একবার আমার স্ত্রী নীতু আমাকে রাত তিনটায় জাগাল। প্রচন্ড বিরক্তি নিয়ে বললাম,
‘এতো রাতে বিরক্ত করছ কেন?’
নীতু অপরাধী অপরাধী ভঙ্গীতে বলল,
‘আমার কেমন যেন করছে।’
আমি নিস্পৃহ ভঙ্গীতে বললাম,
‘কোথায়?’
নীতু বলল,
‘কোথাও না। ঘুমাও।’
এক হাড়ী বিরক্তি নিয়ে বললাম,
‘মাঝরাতে ঘুম থেকে টেনে তুলে বলছ ঘুমাও? এটা কেমন ব্যবহার? আদব-কায়দা কিছু শেখ নি? ছোট বেলায় সিপারা-কোরান পড়নি?’
‘পড়েছি।
‘না পড়নি। পড়লে আদব-কায়দা কিছু শিখতে।’
‘খারাপ লাগছে বলেই তো ডেকে ওঠালাম।’
‘খারাপ লাগলেই মাঝরাতে ডেকে ওঠানোর কিছু নেই।’
নীতু প্রচন্ড মন খারাপ করে বলল,
‘আচ্ছা ঘুমাও। আর কখনো ডাকব না।’
‘তা কি করে হয়? এমনিতে নিশ্চয় ডাকো নি। কাজের জন্যই ডেকেছ। তাই সিদ্ধান্ত নিয়েছি এখন আর ঘুমাব না। কিচেনে যদি লেবু থাকে, এক গ্লাস ঠান্ডা লেবু শরবত করে আনো। খাব। ঘুম ভাঙিয়েছ এটা তার শাস্তি। গ্লাসে এক মুঠো গুড় ছেড়ে দিবে। আমার বাবার চিনি কেনার সামর্থ ছিল না। তাই আমার মা আমাকে গুড়ের শরবত খাওয়াত। তুমি খাওয়াবে লেবু সহ গুড়ের শরবত। পারফরমেন্সে মার চাইতে অন্তত কিছুটা এগিয়ে থাকবে।’
নীতুর মন ভালো হয়ে গেল। চোখে হাজার ওয়াটের লাইট ঝিলিক মারল।
প্রবল উৎসাহে নিয়ে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত বানিয়ে আনল। এসে দেখে আমি ঘুমিয়ে গেছি। লজ্জায় সে ঘুমাতে পারল না। ভোরবেলা পর্যন্ত সে গ্লাস হাতে বসে থাকল। আমি জেগে উঠে বিরক্ত হয়ে বললাম,
‘সারারাত জেগে ছিলে?’
‘হুম।’
‘জেগে থাকার কিছু নাই। বায়োজিদ বোস্তামীর খোলস গায়ে দিয়ে সং সাজা আমি একদম পছন্দ করি না।’
নীতু অপরাধী অপরাধী ভঙ্গীতে ঠোটে ঠোঁট চেপে বসেই রইল। আমি আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙ্গল দুপর একটায়। উঠে দেখি নীতুর ঠোঁট কেটে রক্তারক্তি অবস্থা। জিজ্ঞাসা করি কিভাবে কাটল, কিছু বলে না। মারাত্মক আত্ম-কেন্দ্রিক মেয়ে। পেটের মধ্যে বোমা ফাটালেও মনের কষ্ট প্রকাশ করবে না। মনের কষ্ট মনেই মরে, মুখে শুধু মধু ঝরে টাইপ মেয়ে।
গল্পঃ গহীন আঁধারে (আংশিক খন্ডিত)
Written By: রাজীব হোসাইন সরকার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




