স্বাধীনতা এবং কিছু কথা
মাঝে মাঝে রাতে ঘুরে বেড়ানোর হালকা-পাতলা নেশা আছে আমার। এখন অবশ্য আগের মত বের হওয়া হয় না, কারন বর্তমান সময়টা বড্ড জটিল। আতঙ্কিত থাকি, কখন কোন দুর্ঘটনায় পড়ে যাই অথবা সন্দেহের বশে পুলিশ আমাকে চৌদ্দ শিকের ঘর দেখিয়ে দেয়। কিন্তু তবু মাঝে মাঝে বের হই যখন নিজেকে সামলে রাখতে পারি না। আমার জানা নেই, এখনও ঢাকা শহরটা তিলোত্তমা নগরী নামে পরিচিত কি না। তবে রাতের বেলা ঢাকার রূপ আসলেই মোহনীয়। একবার এই রূপের প্রেমে যে পড়েছে, সে আর উপেক্ষা করে থাকতে পারে না। সোডিয়াম লাইটের আলোয় আলকিত নির্জন রাজপথের রয়েছে এক অপার টান। এই টান চুম্বকের আকর্ষণকেও হার মানায়। আর এই আকর্ষণের কারনেই এখনও মাঝে মাঝে বেরিয়ে পড়ি কখনও নিরুদ্দেশ পদযাত্রায় অথবা কখনও রিক্সাভ্রমনে। ধানমন্ডী-১৫ তে একটা বাসা ভাড়া করে চারবন্ধু একসাথে থাকি। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে এখন বেকার জীবন কাটাচ্ছি। আর এই অফুরন্ত সময়ে কখনও সাহিত্যচর্চা, কখনও ইন্টারনেট ঘাটাঘাটি আর কখনও নির্বিকারভাবে হয়তো কোনও ফুটপাথ চায়ের দোকানে বসে থাকা অথবা কোনও ওভারব্রিজের ওপর চুপচাপ দাড়িয়ে থাকা ছাড়া কিছুই করার নেই। কখনও কখনও ফুটপাথ চায়ের দোকানে চা খেতে খেতে পরিচিত হই সমাজের এমন কিছু মানুষের সাথে যাদেরকে আপামর উঁচু শ্রেণীর মানুষ জন্তু-জানোয়ার ছাড়া আর কিছুই মনে করে না। এমনই একজন মানুষ হল কুদ্দুস মিয়া। তার সাথে আমার পরিচয় ধানমন্ডী-১৫ তে অবস্থিত কেয়ারি প্লাজা মার্কেটের সামনে। একদিন রাত দশটার দিকে লাল চা খেতে ইচ্ছে হল আমার। সাথে সাথে বেরিয়ে পড়লাম বাসা থেকে। কেয়ারি প্লাজার সামনে খুব সকালে আর সন্ধ্যার পর থেকে লাল চা বিক্রি হয়। এসব চা বিক্রেতা ফ্লাস্কে চা নিয়ে ঘুরে বেড়ায়। সে রাতে চা হাতে নিয়ে ধীরেসুস্থে পান করব বলে বসলাম কেয়ারি মার্কেটের সিঁড়িতে। আমার থেকে একটু দুরেই বসে ছিলেন কুদ্দুস মিয়া। সে প্রথমে নিজে থেকেই আমার কাছে সময় জানতে চাইল। আর এভাবেই শুরু হয়ে গেল কথা। আপাতত জানতে পারলাম, কুদ্দুস মিয়ার কোনও বসতি নেই। কেয়ারি মার্কেটের সিঁড়িতেই তার রাত কাটে। সেদিন এতটুকু জেনেই চা খাওয়া শেষ করে বাসায় ফিরে এলাম। তারপর আরেকদিন কুদ্দুস মিয়ার সাথে গল্প করব, তার জীবনের গল্প শুনব এমন একটা উদ্দেশ্য নিয়েই কেয়ারি মার্কেটের সামনে গেলাম। কিন্তু সেদিন আর কুদ্দুস মিয়াকে খুঁজে পেলাম না। জানতে পারলাম, নাইট গার্ড তাড়িয়ে দিয়েছে তাকে। মনের মাঝে সাথে সাথে তিলোত্তমা নগরীর রাতের আরেকটা রূপ ভেসে উঠলো। কিন্তু সেখানে প্রশান্তির কিছুই ছিল না। এই শহরে কুদ্দুস মিয়ার মত হাজারো, লাখো কুদ্দুস মিয়া আছে যাদের কোনও বসতি নেই। সাধারন একটা বস্তিতে