ভারতের দরিদ্র মানুষকে ‘গিনিপিগ’ হিসেবে ব্যবহার করে নতুন ওষুধের কার্যকরিতা পরীক্ষা করার অভিযোগ উঠেছে। বিবিসি ম্যাগাজিনে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ভারতের অনুন্নত অঞ্চলগুলোর নিরক্ষর ও দরিদ্র নাগরিকদের বিদেশি ও দামি ওষুধের কথা বলে বড় কোম্পানিগুলো নতুন ওষুধের কার্যকারিতা পরীক্ষা করছে। এতে পার্শ্ব-প্রতিক্রিয়ায় বহু রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে চিকিৎসকরা ময়না তদন্তের কোনো প্রতিবেদন না রাখার কারণে মৃত্যুর বিষয়টি প্রমাণ করা যাচ্ছে না।
এতে আরো বলা হয়, ভারতের আইন অনুযায়ী নতুন ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে অনুমতি নেয়ার বিধান রয়েছে। কিন্তু এসব ক্ষেত্রে তা লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, কেনার সামর্থ্য না থাকায় এসব ‘দুষ্প্রাপ্য’ ওষুধ পেয়ে রোগীরা বেশ খুশি হতেন। কিন্তু এ খুশিই শেষ পর্যন্ত তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
মধ্য প্রদেশের রাজধানী ইন্দোরের দলিত সম্ú্রদায়ের চন্দ্রকলা বাইকে বুকের ব্যাথার চিকিৎসার জন্য মহারাজা যশোবন্ত রাও হাসাপাতালে নেয়া হয় ২০০৯ সালের মে মাসে।
তার পুত্রবধূ নিতু সোদে বলেন, আমরা অবাক হয়েছিলাম। কারণ আমরা গরিব হওয়ায় হাসপাতালের পাঁচ রুপির টিকিট কিনেছিলাম। কিন্তু চিকিৎসক আমাদের বললেন, তিনি আমাদের সোয়া লাখ রুপি দামের বিদেশি ওষুধ দেবেন।
তিনি বলেন, টিকিট নিয়ে হাসপাতালে লাইনে দাঁড়িয়ে চিকিৎসকের দেখা পেতে সাধারণত অনেক সময় লাগে। তবে এবার অল্প সময়ের মধ্যেই একজন চিকিৎসক আসেন এবং এটা খুবই ব্যয়বহুল চিকিৎসা বলে জানান। ওই ডাক্তার আমাদের জানান, বিশেষ সরকারি তহবিল থেকে এ খরচ বহন করা হবে।
নিতু বলেন, ওই ওষুধ প্রয়োগের তার শাশুড়ির অসুস্থতা অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায়। এরপর ওষুধ বন্ধ করে কয়েকদিন পর তাকে হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়। এরপর মাসখানেকের মধ্যে কার্ডিয়াক অ্যারেস্টে মাত্র ৪৫ বছর বয়সে মারা যান তিনি।
নিতুর শাশুড়ির ওপর বায়োজেন আইডেক নামের একটি কোম্পানির টোনাকোফিলিন ওষুধের পরীক্ষা চালানো হয়েছিল। কিন্তু তাদেরকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তারা কেউ পড়তে পারে না এবং কোনো সম্মতি পত্রে তাদের সই নেওয়া হয়েছিল কি না সে ব্যাপারে নিতু কিছু বলতে পারেননি।
যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি বায়োজেন আইডেক পরীক্ষা চালানোর বিষয়টি স্বীকার করে বলেছে, কার্ডিয়াক অ্যারেস্টে কয়েকজনের মৃত্যুর খবর পেয়ে তারা টোনাকোফিলিনের পরীক্ষামূলক ব্যবহার বন্ধ করে দেয়। চন্দ্রকলার মৃত্যুর বিষয়ে কিছু জানে না বলে তারা জানিয়েছে।
এ রকম ভুক্তভোগীর নাম তিজুজা বাই। তার ওপর অন্য একটি কোম্পানির ওধুষের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল।
