এ লেখা কাউকে কটুক্তি করা, ভাল বা খারাপ বলা, কাউকে জ্ঞান দান করা বা কোন পাঠকের মন্তব্য পাবার উদ্দেশ্যে নয়, বরং কিছু অনুভূতি প্রকাশের উদ্দেশ্যে লেখা। লক্ষ্য করুণ, জাগরণের ডাক ব্লগের শিরোনাম ''আমরা জাগাব, গড়ে তুলব শ্যামল বাংলাদেশ''
ধর্মগুলোকে টিকিয়ে রাখার জন্য ''বিশ্বাস" শব্দটি এতদিন এত সহস্র বছর ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলেও বর্তমান সময়ে বাংলাদেশে এ শব্দটির মহিমা বা তাৎপর্য আরো বহুগুণে বেড়ে গেছে ডেসটিনি কোম্পানির কারণে। এ কোম্পানিটির দাবি এটি টিকে থাকার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ''বিশ্বাস''। তারা তাদের বিভিন্ন ট্রেনিংয়ে সাধারণত শিখিয়ে থাকে ''বিশ্বাসে মিলায় রত্ন তর্কে বহুদুর।" অনেক ক্ষেত্রে তারা এ-ও বলে যে যারা কোম্পানি নিয়ে বেশি মাথা ঘামায়, বেশি ঘাটাঘাটি করে তারা অকালে ঝরে যায়। সফলতার মূল মন্ত্র বিশ্বাস। সুতরাং বিশ্বাস কর, সফল হবে। অনেক পিএসডি-ও কোম্পানির পণ্যের দাম, কোম্পানির লাভ কত হয় ইত্যাদি ইত্যাদি ঘাটতে ঘাটতে ঝরে গেছে। যাই হোক এবার আসা যাক মূল আলোচনায়ঃ-
১, ডেসটিনির একটি ট্রেইনিং
বিশ্বাসের পক্ষে ডেসটিনি কোম্পনি যেসব যুক্তিগুলো দেখায় সেগুলো এরকম-
(ক) মানুষ আকাশে উড়ে, চাঁদের দেশে যায়, সমুদ্রের নিচে বাড়ি করে এ সবই সম্ভব হয়েছে শুধুমাত্র বিশ্বাসের কারণে। মানুষ যদি বিশ্বাস না করতো যে সে এগুলো করতে পারবে তাহলে তারা কখনোই এগুলো করতে পারত না। সুতরাং সব আবিষ্কারের মূলেই রয়েছে বিশ্বাস।
(খ) ধরুন আপনি পুকুরে মাছ ধরতে যাবেন। আপনি তখন কিসের ভিত্তিতে যাবেন? নিশ্চয়ই বিশ্বাসের ভিত্তিতে। আপনি যদি বিশ্বাস না করেন যে পুকুরে মাছ পাওয়া যাবে তাহলে আপনি কখনোই মাছ ধরতে যাবেন না।
(গ) ডেসটিনি কোম্পানি প্রথম যখন কাজ আরম্ভ করে তখন দেখানোর মত কোন প্রমাণ ছিল না, ছিল না কোন ডায়মন্ড, পিএসডি, সিলভার বা একজন সাইকেলধারী ডিসট্রিবিউটর-ও। এখন যারা ডায়মন্ড হয়েছে তারা একদিন বিশ্বাস করেছিল কোম্পনি কোথাও যাবে না, তারা ডায়মন্ড হবে তাই আজকে তারা ডায়মন্ড।
(ঘ) আপনি যদি আপনার বউকে বিশ্বাস না করেন তাহলে কখনোই আপনি বাহিরে কাজ করতে পারবেন না। সবসময় মনে হতে থাকবে বউ কি করছে বউ কি করছে। সুতরাং সংসার চালাতে গেলে সবার আগে যেটি দরকার সেটি হচ্ছে বউকে মনেপ্রাণে বিশ্বাস করা।
২, মিঃ আবুলের বিশ্বস্ত বউ
এ ধরণের একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং থেকে মিঃ আবুল একদিন শিখেছিলেন তার সুন্দরি বউকে বিশ্বাস করতে হবে মনেপ্রাণে। অতঃপর কি হল?
