অনিন্দিতা চিঠি লিখতে জানতো। অনিন্দিতার চিঠিগুলো ছিলো দৈনন্দিন খেরোখাতা। তার কখন কষ্ট হচ্ছে, কখন সে হাসছে, কখন খাচ্ছে কিংবা ঘুমাচ্ছে, কখন মা বকছে, লোডশেডিং হচ্ছে!
অনিন্দিতা একবার শতপাতার চিঠি লিখেছিলো। চিঠিতে কিছু লেখা ছিলো না। কিছু না লিখেও শতপাতার চিঠি লেখা যায়, এটা অনিন্দিতার পক্ষেই সম্ভব ছিলো।
আমি অনিন্দিতার কাছেই চিঠি লেখার কলাকৌশল শিখেছি।
*
কবিতাবন্ধু,
ভালো থাকিস।
ইতি,
হিয়াবাসিনী।
কবিতাবন্ধু ও হিয়াবাসিনীর গল্পের সাথে অনিন্দিতার গল্পের কোনো দৃশ্যত মিল থাকতো না, যদি 'হিয়াবাসিনী' সম্বোধনে একটা চিঠি লেখা না হত!
অনিন্দিতার কাছে শেখা কলাকৌশলের প্রয়োগেই হিয়াবাসিনীর কাছে চিঠিটা লেখা হয়েছিল।
*
হিয়াবাসিনী অনিন্দিতাকে ঘৃণা করে। অনিন্দিতা কবিতাবন্ধুকে ঘৃণা করে। হিয়াবাসিনী কবিতাবন্ধুকে ভালোবাসে। কাব্য হিয়াবাসিনীকে ভালোবাসে।
হিয়াবাসিনী কবিতাবন্ধুর চিরন্তন ভালোবাসা।
অনিন্দিতা কবিতাবন্ধুর চিরন্তন প্রেম।
প্রেম আর ভালোবাসার মধ্যে মৌলিক তফাত কী!
*
অনিন্দিতার জোছনার অসুখ ছিল। বৃষ্টির অসুখ ছিল। সে আমাকে শিখিয়েছিলো, প্রখর রোদে আকাশ দেখার কৌশল। আমি তার কৌশলে কৌশলী হয়ে হিয়াবাসিনীকে আকাশ দেখাই।
হিয়াবাসিনীর আকাশে ঝুলে থাকে কাব্য। কাব্য কবিতা জানে না। প্রেম জানে।
প্রেম জানা মানুষের কবিতা না জানা কী অপরাধ?
কাব্য খুব সম্ভবত অপরাধী।
*
-'তোমার হাত ... তুমি ... সুন্দর!'
কাব্য প্রেম আউড়ায়। আমি আড়াল থেকে আগ্রহ নিয়ে শুনি। শুনতে শুনতে আমি লিখে ফেলি তের অংকের আড়াল।
আর হিয়াবাসিনীর হাত থেকে একটা পাখি উড়ে ঊড়ে বসে অনিন্দিতার রেলিঙে। সেখানে অনিন্দিতার শাড়ি রোদে পুড়ে। কালো শাড়িতে কালো সুতার কাজ। সুতার ভাঁজে লেখা আছে বিস্মৃত ইতিহাস।
যারা বলে, ইতিহাস কথা বলে, তারা নিশ্চিত ভুল বলে।
*
অনিন্দিতার ঠোঁটের মানচিত্র আমি জানি। জানি তার প্রতিটা মুখোশের হিসাব। আমি কেবল জানতে পারিনি, বদলে যাবার সমীকরণ। প্রতিটা চলকের কাছে বিভ্রান্ত পরাজয়ে আমি মাথা নুয়ে থাকি আগামীর কথা ভেবে। জানি, আগামী আর আসবে না। তবুও অপেক্ষা শ্রীযুক্ত!
কাব্য কী জানে হিয়াবাসিনীর মানচিত্র? ভালোবাসলে মানচিত্র জানার প্রয়োজন নেই। কিন্তু প্রেমে অত্যাবশ্যক। প্রেম মানচিত্র মানে। জিতে। হারে।
*
অনিন্দিতার গল্প জানে হিয়াবাসিনী। হিয়াবাসিনীর গল্প জানে কাব্য। কাব্যের গল্প জানে কবিতাবন্ধু। কবিতাবন্ধুর গল্প জানে অনিন্দিতা।
কিন্তু অনিন্দিতা হিয়াবাসিনীর গল্প জানে না। অনিন্দিতা হিয়াবাসিনীর গল্প জানার যোগ্যতা রাখে না।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




