তিরিশে সেপ্টেম্বর, ফিরে ফিরে আসে ...
তোমার মুখের দিকে তাকিয়ে থেকেছি যত সন্ধ্যার মৌন অন্ধকারে
জ্যোৎস্নার স্মিত ঘ্রাণে ভেসে গেছে শিহরিত ভুবন আমার___
নিখিল বাঙলার এই ধূলিগ্রস্ত পথে___ কত মাঠ, নদী, বন,
পাহাড় ডিঙিয়ে___ তবু সেই মুখখানি কল্পনায় আঁকি___
এই পৃথিবীতে যারা তোমার মতন মুখে আজও বেঁচে আছে___
তারা অত জ্যোৎস্নাময়ী নয়; তাই বুঝি ক্লান্তি নেমে আসে
আমার লোহিত চোখে___ আমার ভুবনভরা নিবিড় কান্নায়___
আজও সেই সন্ধ্যাগুলি যূথবদ্ধ জোনাকির গান হয়ে বাজে
একটি স্ফটিক মুখ___ একটি হীরকহাসি___ এপ্রিলের মুগ্ধ সন্ধ্যাবেলা
জীবনের কত গল্প লিখে রেখে গেছে! অবশেষে
আমি তা জেনেছি___ আমার মতই অই এপ্রিলের চাঁদও
সেপ্টেম্বরে এতিম হয়েছে; আজও তাই পূর্ণিমা ফ্যাকাশে___
কান্ত, ম্লান। তবু এক রিনিঝিনি সান্ধ্যসংগীতে
আমি আর স্মৃতিজ চন্দ্রিমা___ এক হয়ে হেঁটে গেছি,
হেঁটে যাবো___ চন্দ্রহারা জ্যোৎস্নার অন্তহীন মাঠে___
তোমার বিভূতিমুখ, নক্ষত্রনেত্রের হাসি জ্বেলে জ্বেলে
তৃতীয় দুনিয়াব্যাপী; সার্বভৌম দুঃখ আর যন্ত্রণার দিকে দিকে
লবণাক্ত জীবনের প্লাবিত প্রান্তরে___ হেঁটে হেঁটে ...
ক্লান্ত___ ম্লান___ বৃদ্ধ হয়ে যাবো___
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


