যে দেয়ালে হেঁটে যেত টিকটিকি আর টিক টিক ঘড়িদৌড়
ইতিহাস ঘেঁটে দেখি সতেরো শো সাতষট্টি দিনের কালিঝুলি
জমে জমে ম্যুরাল!
যারা নির্মাণ করে ইমারত, তারাই ভাঙে পলেস্তারা
নির্মাণে-ভাঙনে একই ঘামের স্রোত অথচ অর্থগত তফাত
পলেস্তারা ভেঙে ম্যুরাল, ম্যুরাল ভেঙে জীবন, জীবন ভেঙে পরাজয়!
পরাজয়ের নাম রোদ হয়ে গেলে অথবা বৃষ্টি হয়ে গেলে
উঠে আসে কালিবাউসেরা
সারি সারি, একা একা, সারি সারি
তারপর শ্রমিকের ঘাটে ঘাটে নোঙর ফেলে রাখে ডিম
কালিবাউসের কোনো ইতিহাস থাকে না তবু ডিম রেখে যায়
রোদের নাম পরাজয় আর ঝরে ঝরে পড়ে ডিমে ডিমে
ম্যুরাল ভেঙে তুমি আমি আবারো একাকার
যে স্পর্শে শেষ, সেই স্পর্শেই শুরু আর রোদের তেজ বাড়ে
কালিবাউস ফিরে যায়, শ্রমিকেরা ফিরে যায়
কেবল রোদের ভেতর ঘাম ঝরায় কালিবাউসের ডিম।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




