ড়তে (আমরাও ফার্স্ট ইয়ারে থাকতে বড় ভাইদের দেখেছি হল দখলের পাশাপাশি আমাদের বান্ধবীদের দখল করতে, এবার আমাদের পালা)।
আমরা সাত বন্ধু। সাত কোয়া মিলে যেন একটা রসুন। চিন্তাচেতনা, ভাবভঙ্গি_সবই এক। কেউ তখনো প্রেমে পড়িনি (আসলে কেউ আমাদের প্রেমে পড়েনি)। সাত বন্ধুর স্বপ্ন যেন একই সূত্রে গাঁথা। তবে এর মধ্যে এম এ ওয়াহাব ফেরদৌস আর আমি ছিলাম সাপে-নেউলে সম্পর্কের। একজন আরেকজনকে না দেখলে ছটফট করতাম, আবার দেখা হলে শুরু হতো কথার রেসলিং। কে কাকে ছোট করব, কাকে খুঁচিয়ে ঝাঁজরা করব_এই প্রতিযোগিতা। অন্যরাও মজা লোটার জন্য আমাদের জ্বলন্ত অগি্নতে ঘি ঢালত সুযোগ পেলেই।
একদিন আমি আবিষ্কার করে ফেললাম, 'এম এ ওয়াহাব' ওর মা-বাবার দেওয়া নাম। নামটি বড্ড সেকেলে বিবেচনা করে ও নিজেই কোনো প্রকার আকিকা ছাড়াই হার্টথ্রব হিরো ফেরদৌসের নাম চুরি করে তার নামের শেষে সংযোগ করেছে। আর যায় কোথায়! আমি ওর নাম বিকৃতি করে বানিয়ে দিলাম 'ফেদু'। নাম বিকৃতি করায় আমার সুনাম আবার কলেজব্যাপী। রাতারাতি ও হয়ে গেল আমাদের 'ফেদু' আর জুনিয়রদের ফেদু ভাই (যদিও জুনিয়ররা সামনে বলতে পারত না, সিনিয়র বলে কথা)!
প্রতিশোধস্বরূপ ফেদুও আমার একটা নাম দিয়ে দিল (আপনারাও জেনে যাবেন বিধায় বলা যাবে না।)। একদিন কোকিল ডাকা ভোরে বন্ধু আতিক আর সাইফুল জানাল_ফেদু তো শেষ, পুরা ভ্যানিশ। কী হয়েছে? ওর হার্টের চেম্বার ব্লকড হয়ে গেছে। আর ওই ব্লক নাকি ফার্মেসি ফার্স্ব ইয়ারের চপলা হরিণী 'ইতি' ছাড়া খুলবে না।
কিছুক্ষণের মধ্যেই টের পেলাম ঘটনা সত্য! ফেরদৌস এসে আমার গায়ে ঝাঁপিয়ে পড়ল। দোস্ত, তুই ছাড়া ক্যাম্পাসে আমার আপন বলতে কেউ নেই। ইতিকে না পেলে আমার জীবন খুরমা হয়ে যাবে। আমি ড্রাগ আর মেডিসিন সব এক করে ফেলব।
আমরা বাঁদরামিতে অগ্রভাগে থাকলেও সবাই ছিলাম গার্লস নেগেটিভ। মেয়ে দেখলে ওই পথই মাড়াতাম না। আমিই শুধু একটু-আধটু হাই-হ্যালো চালাতাম। সুতরাং ইতিকে প্রপোজ করানোর মহান দায়িত্ব পড়ল আমার ঘাড়েই। রুদ্ধদ্বার বৈঠকে সবাই মাস্টারপ্ল্যান উপস্থাপন করছে। অবশেষে সম্মিলিত সিদ্ধান্ত হলো, প্রাগৈতিহাসিক যুগের মতোই রক্ত দিয়ে চিঠি লেখা হবে। আর রক্তের জোগানদাতা হোক প্যাথলজি বিভাগের সাইফুল। কিন্তু বেঁকে বসল সাইফুল। একজন রোগীর মূল্যবান রক্ত নিয়ে এমন ছলচাতুরীর খেলা সে কিছুতেই খেলবে না, খেলতে দেবেও না। আমাদের কেউ কেউ সাইফুলের এত ভালো হয়ে যাওয়ার পেছনের রহস্য খুঁজে পেয়েছিল। আসলে সাইফুলের আর কী দোষ! ইতিকে যে দেখে সে-ই প্রেমে পড়ে যায়।
