পাথরপ্রবাহ
=======
অথচ ভাস্কর নই; অন্তঃসলিলা হে, প্রকাণ্ড ও প্রকাশ্য পাথর,
তোমার শরীর কেটে কী বিমূর্ত ভাস্কর্য গড়েছি! আর অন্তরালে
পরিত্যক্ত টুকরোগুলি দুই হাতে তুলে___ সুরক্ষিত করি
এই কৃষ্ণধ্বনি বাসনাসকল... স্থিতিগর্ভ বস্তুতই গতির স্ফূরণ পুষে থাকে;
এতো গতি কার কাছে শিখেছিলে? কবিতার মতো আর্দ্র-ঘনশীল,
ও কুমারী নদী, সর্বনাশা বেগে ধেয়ে চলো, প্রপূর্ণ হে পাথরপ্রবাহ!
অবিরাম নৃত্যরতা প্রযত্ন-সুন্দর জল... তবে এর কোনখানে হাত রেখে
কোন ঢেউ আলতো ছুঁয়ে দেখি? গঠনবিচ্যুত হ'লে
আন্তরিক হাহাকারে আমিই জড়াবো কিনা শেষে; ভেবে দেখা
এহেতু জরুরী যে, এমন বিহিত জল বিপ্রতীপ চোখেরই
নেপথ্যে জন্মেছিলো; অধিক নিশ্চিত রূপে বলা যায় আজ।
অতএব, সবুজ পত্রালি ছিঁড়ে স্বমেহন কষে লেপ্টে যাই...
আমারই শরীরে তোর জন্ম হয়েছিল বুঝি? ও পাথারউপমা-সুন্দরী,
আয়, তা হ'লে রোদেলা মাঠে___ প্রাণান্ত বিচ্ছেদ এঁকে
অবিচ্ছিন্ন শুয়ে থাকি ঐকিক পাথর... অপূর্ণ আধাঁরে তবু
হাতের তালুতে আঁকা প্রিয় প্রিয় পাথরের লাল___ সর্বসম বেদনায়
কেঁপে কেঁপে কেঁদে উঠেছিলো; এইটুকু শোকচিহ্ন সুখধ্বনি হ'য়ে
কবিতার সত্যে বেঁচে থাক... আয়, অন্তর বাজিয়ে বলি, উলুধ্বনি,
লৌকিক সৌন্দর্যে ভেজা ওগো গান, আমাদেরই সফল শীৎকারে বেজে ওঠো! ঝরলে, প্রচুর রাতে আকাশেরই কিছু তারা টুপটাপ খ'সে-ঝ'রে যাক!
নিপুণ আলোর খোঁজে নক্ষত্রের দিকে আর কোনওদিনও চোখ বাড়াবো না;
একদিন হাতেরই উষ্ণতা থেকে এইভাবে নক্ষত্রের জন্ম হয়েছিলো
আলো আর আঁধারের যৌথ প্রয়োজনে...
তথাপি___ আগুন সত্য, ঈদৃশ বিশ্বাসে
প্রাচীন পাথরযুগ ফিরে এলো মুহূর্ত বিস্ময়ে; প্রযোজনা ব্যতীতই
আমাদের সংঘর্ষণে অগ্নিযুগ তৈরি হ'তে পারে...
আগুন সভ্যতা ফের ফিরে ফিরে আসুক হৃদয়ে!
এসো, যৌথ বেজে উঠি ব্যবচ্ছেদ ও ঘর্ষণের গান
আমার ভাস্কর্যকলা ও তোমার পাথরপ্রবাহ___
অসীমিত দূরে আর অধিক নিকটে বহমান...
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




