
আমি যখন সামহোয়্যার ইন-এ লেখা শুরু করি, তার সামান্য কিছুদিন আগে এই ব্লগটা যাত্রা শুরু করেছিল। শুরুর দিকে সামহোয়্যার ইন ছিল দমকা হাওয়ার মত। অনলাইনে বাংলা ভাষায় লিখতে পারার এই সুযোগ আমার মত অনেককেই উচ্ছল করে দিয়েছিল। তুমুল আবেগে রেজিস্ট্রেশন করা কয়েকটি আইডি সবেগে তার প্রমাণ রেখে চলছিল।
কিন্তু, সেই নতুন তারুণ্যের দিনগুলো এখন ধুসর। অফিসের কর্মব্যস্ততা দাত মুখ খিচিয়ে দখল করে নিয়েছে লেখার সময়গুলো। রেজিস্ট্রেশন করা আইডিগুলোও তাই এর, তার দখলে চলে গেছে। যদ্দুর মনে পড়ে, আমার রেজিস্ট্রেশন করা সবচে পুরোনো আইডিটা এখন ব্যবহার করছে মানবজমিনের মাসুদ।
আমার কাছে টিকে আছে এই একটাই, ‘পদ্মপুকুর’।
শুরুর দিকে হয়ত এখনকার মত পরিমানে এত বেশি ব্লগার ছিল না। মিনিটে মিনিটে লেখা পড়ত না। তবে সে সময় ব্লগটা খুব তারা ঝলমলে ছিল। এমন সব লেখা আসতো যে মনিটর থেকে চোখ সরানো অসম্ভবই ছিল! আরিফ জেবতিকের সেই যে সিআরপি এবং ভেলরি টেইলরকে নিয়ে লেখাটাতো একটা আন্দোলনই শুরু করে দিয়েছিল।
আর আমি এই ব্লগের প্রেমে পড়েছিলাম ব্রাত্য রাইসুর একটা লেখায় পেইজ ফ্লেক্স এর কান্ট্রি ডিরেকটর ও ব্রাত্য রাইসুর কমেন্ট ও পাল্টা কমেন্ট দেখে।
নতুন রেজিস্ট্রেশন করা আমি এই সব দুঁদে লেখকদের লেখা দেখতাম, পড়তাম। অল্প স্বল্প লিখতেও পারতাম। বাঁ পাশের প্যানেলে উপরদিকের নামগুলো দেখতাম, পুরোনো ব্লগারদের নাম ওখানে উপরের দিকে থাকে। মনে মনে আশা করতাম আমার নামও লিস্টের উপর দিকে থাকবে এক সময়।
আজ এই এতদিন পর যখনই ব্লগে লগ ইন করি, দেখি যে আমার নামটা উপরের তিন চারজনের মধ্যেই থাকে। কখনও কখনও সবার উপরে। কিন্তু প্রথম হওয়ার এই অনুভূতি একদমই সুখকর নয়। খুব মিস করি সেই সব ব্লগারদের, যাদের দেখেই এখানে এসেছিলাম।
এখন শুধু নিঃসঙ্গ শেরপার মত নিজের আইডিটার দিকে তাকিয়ে থাকি।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