থাকার সহায়ও তাদের নেই। রাত বারটার পর এই শহরের কোনও যাত্রিছাউনি, কোনও বাস অথবা রেলস্টেশন খালি পড়ে থাকে না। সবগুলোই পরিনত হয় বাস্তুহারাদের ঘুমের ঘরে। সাথে সাথে মাথায় একটা প্রশ্ন চলে এলো। সরকার তো অনেক উন্নয়ন কার্যক্রমই চালায় বাংলাদেশে। আর সরকারের তো খাস জমির কোনও অভাব নেই। ব্যবহার আর দেখাশোনার অভাবে সেগুলো এখন চলে যাচ্ছে ভুমি খাদকদের পেটে। সরকার কি পারে না, আবাসন প্রকল্প গড়ে এসব বাস্তুহারাদের একটু মাথা গোঁজার ঠাই করে দিতে? এই প্রশ্ন মাথায় আসতেই, সেটা বাতিল করে দিলাম। কারন সরকার এমন কারক্রম হাতে নিলে সর্বপ্রথম আমাদের শ্রদ্ধেয় নেতানেত্রিরাই বাস্তুহারা হয়ে যাবেন। তাদের পেট ভরতে ভরতে আসল বাস্তুহারা পর্যন্ত আবাসন প্রকল্পের ছায়াটাও পৌঁছাবে কি না সন্দেহ। একটা সময় মানুষ রাজনীতি করত মানুষকে ভালবেসে, মানুষের দুঃখ-দুর্দশা দূর করে দেয়ার মহান ব্রত নিয়ে। কিন্তু এখন রাজনীতিবিদরা মুখে স্বীকার না করলেও তাদের অনেকের কর্মকাণ্ডেই ধরা পড়ে, রাজনীতির চেয়ে ভাল কোনও ব্যবসা বর্তমানে আমাদের দেশে নেই।
সামনেই ১৬ ডিসেম্বর। স্বাধীনতার একচল্লিশ বছর পূর্তি উদযাপন করব আমরা। এই একচল্লিশটা বছর পরেও কি আমাদের মনে একটু প্রশ্ন জাগে না, আমরা কতটুকু সামনে এগিয়েছি?
একটা স্বাধীন জাতির মৌলিক অধিকার পাঁচটি। অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিতসা। আমরা এই মৌলিক অধিকারের সবগুলোই কি শতভাগ পেয়েছি?
যদি তাই পেতাম, তাহলে কুদ্দুস মিয়ারা পার্কের বেঞ্চে, মার্কেটের সামনে, যাত্রিছাউনিতে অথবা কোনও স্টেশনে রাত কাটাত না। তাদের মাথা গোঁজার একটু ঠাই মিলত। যেখানে প্রতিদিনই সংবাদপত্র, টিভি চ্যানেলগুলোতে হাউজিং-এর বিজ্ঞাপনে ভরিয়ে তুলছে আকাশ-বাতাস, সেখানে এখনও কুদ্দুস মিয়ারা বাস্তুহারা। তাহলে কি মৌলিক অধিকার শুধুমাত্র উঁচু শ্রেণীর মানুষদের জন্য? এখনও যদি খোঁজ নিয়ে দেখা হয়, দেখা যাবে দেশের অনেক মানুষ না খেয়ে দিনাতিপাত করছে। আবার অনেকে চাইনিজ রেস্টুরেন্টে কাড়ি কাড়ি বিল দিচ্ছে। খাদ্যের নিশ্চয়তা কি শুধুই টাকাওয়ালাদের থাকবে? দেশে এখন নারীশিক্ষার খুব তোড়জোড় চলছে বেশ অনেক বছর ধরে। নারীদের বিনা বেতনে শিক্ষা, বিনামুল্যে বই বিতরন ইত্যাদি ইত্যাদি কার্যক্রম প্রতিটা সরকারই চালিয়েছে পাল্লা দিয়ে। কিন্তু কেউ কি একবার হিসেব করে দেখেছে, অর্থের অভাবে দেশের অনেক ছেলে লেখাপড়া ছেড়ে দিয়ে দিনমজুর হয়ে গেছে? আমার বাসার সামনে একটা চায়ের দোকান আছে। সেখানে তের-চৌদ্দ বছরের একটা ছেলে কাজ করে। নাম আশিক। তাকে স্কুল থেকে ছাড়িয়ে কাজে লাগান হয়েছে শুধুমাত্র পরিবারের অনটনের কারনে। আশিকের মত কত ছেলে যে এভাবে ঝরে যায় অকালে, সেগুলো কি কারোর নজরে আসে না? তাহলে