তিজুজার ছেলে নারায়ণ সুরভাইয়া জানান, মায়ের পায়ের চিকিৎসার জন্য হাসপাতালে গেলে একটি দাতব্য প্রতিষ্ঠান এই চিকিৎসার ব্যয় বহন করবে বলে জানানো হয়। ব্যবহারের কয়েক সপ্তাহ পর তার মায়ের স্বাস্থ্যের অবনতি হয় এবং তিনি হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেন।
নারায়ণ বলেন, বিষয়টি চিকিৎসককে জানালে তিনি ওষুধ বন্ধ না করার পরামর্শ দেন। তিনি বলেন, এটা সাময়িক পক্ষাঘাত, ওষুধ খেতে থাকলে অবস্থার উন্নতি হবে। এর কয়েক সপ্তাহ পরে তার মায়ের মৃত্যু হয়।
এক্ষেত্রেও ওষুধের পরীক্ষা চালানোর ব্যাপারে রাজি কি না সে বিষয়ে কোনো মতামত নেয়া হয়নি রোগীর পরিবারের কাছ থেকে।
বিবিসি বলছে, ওই হাসপাতালে কয়েকটি ব্রিটিশ ও জার্মান ওষুধ কোম্পানি অন্তত ৫৩ জন রোগীর ওপর এ ধরণের ওষুধের পরীক্ষা চালায়। এদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে। তবে ওষুধের কারণেই যে তাদের মৃত্যু হয়েছে তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না।
এদিকে মহারাজা যশোবন্ত রাও হাসাপাতালে গত সাত বছরে এক হাজার ৮৩৩টি শিশুসহ মোট তিন হাজার ৩০০ রোগীর ওপর ৭৩টি পরীক্ষা চালানো হয়। পরীক্ষা চলাকালীন সময়েই এক ডজনেরও বেশি রোগী মারা গেছেন। কিন্তু তাদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেয়া হয়নি।
হাসপাতালের নথিপত্রে দেখা যায়, ২০০৫ সাল পর্যন্ত ইনডোরে পরীক্ষা চলাকালে মারাত্মক পার্শ্ব-প্রতিক্রিয়ার ৮০টি ঘটনা নথিভুক্ত করা হয়েছিল।
রোগীদের আত্মীয়রা অনেকেই বলেছেন, হাসপাতালের চিকিৎসক ডা. অনিল ভারানির তত্ত্বাবধানে এ পরীক্ষা চলতো।
ডা. ভারানির বিরুদ্ধে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে অবৈধ সুবিধা নেয়ার এবং রোগীদের সম্মতির ছাড়াই পরীক্ষা চালানোর অভিযোগ করেছে রাজ্য সরকার।
বিবিসি প্রতিবেদক এ বিষয়ে কথা বলার জন্য হাসপাতালে তার কার্যালয়ে গেলে তিনি কথা বলতে অস্বীকার করেন। তিনি নিরপত্তা কর্মীদের ডেকে প্রতিবেদককে হাসপাতাল থেকে বের করে দেন। এর দু’ দিন পরে তাকে অন্য হাসপাতালে বদলি করে দেয়া হয়।
এসব পরীক্ষা ও রোগীর মৃত্যুর ঘটনার অনেকগুলোই গণমাধ্যমে আসে ডা. আনন্দ রাইয়ের মাধ্যমে। তিনি ওই হাসপাতালেরই একজন চিকিৎসক ছিলেন।
ডা. রাই জানান, দরিদ্র মানুষদের ওপর এ ধরণের পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
হাসপাতালের এথিক্স কমিটির প্রধান ডা. কেডি ভার্গভ স্বীকার করেন যে, ওষুধ পরীক্ষা নিয়ে হাসপাতাল যে নীতি গ্রহণ করেছিল তাতে ত্র“টি ছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালে ভারত সরকার ওষুধের পরীক্ষা চালানোর বিষয়ে আইন শিথিল করে। এরপর থেকেই বিদেশি কোম্পানিগুলো এর সুযোগ নিতে শুরু করে। গত সাত বছরে দেশটিতে এ রকম প্রায় দুই হাজার পরীক্ষা চালানো হয়। এতে ২৮৮ জনের মৃত্যু হয় ২০০৮ সালে।
২০০৭ এর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৩৭ জনে এবং ২০১০ সালে এ সংখ্যা এসে দাঁড়ায় ৬৬৮ জনে।
পরের বছর ২০১১ সালে মৃত্যুর সংখ্যা খানিকটা কমছিল। এ বছর ৪৩৮ জনকে ওষুধ পরীক্ষার বলি হতে হয়।
সূত্র।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