মিসেস আবুলের সাথে পরকিয়া করছেন, মিঃ মদন। ব্যাপারটি একদিন ধরা পড়ল আবুলের বন্ধু মিঃ বাবুলের কাছে। সে ব্যাপারটি জানাল আবুলকে। এতে আবুল ক্ষেপে গেল বাবুলের উপর। সে তাকে রাগারাগি ও গালাগালি করতে লাগল। এতে বাবুল একটু আঘাত পেল আর মনে মনে ভাবল আমার বোকা বন্ধুকে কিভাবে প্রমাণ করা যায় তার বউয়ের পরকিয়ার কথা।
একদিন মিঃ মদন আর মিসেস আবুল খুব ঘনিষ্ঠভাবে প্রেম করছিলেন জিয়া উদ্যানে। এ সুযোগে মিঃ বাবুল কিছু ছবি তুলে এনে দেখালেন মিঃ আবুলকে। এবার আবুলের টনক নড়ে। সে কিছুটা চিন্তিত হয়। কিছুক্ষণপর কি থেকে হলো জানি না, হঠাৎ আবুল ক্ষেপে গেল বাবুলের উপর-
''শালা বাটপার, বজ্জাত, বেঈমান তুই স্টুডিও থেকে আমার বউয়ের মিথ্যা ছবি বানিয়ে এনেছিস। আমি তোরে দেখাইয়া দিমু। আমি যদি এর একটা বিহিত না করি তাহলে আমার নাম আবুল নয়।''
বাবুলের মন আবার খারাপ হয়ে গেল। সে মনে মনে ভাবে এবার আমি হাতে নাতে প্রমাণ করে দিব সব, শুধু একটা সুযোগ পাই। সত্য সত্য একদিন সুযোগ চলেও এল। সেদিন বিকালে বাবুল ও হাবুল বেড়াতে যায় বোটানিক্যাল গার্ডেনে, একই সময় মিঃ মদন ও মিসেস আবুল প্রেম করতে যায় ওখানকার একটি ঝোপের দিকে। দৃশ্য দেখে বাবুল ফোন করল আবুলকে। আবুলতো প্রথমে বাবুলকে ফোনে অনেক গালাগালি করল। বাবুলও নাছোড় বান্দা, বলল আমার সাথে হাবুলও আছে নে কথা বল। শেষমেষ বাধ্য হয়ে আবুল গেল বোটানিক্যাল গার্ডেনে। গিয়ে দেখে সেকি দৃশ্য, মদনের ঠোঁটে তার বউয়ের ঠোঁট। আবুল আর সহ্য করতে পারে না! ঠাস করে একটি চড় লাগায় বাবুলের গালে!
-বেঈমান তুই অন্য একটি মেয়েকে মেকআপ করিয়ে আমার বউয়ের চেহারায় সাজিয়ে এখানে নিয়ে আসছস। তুই খারাপ, তুই শয়তান। তুই ভাগ এখান থেকে। আমার বউ খুব ভাল, আমি আমার বউকে বিশ্বাস করি।
- তুই এখনো আমাকে ভুল বুঝলি। আমি তোরে হাতে নাতে প্রমাণ দিলাম আর তুই এখনো তোর বউরে অন্ধভাবে বিশ্বাস করছ?
