ব্যবসায়ীদের কবলে রাজনীতি' না 'রাজনীতিবিদদের কবলে ব্যবসা'?
----------------------------------------------------- ড. রমিত আজাদ
এক বৎসর আগের কথা। প্রবেশ করলাম ঢাকার গুলশানের ব্যাটন রৌজ রেস্টুরেন্ট-এ। উদ্দেশ্য, আমার আমেরিকা প্রবাসী এক বন্ধুর সাথে কিছু সময় কাটানো ও ডিনার করা। এ সময় একজন বয়ষ্ক ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন, "আপনি কি আমাকে খুঁজছেন?" প্রবীন ব্যাক্তি তাই সালাম দিয়ে বললাম, "না, আপনাকে খুঁজছি না, আমার এক বন্ধু আসার কথা তাকে খুঁজছি।" তারপর সৌজন্যবশতঃ তাঁকে প্রশ্ন করলাম, "আপনার নাম কি?" তিনি আমার দিকে যেভাবে তাকালেন, তার মুখভঙ্গী দেখে মনে হলো যে, তাকে চিনতে পারছি না বলে তিনি বিব্রত। তারপর তিনি বললেন, "আমার নাম 'এক্স'। নামটি একজন খ্যাতিমান রাজনীতিবিদের নামের সাথে মেলে। আমি তাঁর দিকে ভালো করে তাকালাম। ঐ ব্যক্তিটিকে আমি দেখেছিলাম বছর পচিশেক আগে। তখন তরুণ ছিলেন। এরপর দীর্ঘকাল বিদেশে থাকার কারণে, অনেকেরই বর্তমান রূপ-চেহারার সাথে আমি পরিচিত নই। উনিই তিনি কিনা, সেটা নিশ্চিত হওয়ার জন্য আরেকটি প্রশ্ন করলাম, "আপনি কি করেন?" তিনি যদি বলতেন যে তিনি রাজনীতি করেন তাহলে আমি নিশ্চিত হতে পারতাম। কিন্তু তিনি উত্তর দিলেন, "আমি ব্যবসা করি"। আমি আবার সন্দেহে পড়ে গেলাম, ইনিই তিনি তো? যাহোক, প্রশ্ন করলাম, "আপনার অফিস কোথায়?" তিনি আবারো বিব্রত ভঙ্গীতে বললেন, "গুলশানে।" আমি বললাম, "ভালো ভালো! আমারো বনানীতে অফিস।" কিসের ব্যবসা সেটা আর জানতে চাইলাম না। একটু পরে আমার বন্ধু প্রবেশ করলেন, আমি পরিচয় করিয়ে দিলাম, "এইযে আমার বন্ধু, আমেরিকায় চাকুরী করেন। আর এই মুরুব্বী ব্যবসায়ী, গুলশানেই উনার অফিস।" সেই মুরুব্বী দেখলাম আরো বিব্রত হলেন।
আমরা অন্য একটি টেবিলে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর যাদের ভিতরে প্রবেশ করতে দেখলাম ও ঐ প্রবীন ব্যক্তিটির সাথে বসতে দেখলাম, তাতে আমার আর কোন সন্দেহ রইলো না যে, ইনিই সেই রাজনীতিবিদ। এবার প্রশ্ন, তিনি আমার কাছে তার পরিচয় রাজনীতিবিদ হিসাবে না দিয়ে ব্যবসায়ী হিসাবে দিলেন কেন?
(কিছুদিন আগে এস.এ.টি.ভি.-তে একটা প্রোগ্রাম করছিলাম, শিরোনাম 'ব্যবসায়ীদের কবলে রাজনীতি'। এখন ভাবছি কোনটা ঠিক? 'ব্যবসায়ীদের কবলে রাজনীতি' না 'রাজনীতিবিদদের কবলে ব্যবসা'।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




