সারারাত ঝাঁক ঝাঁক ধলাহাঁস উড়ে যাচ্ছে দক্ষিণের দিকে
এখন, এমনকি, গাছেরাও পরিশ্রান্ত। দেখতে পাচ্ছি:
হাড়হাড্ডিচামড়াসহ বাঁক নিয়ে ঝুঁকে পড়ছে সূক্ষ্ণ বাতাসে
ঋজু ও বলিষ্ঠ ছিলো, এইসব গাছপালা, বেঁচে ছিলো
অনুকূল ঋতুর আশ্রমে; এখন বিশ্রাম নিচ্ছে
বেঁচে থাকা মানে শুধু একঘেঁয়ে গতি নয়, ধারাবাহিকতা নয়
প্রতিটি মুহূর্তে তার শুরু আছে, নিত্য-নতুন শুরু
প্রত্যেকেই শুরু করে। প্রত্যেকেই অপ্রতিরোধ্যভাবে গতিশীল
বর্ধিত গন্তব্য ছুঁতে চায়, স্বপ্নে ও গন্তব্যে চায়
প্রভেদবিহীন সম্মেলন। বিনাশ ও যবনিকা ছুঁয়ে
পরিশেষে সকলেই ব্যর্থঋষি, ধলাহাঁসও দিগন্তে মিলায়
দেখতে পাচ্ছি: বৃক্ষগুলো প্রবর্ধিত হতে হতে অন্তিমে দৌড়ায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




