চুয়ে চুয়ে বৃষ্টির পানি পড়ছে আমার বিছানার কিনারে
ভিজে গেছে নকশী কাঁথার ভাঙা কুলার অংশটুকু
এ দেখে কীভাবে খুশি হব আমি,কীভাবে বৃষ্টিতে ভিজতে
ইচ্ছে জাগবে আমার,তাই আজ ঘন বর্ষার দিনেও আমি
লিখতে বসি বিষণ্ণতার কথামালা,লুকিয়ে থাকা কষ্টে
জর্জরিত সামান্য হলেও নির্ভয়ে বেদনা সহ্যের বীরত্বটা।
আকাশ বেদনা সইতে পারেনা,পারে একরাশ নীলের বোঝা বইতে
সামান্য ব্যথায় ঝিরঝির করে ছেড়ে দেয় তার নীল হৃদপিণ্ডের
ঘোলা মেঘের আবরণটুকু,কখনো বা মুষলধারে কেঁদে কেঁদে বিলিয়ে
দেয় এ পৃথিবীর সকল প্রাণীর হৃদয়ে,কেউ সুখে আবার কেউ হাঁ হুতাশ
করে মিলিয়ে দেয় বিশাল আকাশের এক খণ্ড পরাজিত কষ্ট
বৃষ্টির ছন্দে উল্লাসে ভাসে প্রেমিক প্রেমিকার ফোনালাপ
কবি সাহিত্যিকের মনে এঁকে যায় নতুন কোন দৃশ্যপট
রোঁদে ফাটা চৌচির মৃত্তিকার এতদিনের যন্ত্রণা হবে বাসি
আরব্য কল্প কাহিনীতে দুপুরের রোদে ক্লান্ত চরিত্রটির সামান্য বিরতি
আলসেমিতে ঘুম ঘুম চোখে মেতে উঠবে দাবার গুটি
জুয়াড়িদের মনে নতুন দু’চার জন সঙ্গী পাওয়ার অনুভূতি
মায়ের চোখে পরিবারের সবার একসাথে খিচুরি খাওয়ার খুশি
কিশোরী মেয়েটির পাঠশালায় না যাওয়ার আনন্দের হাসি
আর এরা সবাই নির্দ্বিধায় বলে দিবে বৃষ্টি তোমাকে ভালবাসি।
অসুখে পড়ে থাকা সারাবছর একটি কাপড় মুরিয়ে কাটানো পথিকের কথা
কর্দমাক্ত পথে বয়স্ক প্রাণীগুলোর হার ভাঙার পরের অনুশোচনা
পদ্মার বুকে একটি ট্রলারের নিমিষে উল্টে যাওয়ার রেডিও বার্তা
পথ শিশুদের অবিক্রীত বকুল ও শিউলি মালার মায়া কান্না
দিনমজুরের খরচ জোগাতে বৃষ্টি থামার অগ্রাহ্য প্রার্থনা
লোকাল বাসে ঝুলতে না পেরে দিগুণ খরচের মন খারাপের ছবিটা
হঠাৎ কুটুমের আগমনে গৃহকর্তার বৃষ্টি ভিজে বাজার করা
গরীবের পুরনো বাড়ির চাল বেয়ে জল আটকাতে দু’চারটে পাতিলের যোগান দেয়া
অনিচ্ছাকৃত মনে বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রমের মাইনে হাতে নেয়া
তুমি এদের জিজ্ঞাসা করে দেখ,বৃষ্টি্ ,বাধ্য হয়ে মেনে নেয়ার ক্ষতি করেছে।
আমি বৃষ্টির বিরোধিতা করছিনা খেপছিনা প্রকৃতির এমন আচরণে
আমি ভাসছি বাস্তুসংস্থান টিকেয়ে রাখার অদৃশ্য মায়াজালে ।
______________
___রাসেল হোসেন (২৬/১০/১৩)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


