
রহমত আলী যখন তার তৃতীয় বিয়েটা সেরে ফেললেন তার ঠিক আড়াই মাসের মাথায় প্রথম ঘরের স্ত্রী তার একমাত্র সন্তান জলিকে রেখে মারা যান। কেউ কেউ অবশ্য বলাবলি করে তিনি মারা যাননি, মারা হয়েছে। সে অনেক কথা। গহীন রহস্যের বেড়াজাল ।
আজ জলি'র বিয়ে। চোখে-মুখে তার রঙিন শাড়ির মতোই জ্বলজ্বল করছে রাঙা স্বপ্ন। জলি একদিন পণ করেছিল বিয়ের পর এই নরক সংসারের ত্রিসীমানায় একদিনের জন্যও পা ফেলবে না । সেই পণ নিয়েই কেঁদে কেঁদে বাবার বাড়ি ত্যাগ করলো সে।
রহমত আলী যখন মেয়েকে বিদায় জানিয়ে নিজের ঘরে ফিরে এলেন তখন খেয়াল করলেন ঘরের একটা দেয়াল ফাঁকা ফাঁকা লাগছে। তিনি কিঞ্চিত চমকে উঠলেন।পরমুহূর্তে একটু স্বস্তি পেলেন। ওহ্.. তাহলে এটা জলি'র কাজ !
জলি'র মায়ের ছবি।ঐ দেয়ালটাতে টাঙানো ছিল। ছয় বাই পাঁচ ইঞ্চির ফ্রেম। অস্পষ্ট। সাদাকালো।
রহমত আলী ঠোঁট বাঁকা করে হাসলেন। সমাজের দৃষ্টি এড়িয়ে এতদিন তিনি যে ছবিটা নামাতে সাহস করেননি তা আজ তার অজান্তেই নেমে গেল বলে !!
ছবি-গুগল
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


