(মাহবুব হাসান-কে)
শহীদ কাদরী
- - - - - - -
শালিক নাচে টেলিগ্রাফের তারে,
কাঁঠালগাছের হাতের মাপের পাতা
পুকুর পাড়ে ঝোপের ওপর আলোর হেলাফেলা
এই এলো আশ্বিন,
আমার শূন্য হলো দিন
কেন শূন্য হলো দিন?
মহাশ্বেতা মেঘের ধারে-ধারে
আকাশ আপন ইন্দ্রনীলের ঝলক পাঠায় কাকে?
ছাদে-ছাদে বাতাস ভাঙে রাঙা বৌ-এর খোঁপা
এই এলো আশ্বিন,
আমার শূন্য হলো দিন
কেন শূন্য হলো দিন?
শিউলি কবে ঝরেছিল কাদের আঙিনায়
নওল-কিশোর ছেলেবেলার গন্ধ মনে আছে?
তরুণ হাতের বিলি করা নিষিদ্ধ সব ইস্তেহারের মত
ব্যতিব্যস্ত মস্তো শহর জুড়ে
এই এলো আশ্বিন,
আমার শূন্য হলো দিন
কেন শূন্য হলো দিন?
সূত্র: কোথাও কোনো ক্রন্দন নেই (1978)
ছবি: নাসির আলী মামুন
শহীদ কাদরী, জন্ম: ঢাকা 14/8/1942
লেখকের নোট >
1977 সালের কথা। তখন আমি থাকতাম ঢাকার দিলু রোডের বাসায়। কোমড় ব্যথায় প্রায় নয় মাস ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছিলাম। তার পরেও নিয়মিত চেক-আপের জন্য হাসপাতালে যেতে হতো। মন মেজাজ খুবই খারাপ। 1978-এর প্রথম দিকে, যতদূর মনে পড়ে, কবিতাটি লেখি। কোনো পত্রিকায় কবিতাটি ছাপা হয়নি, সরাসরি বইতে দেই। কোনো কবিতা লেখার আগে যেমন কবির মানসিক অবস্থা সেই কবিতার উপর ছাপ ফেলে আমার কবিতাটি সে রকম ভাবে লেখা একটি কবিতা। এর চেয়ে বেশি কোনো ঘটনা এর পিছনে নাই।
-শহীদ কাদরী, ইউএসএ
কবিতার বই >
1. উত্তরাধিকার; 1967;
2. তোমাকে অভিবাদন প্রিয়তমা 1974;
3. কোথাও কোনো ক্রন্দন নেই 1978
কৃতজ্ঞতা : শামস আল মমীন
বাংলা কবিতা সঞ্চালন উদযোগ
22 মার্চ 2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



