
দিন বদলের গান
আমাদের মহান রাজনীতিকদের শাশ্বত সংগীত।
যখনই যে থাকে ক্ষমতার মসনদে
তখনই সে গেয়ে চলে দিন বদলের গান।
তাদের নিঃশ্বাসে যদিও মিশে থাকে রক্তের ঘ্রাণ
তাদের আঙুলে যদিও লেগে থাকে পোড়া বারুদের গন্ধ
তাদের শরীরে নিপুণ ভঙ্গিতে যদিও নাচে হিটলার
তবু তারা বার বার উচ্চস্বরে গেয়ে যায় দিন বদলের গান।
সেই গান শুনে কেউ আহ্লাদে হাততালি দেয়
কেউ আড়ালে আবডালে গালি দেয়।
তারা হাততালিটাই দেখে শুধু
গালি শুনলেও ভ্রুক্ষেপ করে না।
কেউ কেউ আক্ষেপের সুরে বলে ওরা গানের মর্ম বোঝে না।
কেউ কেউ জোর করে গান শোনায়।
জনসাধারণের মন বারুদের গন্ধে ভীত
কখন পোড়ে ঘরবাড়ি।
পোড়া ঘরবাড়িতে কখন ঢুকে যাবে
পাশের জঙ্গলে ঘাপটি মেরে থাকা ধূর্ত শেয়াল।
খোয়ার উজাড় করে সমস্বরে ডাকবে বসে
নিকনো উঠোন জুড়ে।
হয়তো তখনো বাগানে বসে
আমাদের রাজনীতিকেরা গাইবে
আয়েশি ভঙ্গিতে মন ভোলানোর দিন বদলের গান।
( গ্রন্থ – আমি তো সুখ চাইতেই পারি )
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