কি করে শিক্ষার অধিকার নিশ্চিত হল? “মিনা” কার্টুন অনেক জনপ্রিয় একটা কার্টুন। এই কার্টুনটা দেখেনি বা এর নাম শোনেনি, এমন মানুষের দেখা পাওয়া ভার আমাদের শিক্ষিত সমাজে। সেখানে দেখান হয়, রাজুর লেখাপড়া বিনাবাধায় চলছে আর মিনা-র টা থমকে যাচ্ছে। কিন্তু এর উল্টো চিত্রও যে আমাদের সমাজে আছে, সেটা আর কোনও কার্টুনেই দেখান হয় না। এভাবে চলতে থাকলে কোনও একদিন দেখা যাবে, পুরুষের অধিকার রক্ষা কমিটি গঠন করে ফেলেছে কেউ না কেউ।
আমি রাজনীতি বুঝি না। আমি আয়িন-কানুনের প্যাঁচও কম বুঝি। এটুকু শুধুমাত্র জানি, যে আয়িন ভাংলে শাস্তি হওয়ার আশঙ্কা থাকে, আমার দ্বারা তেমন কোনও আয়িন আজ পর্যন্ত ভঙ্গ হয়নি। আর ভবিষ্যতে হবে বলেও মনে হয় না। যদিও আয়িন বুঝি না, তবু কিছু আয়িনচর্চা করা যাক। তবে রাজনৈতিক কোনও দলেক সমর্থন অথবা কারোর বিরোধিতা করার উদ্দেশ্যে আজ এই আলোচনায় আমি নামিনি। আমি একজন সাধারন বেকার মানুষ। আর তাই আমি ষোল কোটি মানুষের সমর্থনে কথা বলতে চাইছি। স্বাধীনতার একচল্লিশ বছরের মাথায় এসে একটু হিসেব করে দেখতে চাই, স্বাধীন জাতি হিসেবে আমাদের যা কিছু নিশ্চিত থাকার কথা ছিল, তা আছে কি না।
সংবিধানের দ্বিতীয় ভাগের (রাষ্ট্র পরিচালনার মূলনীতি) ১১ ধারায় বলা আছে, “প্রজাতন্ত্র হইবে একটি গনতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানবসত্ত্বার মর্যাদা ও মুল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে”। এই উক্তিটি কতখানি আমাদের জীবনে প্রয়োগ হয়েছে? আমার মনে আছে, আমি যখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র, তখন একটা রাজনৈতিক দলের কোনও এক সভায় আমার বাবা এবং পাশের বাসার চাচা অংশগ্রহন করতে গিয়েছিলেন। এবং সে অপরাধে বিপক্ষদলের লোকজন সেদিন বিকেল থেকে রাত পর্যন্ত দুই দফায় আমাদের বাসা এবং সে চাচার বাসায় ভাংচুর চালায়। বাসার কোনকিছুই সেদিন আস্ত ছিল না। বাবা এবং চাচাকে ধরতে পারলে হয়তো সেদিন মেরেই ফেলত। কিন্তু আমাদের সৌভাগ্য যে, উনারা তখনও সেই সভা থেকে ফেরেন নাই। আমাদের বাসায় ছিলাম আমি আর আমার মা। আমরা দুজন ভয়ে রান্নাঘরের দরজা আটকে বসে ছিলাম। আমার মা আর আমি সেদিন অঝরে কেঁদেছিলাম। সেদিন আমাদের কান্নায় ছিল বাবাকে হারিয়ে ফেলার ভয়, ছিল নিজেদের মৃত্যুভয়। একটা স্বাধীনদেশে রাজনৈতিক বা যেকোনো ধরনের মত প্রকাশের স্বাধীনতা থাকা অবশ্যই বাঞ্ছনীয়। কিন্তু সেটাই যদি নিশ্চিত হয়ে থাকত আমাদের এই প্রিয় মাতৃভূমিতে, তাহলে আজও কেন একদল নির্বাচনের পর ক্ষমতা থেকে সরে গেলে সেদলের কর্মী-সমর্থকগণ গৃহছাড়া হয়ে পড়ে? কেন সেদিন কোনও এক রাজনৈতিক সভায় আমার বাবার যোগদানের অপরাধে বাসায় ভাংচুর চালান হল? এটাই কি স্বাধীনতার নিশ্চয়তা?
