দেশেই তৈরি হবে মোবাইল ফোন সেট ও ল্যাপটপ
এবার সরকারি উদ্যোগে দেশেই তৈরি হবে মোবাইল ফোন সেট, তৈরি হবে ল্যাপটপও। এছাড়া স্বল্পমূল্যে পাওয়া যাবে ল্যান্ডফোন। এ উদ্যোগের প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) চলতি মাসের মধ্যে মাত্র ৫০০ টাকায় ল্যান্ডফোন সেট বাজারে ছাড়ছে। দেড় হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে মোবাইল ফোন সেট ছাড়তে সময় লেগে যাবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত। একই সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় স্বল্পমূল্যে ল্যাপটপ তৈরির পরিকল্পনাও রয়েছে টেশিসের।
গতকাল বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য জানানো হয়েছে। বৈঠক শেষে কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, এক হাজার পাঁচশ থেকে ১০ হাজার টাকার মধ্যে ডুয়েল সিমের মোবাইল হ্যান্ডসেট উৎপাদন করবে টেশিস। এর আগে এ মাসের শেষে ৫০০ থেকে ৬০০ টাকায় ডিজিটাল ল্যান্ডফোন সেট তৈরি করে বাজারে ছাড়বে সংস্থাটি। এর বাইরে বিদ্যুৎ উৎপাদনের জন্য পরিবেশবান্ধব সোলার প্যানেল তৈরি, মোবাইল ফোনের ব্যাটারি এবং চার্জার তৈরির কার্যক্রম টেশিস গ্রহণ করেছে। উৎপাদিত পণ্য যাতে সরকারের অন্যান্য সব সংস্থা সরাসরি টেশিস থেকে কিনতে পারে সে বিষয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।
তিনি বলেন, ২০১০ সালের মধ্যে বাংলাদেশ ক্যাবল শিল্প সংস্থা ফাইবার অপটিক ক্যাবল উৎপাদন করতে সক্ষম হবে। খুলনায় ক্যাবল শিল্প সংস্থা ২০১০ সালের ডিসেম্বরের মধ্যে ফাইবার অপটিক ক্যাবল উৎপন্ন করবে। এজন্য ১০ কোটি টাকার একটি প্রকল্পও তৈরি করা হয়েছে। পূর্ণমাত্রায় উৎপাদন করতে পারলে তারা দেশের চাহিদার অন্তত ৭৫ ভাগ ক্যাবল সরবরাহ করতে পারবে। আর এর মাধ্যমে বিদেশ থেকে অপটিক্যাল ফাইবার ক্যাবল আমদানি কমবে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে আশা করেন তিনি।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




