
গত রাতের (২৬ মে) ঝড়ে রাজধানীর হাইকোর্ট এলাকায় বেশ কয়েকটি শতবর্ষী গাছ ভেঙ্গে পড়ে।
গতকাল রাতে হঠাত ঝড় শুরু হলো!
আনুমানিক রাত তখন দুইটা হবে। আমি কোলকাতার একটা মুভি দেখছিলাম। সুরভি গভীর ঘুমে। হঠাত দেখি খুব বাতাস! খুব বেশি বাতাস! যেন সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। চারিদিকে শো শো, শন শন শব্দ। এই শো শো- শন শন শব্দটা বুকের মধ্যে কেমন ভয় ঢুকে দেয়। ব্যলকনিতে থাকা সুরভির সব গাছ পড়ে গেল। পুরো ঘর মুহুর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে ব্যলকনিতে গেলাম। বাতাসের সাথে সাথে শুরু হলো তুমুল বৃষ্টি। প্রচন্ড বৃষ্টি! বাতাসের জোরে বৃষ্টির ছাট ঘরের মধ্যে চলে আসছে।

আমি অনেকক্ষন দাড়িয়ে থাকলাম ব্যলকনিতে!
বেশ ভালো লাগছে। খুব বাতাস! এবং খুব ঘন বৃষ্টি! এরকম ঘন বৃষ্টি অনেকদিন দেখি নাই। আম্পানেও এত বৃষ্টি হয়নি ঢাকায়। ইচ্ছে মতো বাতাস আর বৃষ্টি উপভোগ করলাম। হঠাত কারেন্ট চলে গেল। দশ মিনিট পর আবার চলেও এলো। একটু পরপর বাজ পড়ছে। বিজলি চমকাচ্ছে। চারিদিকে বড় সুন্দর পরিবেশ। অতি মনোরম পরিবেশ। মনে মনে বলছি- এই ঝড়, এই বাতাস আর বৃষ্টি সমস্ত দেশ থেকে করোনা ধুয়ে মুছে নিয়ে যাক। হে প্রভু, দরিদ্র দেশের মানুষের কষ্টের সীমা নেই। তাদের আর কষ্ট দিও না। একটু দয়া করো। তুমি তো দয়ার সাগর!

ইচ্ছা করলো চা খেতে।
নিজেই চুলায় চায়ের পানি বসিয়ে দিলাম। এখন আমি চা বানাতে পারি। খুব কঠিন কিছু না। এই করোনায় আমি অনেক কিছু শিখেছি। মুহুর্তের মধ্যে পানি গরম হয়ে গেল। তাপর দুই চামচ চাপাতি দিয়ে দিলাম। অনেকক্ষন জাল দিলাম। লিকার ঘন হলো। তারপর দুধ চিনি মিশিয়ে এক মগ চা নিয়ে ব্যলকনিতে আরাম করে বসলাম। বৃষ্টি হয়েই যাচ্ছে। থামার কোনো লক্ষন নেই। বৃষ্টির ছাট এসে আমাকে অনেকখানি ভিজিয়ে দিয়েছে। বেশ ভালো লাগছে। এত বাতাস সিগারেট ধরাতে বেশ বেগ পেতে হলো। খুব মন খারাপ ছিলো। মধ্যরাত্রে এই বৃষ্টি আর বাতাস মন ভালো করে দিলো।

ছবি গুলো আমার তোলা না।
ছবি তুলেছেন টিটু মামা। টিটূ মামা খুব ভালো ছবি তুলেন। উনি বহু বছর ধরে ফোটোগ্রাফী করছেন। ছবি গুলো দেখে মনে হলো- আম্পানে কোলকাতায় যেভাবে গাছ গুলো ভেঙ্গে পড়েছে। গতকালের ঝড়ে আমাদের দেশেও ঠিক সেভাবে গাছ গুলো ভেঙ্গে পড়ে আছে! আহারে কত পুরোনো গাছ গুলো! গাছ গুলোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে! গাছপালা আমি ভীষন ভালোবাসি। গাছপালা আমার মন ভালো করে দেয়। আমাকে আনন্দ দেয়।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২০ রাত ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


