বাবার সাথে কেন জানিনা আমার
সম্পর্কটা কোনদিনই ঠিক বন্ধুত্বপূর্ণ
হয়ে উঠে নি বরং অনেকাংশেই বিরোধ পূর্ণ। আমার
বাবা আর আমার মতের মিল হয় না বললেই চলে।
উনি পূর্বে তো আমি পশ্চিমে,
উনি ডানে তো আমি বামে। মাঝে মাঝে মনে হত
অন্যদের বাবা কত ভাল, একেবারে বন্ধুর মত। আর
আমার বাবাটা একদমই ভাল না। আজ এই বাবাটাই
আমার সব। আমার ক্যারিয়ার নিয়ে আমার
চেয়ে বেশি ভাবে আমার এই খারাপ বাবাটা। জীবনের
বাস্তবতাগুলো চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দেয়
আমার এই খারাপ বাবাটা। আমার কম খাওয়া,
না খাওয়া নিয়ে আমার এই খারাপ বাবাটার চিন্তার
শেষ নেই। বাসায় আসার জন্য ফোন করে অস্থির
করে তোলে আমার এই খারাপ বাবাটা। মাসটা শেষ
হলেই আমার বেতনটা ঠিকই হাতে তুলে দেয় আমার এই
খারাপ বাবাটা। আমার বাবাটা আসলেই অনেক খারাপ,
রাগটা অনেক বেশি। এবার বাসা থেকে আসার সময়ও
রাগারাগি হয়েছে। আমি ঠিকই আমার
রাগটা ধরে রেখে ফোন করিনি কিন্তু
বাবা থাকতে পারেনি। ফোন করেই
জানতে চেয়েছে "ভাল আছ? খেয়েছ?। "বাবা,
স্বার্থপরের মত শুধু নিয়েই যাচ্ছি, কখনও কিচ্ছু
ফেরত দিতে পারিনি। হয়ত কোনদিন পারবও না।
কোনদিনও মুখ ফুটে বলতে পারিনি, আজ
বলছি "অনেক ভালবাসি তোমায় বাবা,
অনেক ...যতটা ভালবাসা যায় তার থেকেও অনেক
বেশি। তুমি এতটা খারাপ বলেই হয়ত
তোমাকে এতটা ভালবাসি। বাবা, প্রার্থনা করি যেন
তোমার কবরে আমার মাটি দিতে না হয়, তুমিই যেন
আমার কবরে মাটি দিতে পার। জানি তোমার
কষ্টটা এতে বেশিই হবে, কিন্তু তুমি তো জানই
আমি একটু স্বার্থপরই। বাবা, তোমার কি কোনদিন
বিশ্বাস হবে আমি তোমার জন্য কাঁদতে পারি?
জানি হবে না। তোমার চিরকালের বিরোধী তোমার
জন্য কাঁদবে, এটা অবিশ্বাস্যই। কিন্তু বিশ্বাস কর
বাবা, সত্যি বলছি...এই কথাগুলো লিখছি আর
অঝোর ধারায় কাঁদছি আমি।
কি বোকা আমি ...তাইনা বাবা?তোমার মত খারাপ
বাবার জন্য আমি কাঁদছি। কি লজ্জা!!! থাক আর
কাঁদব না। শুভকামনা রইল তোমার জন্য, ভাল থেক
আর পারলে আমায় ক্ষমা করো।"আমার এই খারাপ
বাবাটার জন্য সবাই একটু দোয়া করবেন।
.....................
(বাস্তবে আমার বাবার সাথে শুধু প্রথম ৪ লাইন
এর মিল আছে। তবে উনি খুব ভালো মানুষ......)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





