কবি, শেষবার কবে একত্রিত ছিলাম আমরা? আমার ঠিক মনে নেই
হয়তো আপনারও মনে নেই
তবে সম্ভবতো স্কুলজীবনের শেষে আমাদের
তেমন একটা একত্রিত হওয়ার সুযোগ আর হয়নি।
মাঝখানের এই সময়টাতে আপনি বড় বেশি সচেতন ছিলেন
আপনার ভবিষ্যৎ চিন্তা নিয়ে
আপনার শিক্ষার বিষয়বস্তুও ছিল সেটা।
অবশেষে, পুঁথিগত সেই শিক্ষাকেই পুঁজি করে একদিন আপনি
শুদ্ধ ভবিষ্যৎ হাতরানোর যুদ্ধে নামলেন।
কেমন ভবিষ্যৎ ছিল সেটা?
হয়তো আপনার মনে নেই কিংবা মনে করতে চাননা।
দাড়ান! মনে করিয়ে দেই-
আপনি সে সময়ে ব্যস্ত ছিলেন (অনান্যদের মতোই) মুক্তবাজার অর্থনীতির নামে মানুষকে হত্যা করে তাঁর দেহকে নিলামে নিলামে তোলার যুদ্ধে।
না, মানুষ হত্যা আপনি করতে পারেননি
সে যোগ্যতাও আপনার ছিলনা
সারাটা ক্ষণ আপনি শুধু দৌড়ে পালিয়েছেন যাতে
অন্য প্রতিযোগিরা আপনাকে হত্যা না করতে পারে।
কবি, দৌড়াতে দৌড়াতে আপনি এখন ক্লান্ত
হ্যাঁ, আপনি স্বীকার না করলেও আমি বুঝি আপনি বড্ড ক্লান্ত।
কবি, জীবনের এই যোগ-বিয়োগ, এই অর্থনীতির মারপ্যাচ আর
এর বিনিময়ে উৎপন্ন ক্লান্তি দূরে ফেলে
আসুন আমরা পুনরায় একত্রিত হই;
একত্রিত হই ঠিক আগের মতন
যেমন একত্রিত হতাম শৈশবের কালিপুজাতে
শবেবরাতের মরিচাবাতি ফুটানো রাতে কিংবা স্কুলের টিফিনে।
কবি, আসুন আবার শিশু হই।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




