান্তি
কিন্তু পদ্মার দুই তীরে
কবর, নিস্তব্ধতা,
কাঁটাতারের বেড়া।
ইসলাম মানে আমেন
কিন্তু এখন গঙ্গা এবং যমুনা
উৎকণ্ঠায় দেখছে--
হিংসার পৈশাচিকতা
ঢাকা--কুষ্ঠিয়া--শিলাইদহ
বন্দুকের আওয়াজ...
দিনাজপুর--সিলেট--চট্টগ্রাম
যুদ্ধ চলছে...
নিশানা : শিশু,
স্তুপীকৃত মৃতদেহ পচমান
রবীন্দ্রনাথ আর নজরুলের গানের
প্রত্যুত্তর তাদের : নাপাম
ওদের কথাগুলো কখনো আর এত বিকৃত হয়ে যায়নি
যখন ওরা উল্লেখ করল নামটা : বাংলাদেশ।
* কবিতাটা ইংরেজি থেকে অনুবাদ করেছেন শিশির ভট্টাচার্য্য
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






