এই সময়ে স্রোতের উলটো দিকে হাঁটছি আমরা তিনজন,জেলখানার পাশের রাস্তাটা ধরে। একঝাঁক কাক উড়ে যাছে ডুবে যাওয়া সূর্যের দিকে; তা দেখে চশমার কাঁচ মূছে নিল একটা ছায়া। লাস্যরত এক যুগলকে দেখে দীর্ঘশ্বাস ফেললাম আমরা। নিয়মিত পাগলটা মোড়ে দাঁড়িয়ে, বোধহয় অভিশাপ দিচ্ছে দুর্বল শব্দগুলোকে। আমাদের চারপাশে সিগারেটের ধোঁয়ায় ঘুরপাক খাচ্ছে জীবনান্দ দাশের ভূত। বেসুরে বেতালে গুনগুন করে যাচ্ছি অসহায় একটা গান। ঠিক তখন কৈশোরের জন্মলগ্ন থেকে অস্তিত্বে প্রলেপ দিতে থাকা নদীটা আমাদের স্বচ্ছন্দে ডাক দিলে......
দূরে কোথাও অলক্ষ্যে শিউরে ওঠে একটা পায়ের ছাপ;
আমরা প্রত্যেকে হয়ে যাই অনিশ্চিত ভাবুক;
মুখ টিপে হাসে হলদে কামিজ আর এলো চুলের কেউ
আর বুকের বাঁ পাশে ভীষণ আলোড়ন তোলে;
পুরোনো পাঁচিলটার উপর অবয়ব মেলায়
বিক্ষিপ্ত কয়েকটা ফোঁটা;
আসন্ন রাত্রিটা আরো নির্ঘুম হয়ে যায়;
নরম বাতাস অপার্থিব গল্প শোনায় নদী আর জোছনার;
আমরা তিনজন পা বাড়াই ...
আর ঘোলা জলে উপাখ্যান লেখে শ্যাওলা ধরা শহুরে রাত।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


