আমার এলাকায় যাদের বাড়ি তারা সবাই জানে আমার বাড়ি কোথায়, আর যারা জানেনা তাদের বলি আমার বাড়ি হল একদম আমলা গার্লস স্কুলের পাশে, পাশে মানে একেবারেই পাশে just মাঝখানে একটা দেওয়াল । আমাকে বাড়ি থেকে কোথাও যেতে হলে সবসময় স্কুলের পাশ দিয়েই যাওয়া লাগত । কেউ মানুক আর না মানুক গার্লস স্কুলের পাশ দিয়ে যাওয়াটা আসলেই অত্যন্ত কঠিন কাজ, আর আমার মতো নরম হৃদয়ের মানুষের জন্য তা রীতিমত নরক যন্ত্রণা ছিল । ১৯৯৯ সাল অর্থাৎ যখন আমি ৮ম শ্রেণীতে তখন এই নরক যন্ত্রণা ছিল সবচেয়ে বেশি । আমি ঐ সময় গার্লস স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় কি ধরনের চিন্তা করতাম সেটাই আমি এখন বলতে যাচ্ছি ...
১৯৯৯ সালের কোন একদিন সকাল ১০ টায় মা আমাকে তেল কিনতে পাঠাল ...
আচ্ছা একটু পরেই তো স্কুল সুতরাং একবারে সার্ট প্যান্ট পরেই তেল কিনতে যায় । (প্যান্ট পরতে পরতে আয়নার সামনে)আচ্ছা আমার বডি কি সত্যি সালমান খানের মতো ! সেদিনিই তো সুইট বলল আমার নাকি ব্যাপক বডি। অবশ্যই আমার বডি সালমান খানের মতো, কারণ প্রতিদিন সকালবেলা দৌড় দিচ্ছি, ২০ টা করে ডিপ্স দিচ্ছি । আরে সেদিনিই তো ১ কারাতের কোপে ৫ টা পাটকাঠি ভেঙ্গে ফেললাম , এমনি এমনিতো লুকমান আমাকে আর হারকিউলিস বলেনা ! নাহ সার্ট থাক, কালকে যে স্কিন টাইট গেঞ্জি টা কিনে আনলাম ওইটাই পরি । মেয়েরা আমার বডির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে, আসলেইতো আমলায় আমার মতো বডি আর কারো নেই । প্যান্ট পরবো ! স্কিন টাইট গেঞ্জির সাথে প্যান্ট পরলে সবাই তো বলবে আমি খুব ভাব নিচ্ছি, আবার মেয়েরাও ভাববে যে আমি সাজগোজ করে বেরিয়েছি , নাহ এটা তো কিছুতেই মেনে নেওয়া যায়না সুতরাং লুঙ্গি পরি। আচ্ছা চশমা পরলে তো আমাকে বেশ কবি কবি লাগে আবার নিজেকে বেশ ব্যাস্ত মানুষ মনে হয় সুতরাং চশমাটা তো অবশ্যই পরতে হবে। (চশমা, স্কিন টাইট গেঞ্জি,লুঙ্গি আর তেলের বোতল হাতে নিয়ে তেল কিনতে রওনা দিলাম)...
বাড়ির গেটের বাইরে...
আরে সামনেই তো ৮ম শ্রেণী। ড্যানি, পাউলি আর পমতা মনে হয় জানালার পাশে বসে আছে, ওরা দেখলেই তো ডাক দেবে। ডাক দিলে কিছুতেই ওদের সামনে হাসবনা, হাসলে আমাকে কেমন যেন মদন মদন মনে হয়। কম্যান্ডো মুভিতে আর্নল্ড সয়ারজনেগার কিরকম গম্ভীর ভাবে চলাফেরা করত একটুও হাসতনা, ওহ কি ম্যানলি যে লাগে, আবার বডিগার্ড মুভিতে জেটলিও তো একটু হাসেনা এইজন্যই তো নায়িকা আগ বাড়িয়ে ওর প্রেমে পড়ে গেল। সুতরাং ডাকলে একটুও হাসা যাবে না, গম্ভীর হয়ে থাকতে হবে। ওরা ডাকলে অবশ্যই বিখ্যাত পিস্তল ফাইটার রক বেননের(ওয়েস্টার্ন বইয়ের হিরো) মতো কপালে একটা ভাজ ফেলতে হবে । আচ্ছা ওরা মনে হয় আমাকে নিয়ে খুব আলোচনা করে, হুহ আলোচনা করলেই হবে নাকি আমি কোন বান্ধবীর সাথে প্রেম করবনা
এই হলো মোটামুটি আমার ৪ - ৫ মিনিটের চিন্তা তাও এটা শুধু দোকানে যাওয়ার পথে। যেহেতু তখন আমি নিতান্তই কিশোর ছিলাম সুতরাং আমার চিন্তা ভাবনাও ছিল কিশোর সুলভ মানে অপরিপক্ক। সেই ভাবনা গুলো এখন মনে পড়লে নিজেকে কেমন যেন আজীব লাগে আর স্বয়ংক্রিয়ভাবে মুখে কেমন যেন হাসি হাসি ভাব চলে আসে।
অ টঃ ফেসবুক বাদে যেকোনো ধরনের পাবলিক প্লেসে এটাই আমার প্রথম লেখা সুতরাং লেখার ভিতরে ভুল থাকতেই পারে । ভুল থাকলে কমেন্টে ধরিয়ে দিলে আমি কৃতজ্ঞ থাকব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