- হ, আমি আমার বউরে বিশ্বাস করি। তোর মধ্যে বিশ্বাস নাই, তুই বেঈমান।
- আচ্ছা ঠিক আছে তুই কাছে যা-না, ওখানে গেলেই প্রমাণ পেয়ে যাবি।
- আমার এত প্রমাণের প্রয়োজন নাই, আমি আমার বউরে বিশ্বাস করি এটাই যথেষ্ঠ। তুই খারাপ, তোর কথা শোনার সময় আমার নাই।
- আরে ভাই অন্তত একটা ফোন কর।
- আচ্ছা করছি।
----
----
- দেখলি তুই ফোন করার সাথে ও ফোন ধরল, তুই ফোন কাটার সাথে সাথে ও ফোন কাটল।
- না, তুই আমার বউয়ের ফোন চুরি করে ওই মেয়েকে দিয়েছিস। তুই শয়তান। তুই খারাপ।
- ঠিক আছে তুই এখন বাসায় যা, বাসায় গিয়ে বউকে না পেলেই তো প্রমাণ হয়ে যাবে আমি সত্য বলছি।
- হ্যাঁ ঠিক আছে আমি বাসায় গিয়ে প্রমাণ করে ফেলব আমার বউ বিশ্বস্ত।
এরপ...র মিঃ আবুল বাসায় গিয়ে দেখল তার বউ সত্যি সত্যি বাসায় নেই। তার চিন্তা এলোমেলো হয়ে আসতে লাগল, মাথা নষ্ট নষ্ট ভাব হল, সে নিজেকে ধরে রাখতে পারল না, শুয়ে পড়ল খাটের ওপর।
যখন ঘুম ভাঙ্গল তখন অনেক রাত, আবুল দেখল বউ তার ঘরেই আছে। সে বউকে কিছু জিজ্ঞাসা করল না। ঘটে যাওয়া ঘটনা নিয়ে অনেক ভাবল। সবশেষে তার মনে পড়ল দার্শনিক দেকার্তের দর্শনের কথা- আমাদের দৃষ্টি আমাদেরকে সবসময় সঠিক জিনিস দেখায় না, যেমন আমরা দূরের বস্তুকে ছোট দেখি কিন্তু কাছে গেলে এটি অনেক বড় হয়ে যায়। আমার জীবনে ঘটে যাওয়া এমুহূর্তের ঘটনাগুলোও বাস্তব নাকি স্বপ্ন এটিও বুঝা যায় না। কারণ আমরা এখন পর্যন্ত স্বপ্ন ও বাস্তবের মধ্যে কোন পার্থক্য করতে পারিনি। আনন্দে তার মন ভরে গেল। তাহলে আজকে যা ঘটেছে তার সবই স্বপ্ন। সে বাবুলের উপর ক্ষেপে গিয়ে তাকে ফোন করেঃ
- তুই তু্ই বেঈমান, তুই খারাপ। তুমি আমার মনে সন্দেহ ডুকিয়ে দিয়েছিস তাই আজ আমার বউকে নিয়ে আজ এ জঘন্য স্বপ্ন দেখেছি।
- দোস্ত আজকেতো আমাদের সাথে হাবুলও ছিল, তাকে ফোন দিলেইতো সব প্রমাণ হয়ে যাবে।
- আচ্ছা ঠিক আছে।
(হাবুলকে ফোন)
হাবুলঃ হ্যাঁ ঠিকইতো, সবই সত্যি। আমিও ছিলাম। তুই স্বপ্ন দেখসনি।
এ ঘটনায় আবুলের ভাবান্তর হলেও সে দু'টি সহজ সমাধান বের করল-
(ক) হাবুলের ছদ্মবেশে শয়তান এসেছে, অথবা
(খ) আমি ও হাবুল একই সময়ে একই স্বপ্ন দেখেছি। আর এ স্বপ্ন দেখিয়েছে শয়তান।
পুনশ্চঃ আবুল এখন বাবুলকে চরম ঘৃণা করে। সে তাকে শয়তান, বেঈমান, অবিশ্বাসী, খ্রিস্টান, ..., ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে গালাগালি করে আর সমাজে প্রচার করে বেড়ায় ''বাবুল হতে সাবধান''।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



