
একটা দারুন অফার পেয়েছি।
গ্রীস যাওয়ার। টাকা লাগবে সাত লাখ। অবশ্য যেতে হবে গোপন পথে পালিয়ে। কখনো নৌকায়, কখনও পায়ে হেঁটে। আবু বকর ভাই বলেছেন, যেতে কিছুটা কষ্ট হবে। কিন্তু একবার যাওয়ার পর শান্তি আর শান্তি। টাকা আর টাকা। ছয় মাসও লাগবে না সাত লক্ষ টাকা আয় করতে। একদম সহজ। উন্নত জীবন। প্রতিদিন ৪/৫ ঘন্টা কাজ করলেই হবে। সেখানে কাজের কোনো অভাব নাই। অলরেডি আবু বকর ভাই বাংলাদেশ থেকে ৫৭ জনকে পাঠিয়েছে। তারা সবাই ভালো আছে। অল্প সময়ে তারা অনেক টাকার মালিক হয়ে গেছে। একজন সাথে আমার কথা বলিয়ে দিলেন বকর ভাই। ফেসবুকে তার ছবি দেখলাম। গ্রীসে রাস্তার পাশে সে ফুল বিক্রি করছে। গ্রামে পাকা বাড়ি করে ফেলেছে। অনেক জমিজমা কিনে ফেলেছে।
আবু বকর ভাই সিলেট অঞ্চলের লোক।
খুব মিষ্টি ভাষা। খুব পান খান। এবং বেশ রসিক মানুষ। বয়স বড়জোর ৪০/৪৫ হবে। জানতে পারলাম আবু বকর ভাই সুনামগঞ্জ এলাকার ১৭ টা ছেলেকে গ্রীস পাঠিয়েছেন। তারা সবাই ভালো আছে। গ্রীস গিয়ে তারা গ্রামের বাড়িতে প্রচুর টাকা পাঠিয়েছে। এমনকি তাদের সবার গ্রামের বাড়ি পাকা করেছে। তাদের পরিবারের লোকজন এখন স্বচ্ছল। সংসারে কোনো অভাব নেই। আবু বকরের কারনে সুনামগঞ্জ এলাকার বহু ছেলেরা গ্রীস গিয়ে এখন ভালো আছে। সুনামগঞ্জের লোকেরা আবু বকরকে অনেক ভালোবাসে। বকর ভাই আমাকে বললেন, আপনি যেহেতু দরিদ্র লোক- আপনার সাত লাখ টাকা একবারে দিতে হবে না। আপনি তিনবারে দেন। তবে প্রথমে একসাথে তিন লাখ টাকা দিতে হবে। বাকিটা গ্রীস পৌঁছে যাবার পর দিলেই হবে।
আজ আবু বকর ভাইয়ের সাথে আমার কথা হলো।
সন্ধ্যায় একটা রেস্টুরেন্টে বসলাম। উনি আমাকে কাবাব আর নান রুটি খাওয়ালেন। কোক খাওয়ালেন। উনি কিছুই লুকান নি। সব খোলসা করেই আমাকে বললেন। যেতে অনেক সময় লাগবে এবং কষ্ট হবে। তবে পুলিশের কোনো ঝামেলা হবে না। ঐ দেশের লোকের সাথে আবু বকর ভাইয়ের খুব সুন্দর সম্পর্ক। তারা একদম রাস্তা চিনিয়ে নিয়ে যাবে। পথে খাবারের কোনো সমস্যা হবে না। সব জায়গায় লোক সেটিং করা আছে। তারা যথাসময়ে খাবার দিবে। এবং গ্রীস পৌছানোর আগ পর্যন্ত সমস্ত রকম বিপদ আপদ থেকে রক্ষা করবে। ১০০% গ্যারান্টি। আমি নিজের অজান্তেই খুশিতে এই করোনার মধ্যেও আবু বকর ভাইকে দুইবার জড়িয়ে ধরলাম। দুনিয়ার সব লোক খারাপ না। এখনও বহু ভালো লোক আছে।
আমি চালাক মানুষ।
গ্রীস গিয়েই অ্যাথেন্স এ চলে যাবো। রাজধানী বলে কথা! এথেন্সে আমার এক বন্ধু আছে জহির নাম। শুনেছি জহির অনেক বছর ধরে এথেন্সেই আছে। তাকে খুঁজে বের করবো। তাকে পেয়ে গেলে আর কোনো চিন্তা নাই। এই গ্রীসে জন্ম সক্রেটিস, প্লেটো, এরিস্টেটল, পিথাগোরাস, আলেকজান্ডার দ্যা গ্রেট। স্বপ্নের দেশ। উন্নত দেশ। আমেরিকার চেয়ে গ্রীস বেশি ভালো। দুই বছর কোনো রকমে কষ্ট করে পার করে দিয়ে বউ বাচ্চাকে এই দেশে নিয়ে আসবো। তারপর আর কোনো চিন্তা নেই। বাকিটা জীবন আনন্দে পার করে দিবো। আবু বকর লোকটা ফালতু না। ধান্দাবাজও না। আমি তার সাথে কথা বলেছি। দুষ্ট ও ফালতু লোক আমি চিনি।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



