দুপুরের দিকে আজ এয়ারপোর্ট গেছিলাম এক আত্মীয় দেশের বাইরে যাবে তাকে বিদায় জানাইতে, গিয়ে দেখি বিমান ৫ ঘন্টা লেট করে ছাড়বে, মেজাজ খারাপ হইয়া গেলো তাই সবাইকে রেখে আমি একা আসেপাশে ঘুরতে বের হলাম।
এয়ারপোর্ট এ রাস্তার পাশে কিছু দোকান আছে, সেইখানে নাস্তা করতে করতে একখানা পেপার নিয়া পড়া শুরু করলাম, কিছুক্ষন পর এক ছোট্ট পিচ্চি এসে আমায় জিজ্ঞেস করলো পেপারে কি লেখচে ভাইজান?
আমি ভালো করে তাকাইলাম তার দিকে, উদোম শরীর পিঠে একখানা বস্তা তার, হুম তথাকথিত সুশীল সমাজ তাকে টোকাই বলে ডাকে। যাই হোক, আমি উত্তর দিলাম- কি রকম খবর চাই তোর।
সে আবার কইলো, ভাই রাজনীতির খবর কন।
আমি তার দিকে তাকিয়ে গম্ভীর ভাবে বলিলাম, কোন ভালো খবর নাই, সব খারাপ খবর রে ভাই, দেশের অবস্তা পুরা খারাপ। এখন রাজনিতিবিদেরা এসি রুমে বসে বসে গালাগালি চর্চা করছে।
সে কইলো ভাই, তাইলে আমার আর অগো পার্থক্য কি? আমরাও তো রাস্তা-ঘাটে গালাগালি করি।
অনেক পার্থক্য রে ভাই, তোরা সৎ, নিজের রক্ত পানি করে টাকা কামাস, বাপ-মারে দিস, আর ওরা দেশের টাকা মাইরা, দেশের বাইরে পাচার করে, ওইসব তুই বুঝবি না রে পাগলা, ততক্ষনে তার আরো দুই তিনজন বন্ধু এসে হাজির হয়েছে তার সাথে।
সে কয় ভাই আমি জানি, আমার বাপ মায় রাজনীতি লইয়া অনেক আলাপ করে রাইত-দিন আমি হেগো কতা হুনি।
হুম তাইলে তো তোর অনেক বুদ্ধি রে ভাই, নাম কি তোর?
আমার নাম রাজু ভাই।
আরো অনেক কথা হলো রাজু এবং তার বন্ধুদের সাথে, ততক্ষনে প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেছে আমি এদিকে চলে আসার পর, আমারে ফোন দেয়া শুরু হয়ে গেছে, আমিও উঠে দাঁড়াইলাম, যাইরে রাজু- ভালো থাকিস।
রাজু কইলো, ভাই আপনে আবার আইবেন এইহানে, ভাই অনেকের লগে কথা কইতে চাই দূর দূর কৈরা তারাইয়া দেয়, আপনে দেন নাই আপনেরে আমার অনেক ভালা লাগছে।
কস কি পাগলা, কি খাবি বল?
না ভাই কিছু খামুনা, আমারে যদি খাওয়াইতেই হয় আরেকদিন আইসা খাওয়াইয়েন।
শর্ত দিয়া দিলি!! বুঝছি তোর সাথে আরেকদিন দেখা করাই লাগবে, ভালো থাকিস বলে বিদায় নিয়ে ফিরতি পথ ধরলাম। পিছন ফিরে তাকিয়ে দেখি রাজু বিষণ্ণ চোখে আমার দিকে তাকিয়ে আছে, আমার জন্য তার যে মায়ার সৃষ্টি হয়েছে তা হয়তো সে অনেকদিন মনে রাখবে, আমারো মনে থাকবে আজীবন। হ্যাঁ এই গরীব খেটে খাওয়া মানুষগুলো আর যাই হোক ভন্ডামি করতে পারেনা, আমাদের ভদ্রসমাজের মত।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



