
দুহাতে মাথা ঢেকে হাঁটু গেড়ে বসে নিজের অধঃপতনের শব্দ শুনি। ভয়াবহ সেই শব্দের তুলনা হতে পারে ব্যাটম্যান বিহীন গথাম সিটির জোকারের হাসিতে। সেই জোকার যে হাসিমুখ ধরে রাখার জন্য রক্তের রঙ দিয়ে মুখে এঁকেছিলো প্রেমিকার লিপস্টিক হাসি। জীবনের মায়ার বাঁধন ছিড়ে জোকার হয়ে উঠেছিলো মৃত্যুর দিকে হেঁটে যাওয়া জাদুকর। জোকারের হাতে ছিলোনা জাদুর রুমাল, ছিলো থকথকে অন্ধকারের আর্তনাদ।
ঘুমিয়ে থাকা অতীতের পেটে পেন্সিলের আঘাতে জর্জরিত করার মাঝে ছিলো জাদুর অবসন্নতা। জোকারের কাছে শিখেছিলাম এই মহাবিশ্বের বিশালতার সাপেক্ষে একজন মানুষ অতি ক্ষুদ্র এবং অতি অগুরুত্বপূর্ন। তার নিজস্ব স্বপ্ন, আশা, আকাঙ্খা, ভয়, ইউনিভার্সিটি ডিগ্রী, দুঃখ, কষ্ট ইত্যাদি মহাবিশ্বের কাছে তুচ্ছ থেকে তুচ্ছতর, একেবারেই মূল্যহীন। কাজেই তোমার ফিরে না চাওয়া তেমন গুরুত্বপূর্ণ কিছুনা। একজন মানুষ উধাও হয়ে গেলেও কারও তেমন কিছু যাবে আসবে না।
জোকারের নির্মমতার বদলে শিখেছিলাম একাকীত্বের ভয়াল অন্ধকারে মৃত লাশ হয়ে মুখ থুবড়ে পরে থাকা। অন্ধকারে চোখ মেলে পেয়েছি সমুদ্রে ম্যাগপাইয়ের ডুবে যাওয়া দেখে ঈশ্বরের নিদারুণ উদাসীনতা। ভালোবাসায় ভিজতে চাওয়া ম্যাগপাইয়ের দিকে ঈশ্বর ফিরেও তাকালেননা।
সমুদ্রের বুকে চোখ হয়ে ঈশ্বরের মাহাত্ম্যকে গিলে খেতে চেয়েছিলাম।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