রক্ত জোগানোর সহজ উৎসটা বন্ধ হয়ে যাওয়ায় মারাত্মক বিপর্যয়ে পড়ে গেল ফেদু। সবার দৃষ্টি এবার আমার দিকে, ভাবখানা এমন যে আমার হাত কেটে রক্ত নেবে। পরিস্থিতির ভয়াবহতা টের পেয়ে আমি একটু ঝেড়ে কাশলাম।
_আরে তোরা এত ভেঙে পড়ছিস কেন? সামনেই তো কোরবানির ঈদ। আমাদের বাড়িতে খাসি কোরবানি হয়, রক্তের অভাব হবে না। আমি ম্যানেজ করে নেব।
_তাই বলে খাসির রক্ত? ফেদু মিনমিন করে বলল।
_আরে বেটা, তোর আর ছাগলের মাঝে তো খুব বেশি তফাত নেই।
রবীন্দ্রনাথ, নজরুল, শরৎ বাবুদের বই ঘেঁটে দুর্বোধ্য কিছু শব্দ জোড়াতালি দিয়ে ছাগলের রক্তে লিখে ফেললাম জীবনের প্রথম 'লাভ লেটার', ফেদু ভাইয়ের জন্য। ঈদের পর প্রথম ক্লাসের দিনেই প্র্যাকটিক্যাল রুমে 'রক্ত-পত্র'খানা হস্তান্তর করা হলো ইতির কাছে। ইতি চিঠি নিয়ে চলে গেল সোজা ওয়াশ রুশে। নিরিবিলি চিঠি পড়ে চোখের জল মুছতে মুছতে বের হলো মিনিট পাঁচেক পর। আমার লেখা বুলেট যে ইতির কোমল হৃদয় দুমড়ে-মুচড়ে দিয়েছে, কোনো সন্দেহ নেই। ইতি সরাসরি এসে দাঁড়াল আমার সামনে।
_ভাইয়া, ফেরদৌস ভাই আমাকে এত্তো ভালোবাসে? হাত কেটে কেন চিঠি লিখল? এমনি লিখলে কি হতো না?
_সেটা তো ও-ই ভালো জানে।
_আমাকে উনার কাছে নিয়ে চলুন। আমি নিজ হাতে উনার কাটা হাত ড্রেসিং করে ব্যান্ডেজ বেঁধে দেব।
শুনে তো আমার ঘাম ছুটে গেল! সেরেছে! এবার তো ধরা খেয়ে যাব। ওদিকে আমার হাত ধরে টানতে শুরু করল ইতি। উদ্দেশ, আমাদের আড্ডাস্থল 'ডেন্টাল পার্ক'_যেখানে তার প্রেমিক পুরুষ বন্ধুদের আবদার মেটাচ্ছে।
একটা ঘোরের মধ্যে ইতির পেছন পেছন হাঁটছি আর আতিককে ফোন করে যাচ্ছি। ফোন ধরলে বলে দেব ফেরদৌসের হাতটা পারলে একটু কেটে রাখিস, বেচারি বড় আশা করে ড্রেসিং করতে যাচ্ছে। তা ছাড়া 'দুনম্বরি' ধরা পড়লে ইজ্জত লিক হতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু আতিক শালাটা ফোন ধরছে না। কখনোই ইমার্জেন্সি টাইমে ফোন ধরে না। ফলাফল যা হওয়ার তা-ই হলো। ফেইক চিঠির জারিজুরি ধরা পড়ে গেল ইতির কাছে। ধরা পড়ে গেলাম আমরাও।
তারপর কী হলো? সে এক বিরাট ইতিহাস! ক্যাম্পাসে আমাদের মুখ দেখানোই দায়। আর হেল্থ টেকনোলজির ছোট ক্যাম্পাস জীবনে প্রেম আমাদের কাছে অধরাই থেকে গেল!
-মুহাম্মাদ আসাদুল্লাহ্
ঘোড়ার ডিম
দৈনিক কালের কন্ঠ
০৪/১১/২০১২
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


