----------------- ড. রমিত আজাদ
তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শেষ হয়েছে তো সেই কবেই,
তারপরেও তোমাকে দেখি স্বপ্নে।
কুহকী নিশির গভীর নীরবতার অন্তিম অন্তপুরে,
কত কলরব মিলেমিশে বুদবুদ হয়ে ভেসে ওঠে মানস নিধিতে।
অনেক চেষ্টা করেছিলাম মুছে ফেলতে সব নিনরণী,
শ্রেণীকক্ষের সফেদ রচনাফলকে লেখা অতিক্রান্ত জ্ঞানভাষণ
যেমন করে মুছে ফেলেন বিজ্ঞ শিক্ষক।
তারপর শুদ্ধ-নির্মল ফলকটি অপেক্ষা করে পরবর্তি পর্বের জন্যে।
কিন্তু কই? বিফল সকল চেষ্টা!
কোমল বালিশের ভিতরে লুকিয়ে থাকা কোন করুন পাখীর তীক্ষ্ণ পালক,
বার বার খোঁচা দিয়ে জাগিয়ে দেয়,
ঘোর বর্ষায় ক্রন্দন দৌর্মনস্যে মেঘের আর্তনাদ হয়ে।
জীবন সংগ্রামে হারিয়ে যাই মাঝে মাঝে,
নিষ্পাপ শৈশবের স্মৃতিও তখন ধুসর হয়ে ওঠে।
আবছায়া কুজ্ঝটিকা ঝাপসা করে ফেলে আস্যরেখা
তবুও উপলদ্ধি করি তোমার সন্নিধি,
আশাপ্রদ ঊষা, রোদেলা দুপুর, আকুল বিকেল, বিষন্ন সন্ধ্যা,
অষ্টপ্রহর অহর্নিশ উপস্থিতি চিত্রানুগ,
কায়ার শিহরণে নয়, অনিবার হৃদস্পন্দনে, অবুঝ মনের বন্ধনে,
সুস্পষ্ট তোমার ছবি, সুস্পষ্ট তোমার ছবি, সুস্পষ্ট তোমার ছবি।
13th April, 2015
Monday
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