সংবিধানের প্রথম ভাগের ৭(১) ধারায় উল্লেখ আছে, “প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগন এবং জনগনের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে”। সকল ক্ষমতার মালিক যদি জনগণই হয়ে থাকে, তাহলে কেন নির্বাচনের পর নেতানেত্রিরা জনগনের কথা ভুলে যান? কেন জনগনের ভোগান্তি ডেকে আনা হয়? জনগন যাদেরকে নিজেদের নিরাপত্তা ও মৌলিক অধিকার, মানবাধিকার নিশ্চিতের নিমিত্তে নির্বাচন করল, কেন তাদের মাধ্যমেই জনগন ক্ষতিগ্রস্ত হয়? হরতাল একটি রাজনৈতিক অধিকার। গণতন্ত্রের নিয়মে কোনও এক রাজনৈতিক দল হরতাল ডাকলে সেখানে জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ঘটবে যদি তা নৈতিক হয়, আর জনগন নৈতিক না মনে করলে সে হরতাল প্রত্যাখ্যান করবে। কিন্তু আমাদের দেশে ভয়ভীতি প্রদর্শন, ভাংচুরের মাধ্যমে জনগণকে হরতাল পালন করতে বাধ্য করা হয়। এটা কি গণতন্ত্রের মূল অনুসরন? আবার কেউ হরতাল ডাকলে তাদেরকে সরকারীদল প্রতিহত করার চেষ্টায় থাকে শক্ত হাতে। কেন তা হবে? হরতাল একটা রাজনৈতিক অধিকার। এবং এটার সফলতা-বিফলতা নির্ভর করবে জনগনের রায়ের ওপর। এখানে হরতাল আহ্বানকারী বা প্রতিরোধকারীর তো মাঠে নামার কোনও প্রয়োজন নেই? নাকি এখন গণতন্ত্রের সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে? বাহুবল এখন মনে হয় গণতন্ত্রের মূল হাতিয়ার আর জনগন সেই গণতন্ত্রের স্বীকার।
যারা মুক্তিযুদ্ধ করে নিজের জীবন বাজি রেখে এই দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, তারা কি এমন একটা দেশ দেখার প্রত্যাশায় এত বড় ঝুঁকি নিয়েছিলেন? তারা এই দেশের জনগনের অধিকার নিশ্চিত করতেই জীবন বিপন্ন করেছিলেন, শহীদ হয়েছেন। আর আমরা শুধুমাত্র কিছু দিবসে তাদের স্মরণ করেই আমাদের দায় সেরে নেই। একটা স্বাধীন গনতান্ত্রিক দেশের জনগনের থাকবে মৌলিক অধিকারের নিশ্চয়তা, মানবাধিকারের সফল প্রয়োগ, মত প্রকাশের স্বাধীনতা, বৈষম্যহীন সমাজ। কিন্তু আমাদের প্রিয় এই দেশে এগুলোর কোনটাও কি আছে? যে দলই ক্ষমতায় আসে, তার সরকারের সময় দেশ উন্নয়নের জোয়ারে ভেসে যায়। দেশ ভাসে ঠিকই, তবে সেটা উন্নয়নের জোয়ারে নয়। অন্যকিছুর জোয়ারে। আর সেই জোয়ার কিসের জোয়ার, সেটা আপামর জনতা নিজের মনে খুব ভাল করেই জানে। কিন্তু প্রকাশ করতে পারে না। কারন বাক স্বাধীনতা শুধুমাত্র নামমাত্রেই সংবিধানে নিশ্চিত করা হয়েছে কিন্তু সফল প্রয়োগ নেই। যদি উন্নয়ন করতেই হয়, তাহলে গোঁড়া থেকে উন্নয়নের সূচনা হওয়া বাঞ্ছনীয়। আগে জনগনের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, মানবাধিকার সংরক্ষন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ করতে হবে, তারপর অন্যকিছু। আর এসবের জন্যেই জনগণকে আবার নতুন করে জাগতে হবে। নিজে সচেতন না হলে অন্য কেউ এসে অধিকার আদায় করে দিয়ে যাবে না। বিজয়ের এই মাসে তাই আমাদের শপথ হওয়া উচিত, আমরা প্রকৃত স্বাধীন জাতি হিসেবে নিজেদের অধিকার শতভাগ ভোগ করে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই এবং আমাদের পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে চাই একটি নিশ্চিত এবং সুন্দর ভবিষ্যত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



