
ইদানিং আমার মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে।
ঘর সংসার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব কিছুই ভালো লাগছে না। কিচ্ছু সহ্য হচ্ছে না। মুখ দিয়ে খারাপ গালি বের হয়ে আসে। দেয়ালে যেন পিঠ ঠেকে গেছে। ইচ্ছা করছে রসুলপুরের মতোন কোনো সুন্দর শান্ত গ্রামে চলে যাই। কিন্তু বঊ আর বাচ্চার জন্য বাঁধা পড়ে যাচ্ছি। বিয়ে করাটাই বোকামি হয়েছে। পুরুষ মানুষের বিয়ে করা উচিত না। বিয়ে করা মানেই আটকে যাওয়া। বন্ধী হয়ে যাওয়া। কোনো বিবাহিত পুরুষ ভালো নেই। যাদেরকে ভালো ভাবছেন আসলে তারা ভালোর ভান করে থাকে। বিয়ের পরই একজন পুরুষের দুনিয়া ছোট হয়ে আসে। মন হয়ে যায় সংসারকেন্দ্রিক।
সুরভিকে সাহস করে বলেই ফেললাম।
আমি কিছু দিনের জন্য ঢাকার বাইরে যেতে চাচ্ছি। তোমরা সুন্দরভাবে থাকো। তোমাদের কোনো অসুবিধা হবে। আমি দুই মাসের বাজার একসাথে করে দিয়ে যাবো। যাবতীয় সব খরচ দিয়ে যাচ্ছি। আমাকে যেতে দাও। আমি না বলেও চলে যেতে পারতাম। কিন্তু বলে যাওয়াটাই শোভন। সুন্দর। তাছাড়া আমি পালিয়ে যাচ্ছি না, কিছুদিন পর ফিরে আসবো। ঘর সংসার থেকে শুরু করে জগত সংসার কিছুই ভালো লাগছে না। ঘরে বাইরে কোনো মানুষকেই সহ্য করতে পারছি না। খুব বিরক্তি এসে গেছে। দম হয়ে যাচ্ছে আমার। আমি নিঃশ্বাস নিতে পারছি। অল্প কিছু দিনের জন্য হলেও আমাকে দূরে কোথাও যেতে হবে।
এই কথা শুনেই সুরভি কান্নাকাটি করে অস্থির।
চিৎকার চেচামেচি করে পুরো বাড়ি মাথায় তুললো। আর আমি তো চোখের পানি সহ্য করতে পারি না। বললাম, ঠিক আছে যাবো না। কান্নাকাটি বন্ধ করো। আমি তোমাদের খুব ভালোবাসি, তাতো জানো? বিয়ে করার পরেই একজন পুরুষের সব শখ, আনন্দ, বিলাসিতা মাটি চাপা পরে যায়। সংসারের ঘানি টানতে টানতে জীবন শেষ। আর সংসারের অভাব কোনোদিন শেষ হয় না। সংসার যেন এক তলা ছাড়া বাক্স। যে বাক্স কোনো দিন ভরবে না। শুধু নেই আর নেই।
কিন্তু আমার মন পড়ে আছে মাটির রাস্তায়।
ধুলো উড়িয়ে সারা বিকাল মাটির রাস্তায় হেঁটে বেড়াবো। মাইলের পর মাইল সবুজ ধানক্ষেত। সেই জমিতে কৃষকের সাথে সারাদিন পাল্লা দিয়ে কাজ করবো। বিশাল পুকুর। পুকুরে দাপাদাপি করে গোছল করবো। জাল ফেলে পাঁচ মিশালী মাছ ধরবো। আকাশ ছোয়া বিশাল বিশাল গাছ। গাছের পাতার ফাঁক দিয়ে আকাশ দেখবো। স্কুলে গিয়ে বাচ্চাদের গল্প শোনাবো। বিকেলে স্কুল মাঠে বাচ্চাদের সাথে ফুটবল খেলব। রাতে পল্লী বিদ্যুতের আলোতে সবাই মিলে উঠোনে খেতে বসবো। পাশেই থাকবে বিড়াল। সে একটু পরপর মিউমিউ করে তার উপস্থিতি জানান দিবে। তাকে মাছের কাটা খেতে দিব। মিটমিটে আলোয় ঘুম না আসা পর্যন্ত বই পড়বো। খুব ভোরে মাটির পথ দিয়ে হেঁটে যাবো রসুলপুর বাজারে।
(ছবিঃ আমার তোলা)
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২০ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



