
বিষাদের সাথে
করি নির্বিকার বসবাস।
ইদানিং জীবনের প্রতি
আমার কোনো আগ্রহ নেই।
আমার কোনো আগ্রহ নেই
নিপুণ সাংবাদিকের চমকপ্রদ গোছানো খবরে
দক্ষ রাজনীতিকের তুখোড় ভাষণে।
হঠাৎ পাওয়া জীবনের নতুন কোনো দর্শনে
আমার কোনো আগ্রহ নেই।
প্রিয় কবির অমর কোনো জ্বলজ্বলে পংক্তিমালা
কোনো রূপসী নারীর গাঢ় মদির আঁখি
নিঃশব্দ নিশীথে বেহালায় রবীন্দ্রনাথের মোহন সংগীত
হৃদয়ে আগের মতো জাগায় না আলোড়ন।
মনে হয় সব যেন বৃথা আয়োজন।
তাই
অবিকার করি বাস
বিষাদের সাথে একাকী আঁধারে।
তবুও হঠাৎ
জীবনের মোহ জাগে যদি
জীবনের খোঁজে যদি বের হই পথে
অজস্র ঘৃণার কাঁটা
পদতলে বিঁধে টের পাই।
অজস্র জীবন ছুটে আসে
আমার কপালে আঁটে অক্ষমতার পোস্টার।
তাই
ইদানিং জীবনের প্রতি আমার কোনো আগ্রহ নেই।
তবুও জীবন
বয়ে চলি মুটেদের মতো ।
তবুও নিয়ম
মেনে দেহ করি নাড়াচাড়া
জীবন পাহারা দেই প্রভুভক্ত কুকুরের মতো ।
তবুও কুকুর নই
কুকুরেও করে প্রতিবাদ।
প্রতিবাদহীন আমি
নিঃশব্দ বসবাস আমার
একাকী আঁধারে
অক্ষম অপবাদের গৃহে
চোখ কান বন্ধ করে শূন্যে উঠিয়ে পা।
( গ্রন্থ – আমি কোনো কবিতা লিখি না )
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



