গোধুলীর লালে শঙ্খচিলের ডানায় আঁধার জড়িয়ে নামছে সন্ধ্যার পর্দা। অনেক দূরে জোনাকির আলো থেকে বিতাড়িত এক নাগরিক ঋষি গাইছে গান, "সূর্য তুমি নিও না বিদায়, সন্ধ্যা তারার আহবানে।"
ঋষি চায় না বেদনার জলে ডুবে যেতে, নিতল রাতের স্পর্শে তার রিনিঝিনি স্মৃতি হারিয়ে যাক তারার দেশে। তার আকুল আবেদন, আঁধার যেনো সাড়া না দেয় অস্তরাঙার আভাসে। তবু নিকষ কালো রাত আসে, আর ঋষির বিষাদী চোখের কোনে অভিমান জমে জমে হয় বরফ শীতল।
পাঁজরভাঙা দীর্ঘশ্বাস আর অপলাপ পেরিয়ে সকাল আসে। এক প্রবল প্রতিপক্ষ রাতকে পেছনে ফেলে ঋষি জানালা খোলে। মুমূর্ষু দৃষ্টি মেলে দেখে ড্যান্ডিলায়নের ডানায় আলোচ্ছ্বটা। সময়ের পাতায় লেখা হতে থাকে দীর্ঘ ফড়িং ডানার গল্প।
এক ফড়িং অবাধ্য হয়ে মনের খেয়ালে উড়তে গিয়ে ডানা ভেঙে ঘুরে ঘুরে পড়ে গিয়েছিলো ঘাসের উপর। তখন ঋষির হৃদপিণ্ডে থমকে যায় শব্দের গতি ধারা। শহরের ওপাশে নদীর কাছে নিয়ে গিয়েও বাঁচতে পারেনি সে ফড়িং।
ফড়িংগুলো এরপর নিঃসঙ্গ ঋষি বাড়ির দেওয়ালের ওপাশে নিরাপদ আশ্রয়ে বাসা বাঁধে। অজস্র অশ্রুতে অন্ধ ঋষি কান পেতে থাকে তার দেওয়ালে। ফড়িং ডানার গান শুনে যায় সারাটিদিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



