যারা একাত্তরের ১৬ ডিসেম্বর এর ঘটনায় আত্মতুষ্টিতে আছেন এই ভেবে, আমরা স্বাধীন, তাদের জন্য বলছি, স্বাধীনতা এখনও আমরা পাইনি। সেদিন আমরা ভিনদেশী শোষকদের হাত থেকে রক্ষা পেয়েছি মাত্র। তারপর কালক্রমে আবার আমরা নিজেরাই নিজেদের পরাধীন করে ফেলেছি। কিভাবে?
আচ্ছা, বলুন তো, একটা স্বাধীন দেশের মৌলিক বিষয় কি কি? আমি জানি, অনেকেই উশখুশ শুরু করেছেন, কারন আমার প্রশ্নের উত্তর আপনাদের জানা। হুম, স্বাধীন দেশের মৌলিক বিষয় হল ১. স্বাধীন ভুমি ২. জনগন ৩. সংবিধান ৪. সার্বভৌমত্ব। সেই সাথে যোগ করা যেতে পারে আরেকটা অপশন পাঁচ নাম্বার হিসেবে। সেটা হল সরকার।
আমাদের তো সবই আছে। তাহলে কেন নিজেকে স্বাধীন বলতে পাচ্ছি না, এটা নিয়ে ভাবছেন? একটা স্বাধীন দেশের এই মৌলিক ব্যাপারগুলো ছাড়াও আরও কিছু ব্যাপার আছে, যা খুব জরুরি। জনগনের মৌলিক অধিকার নিশ্চিত হওয়া, মানবাধিকার সংরক্ষিত হওয়া।
আপনি কি বলতে চান, আপনি মৌলিক অধিকার এবং মানবাধিকার শতভাব পাচ্ছেন? একটু ভেবে দেখুন। পাচ্ছেন কি না?
আজ কি আপনি আপনার ঘর থেকে বেড়িয়ে যাওয়ার সময় আপনজনকে নিশ্চিতভাবে বলার সাহস রাখেন, আপনি সুস্থভাবে আবার ফিরবেন ঘরে দিন শেষে? কে জানে, কোনও এক বেপরোয়া গাড়ি পথ চলতে ট্র্যাফিক আয়িন না মেনে আপনার ওপর উঠে যাবে না? অথবা যে অফিসে কাজ করছেন, সেখানে আগুন লেগে যাবে না? আবার এমনও তো হতে পারে, দুই সন্ত্রাসী দলের ক্রস ফায়ারে অথবা সন্ত্রাসী এবং পুলিশের ক্রস ফায়ারে পড়ে গেলেন আপনি? এমন কি হতে পারে না, যে কোনও সময় আপনি ছিনতাই, রাহাজানি অথবা খুনের স্বীকার হয়ে গেলেন? ধরলাম, কিছুই হল না এগুলোর মাঝে। সড়ক দুর্ঘটনাও তো ঘটতে পারে। পারে না? অথবা মাথার ওপর ভেঙ্গে পড়তে পারে ফ্লাইওভার অথবা অভার ব্রিজ? অথবা ছিঁড়ে আপনার দিকে ছুটে আসতে পারে কোনও বিদ্যুতের তার। আপনি যদি গনিতের সম্ভাব্যতার অঙ্ক বুঝে থাকেন, তাহলে আমার ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিন। এতকিছু এড়িয়ে আপনার সুস্থ অবস্থায় ঘরে ফিরে আসার সম্ভাবনা কতটুকু? তাহলে কি করে বলেন, আমরা স্বাধীন? যেখানে জীবনের কোনও নিশ্চয়তা নেই, সেখানে আমরা কি করে স্বাধীন হই? যেখানে ঘুষ, দলীয়করণ, সহিংসতা নিত্য দিনের ঘটনা সেখানে আমরা স্বাধীন কি করে হলাম? যে দেশে হাসপাতালে ঢুকে রোগীর সেবা পাওয়ার আগে ফরম ফিল-আপ করতে হয়, যেখানে টাকা ছাড়া চিকিৎসা সম্ভব না, সেখানে আমরা স্বাধীন কি করে হলাম? যে দেশে দুর্ঘটনা শেষে জড়িত ব্যক্তিদের সাজা হয় না, তদন্ত কমিশন যেনতেন লোক দেখান তদন্ত প্রকাশ করে, সে দেশে আপনি কি করে নিরাপদ? শত শত লোক মারা যাচ্ছে, আর তাদের মৃত্যুর জন্যে শোকদিবস পালন শেষে আমরা দায়ভার থেকে নিজেদের মুক্ত করে নিচ্ছি। এখানে আমরা স্বাধীন কি করে? কাল তো এমন এক ঘটনায় আপনি আমিও মারা যেতে পারি। আমাদের জন্যে শোক পালন করলেই কি আমরা বেহেশতে চলে যাব নাকি আমাদের পরিবার তাদের জীবনকে নিশ্চিত পাবে? কথিত আছে, এই দেশে নাকি কোনও মোড়ে সড়ক দুর্ঘটনা না হলে স্পিড ব্রেকার নির্মাণ করা হয় না। কিন্তু আমি মনে করি, সেই দিনও শেষ। এখন মানুষ মরলে শুধুমাত্র শোক দিবস পালিত হয়। ভবিষ্যতে এমন মৃত্যু যেন না হয়, তেমন কোনও পদক্ষেপ নেয়া হয় না। যদি তাই নেয়া হত, তাহলে চট্টগ্রামের ফ্লাইওভারটা এর আগেও একবার ভেঙ্গে পড়েছিল। তখনই উপযুক্ত পদক্ষেপ নেয়া হত। যদি তাই হত, এর আগেও গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লেগেছে। তখন থেকেই পদক্ষেপ নেয়া হত, আর আগুন লাগবে না কোথাও। এমন পদক্ষেপ যদি নেয়া হতই, তাহলে বসুন্ধরা সিটি কমপ্লেক্স, চানখারপুলে আগুন লাগার পর বাংলাদেশের অগ্নিনির্বাপক প্রতিষ্ঠানকে আরও উন্নত আর শক্তিশালী করা হত। তাহলে আমরা স্বাধীন কি করে? আমরা হলাম দিবস প্রিয় জাতি। যেকন সুযোগে একটা দিবস বানিয়ে নেই, আর সেদিনই শুধুমাত্র দিবসটা যাদের কারনে পেয়েছি, তাদেরকে স্মরণ করে দায়ভার সেরে নেই। আর কত?
কথায় আছে, ঘুমানো মানুষকে ডেকে তোলা যায় কিন্তু যে জেগে ঘুমের ভান করে তাকে ডেকে তোলা যায় না। একবার ভাবুন তো, আমরা ঘুমিয়ে আছি না জেগে ঘুমের ভান করছি? আজ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের জন্যে আমরা শোক প্রকাশ করছি। আজ একটা মেয়ে ধর্ষিত হলে তার জন্যে সমবেদনা জ্ঞাপন করছি। কাল তো আপনার আমার বাবা, ভাই ক্ষতিগ্রস্ত হতে পারেন, আমার আপনার বোন তো ধর্ষিত হতে পারে। কাল কি করে নিজেদের সান্ত্বনা দেব? এখনও কি জেগে ওঠার সময় হয়নি আমাদের? তাহলে বলুন, আর কত রক্ত ঝরলে, আর কত সোনার সংসার উজাড় হলে, আর কত মায়ের কোল খালি হলে আর কত বোন সম্ভ্রম হারালে আমরা জেগে উঠবো? আর কত?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



