
কুসংস্কারে আমার কোনো বিশ্বাস নেই।
সব কিছুতেই যুক্তি খুঁজি আমি। যুক্তির বাইরে তো কিছুই নেই। সম্ভব না। যারা কুসংস্কার বিশ্বাস করে তাদের উপর আমার খুব রাগ হয়। হোক সে আমার বাপ অথবা কোনো ব্লগার। তবে আজকাল খুব অলৌকিক কোনো দৃশ্য দেখতে ইচ্ছে করে। কে দেখাবে আমাকে অলৌকিক দৃশ্য? আমি অপেক্ষা করি। অপেক্ষা করতে আমার ভালোই লাগে।
গতকাল রাতে বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়লাম।
মাঝরাতে হঠাত ঘুম ভেঙ্গে গেল। দরজায় ঠক ঠক শব্দ। কেউ একজন দরজায় নক করছে। একটু থেমে থেমে শব্দ হচ্ছে ঠক। ঠক ঠক। বাতি জ্বালিয়ে দেখব কে এসেছে? নাকি যুক্তি দিয়ে খুঁজে বের করবো, কে এসেছে? কোনো চোর? আমি জেগে আছি কিনা দেখার জন্য শব্দ করছে? আলসেমির কারনে বিছানা থেকে নামলাম না।
আবার দরজায় ঠক ঠক শব্দ।
বিরক্ত লাগছে। আমাকে কি ঘুমাতে দিবে না? আমার এখন উচিত দরজা খুলে দেখা। আমি বিছানায় শুয়ে নানান যুক্তি দিয়ে ভাবতে লাগলাম। শেষ পর্যন্ত পেয়ে গেলাম সমাধান। আমার যুক্তি বলছে- সম্ভবত টিকটিকি শব্দ করছে। রাতে সামান্য শব্দই জোরে শোনায়। আমি এতটাই নিশ্চিত হলাম যে, উঠে গিয়ে আর দরজা খুলে দেখলাম না। বাম পাশ ফিরে, বাম হাত বাম গালে রেখে ঘুমিয়ে গেলাম।
স্বপ্ন আমি দেখতে চাই না।
তবু ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম। ঝুম ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে। নীল সাদা শাড়ি পরা একটি মেয়ে। মেয়েটা বৃষ্টিতে ভিজে একাকার। মেয়েটি আমার বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিছু বলতে চায় আমাকে। হয়তো গোপন কোনো রহস্যের কথা। ঘরে ঢোকার আগে দরজায় নক করে অনুমতি প্রার্থনা করছে। আমি টিকটিকি মনে করে তাকে ফিরিয়ে দিলাম।
(ছবিঃ আমার তোলা)
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২০ রাত ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



