কোন একদিন বিমূর্ত চুম্বনের
মত শব্দগন্ধে, হাজার বছরের
অসুন্দরের পূজারি
আমি কিংবা তোমার মত কেউ
হেলেনের দৃষ্টিতে খুঁজে ফিরি
মৃত নগরীর অন্তিম ব্যবচ্ছেদ।
ঘামের ফোঁটায় সভ্যতার ঢেউ,
নতজানু যুগলের বিষণ্ণ শূন্যতায়
জোৎস্নায় প্লাবিত স্বপ্নের
মত স্পর্শ ছিলনা বলে,
এঁকে দিবে সলিল সমাধির সব আয়োজন।
যদিও তোমাকে নামাব বলে,
আমি নিজেই নেমে গেছি বহুদূর!
তবুও তুমি অটল পাহাড়ের মত
চেয়ে আছ অধরা জিউসের অন্ধকারে।
শেকলবন্দী দানবের মত নখের আঁচড়ে
রক্তাক্ত করতে না পারার
আস্ফালনে আজো খুঁজে ফিরি
তোমার অভুক্ত মনের ইউটোপিয়া।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




