
শহীদুল ইসলাম প্রামানিক
বিয়ের পরে নতুন বউকে
শ্বাশুরী বলল ডেকে,
“স্বামীর ঘরই দোজখ-বেহেস্ত
ভাববে আজি থেকে।”
“স্বামীর খাবার আগে দিবে
তুমি খাবে পাছে
সবার খাওয়ার পরেই খাবে
যদি কিছু বাঁচে”।
কথা শুনে খুশিই হলাম
ভালো উপদেশ বটে
বউয়ের দ্বারা এমন ঘটনা
হামেশাই যেন ঘটে।
খুশির চোটে বাজার থেকে
আনলাম ইলিশ মাছ
খাওয়ার জন্য তর সইছে না
করতেছি আচকাছ।
বারে বারে উঁকি দেয়ায়
বলল গিন্নী ডেকে,
স্নান করে দাওয়ায় বসো
রোদে পিঠটা রেখে।
স্নান শেষে বসে আছি
ডাকছে না তো বউ
ইলিশ রান্নার পাচ্ছি ঘ্রান
গন্ধটা মউ মউ।
পায়ে পায়ে এগিয়ে গেলাম
রান্না ঘরের কাছে
উঁকি দিতেই থমকে গেলাম
কামড় দিয়েছে মাছে।
বললাম তখন বউকে আমি
খুবই ডরে ডরে,
“তোমার মা না বলে দিয়েছে
খাবে সবার পরে”?
খেতে খেতে বলল বউয়ে
চামুচ গামলায় রেখে,
“খাচ্ছি না গো মাছের ঝোলটা
দেখছি শুধু চেখে”।
হাঁড়ির ভিতর তাকিয়ে দেখি
অর্ধেক মাছ নাই
তারপরেতেও বলছে বউয়ে
মাছ নাকি খায় নাই।
যেই বধুটি ঝোল চাখতেই
অর্ধেক মাছ খায়
তার সাথে ভাই যুক্তি তর্কে
আর কি পারা যায়?
মনে মনে বললাম শুধু
নারীরা তো বেশ
মাছের মতই জীবনটা মোর
চাখতে চাখতেই শেষ।
(ছবি গোগুল)
(সম্মানিত বোনেরা, আপনারা আবার আমারে ভুল বুঝবেন না এটা শুধু আমার গিন্নীর জন্য লেখা, সব মহিলার জন্য নয়।)
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




