মনটা ভালো নেই। কখনোই ভালো ছিলো না। চেয়েচিন্তে চলা কোনো সত্বার আপন জীবন বলতে কিছু নেই। তাই মানুষের কথায় হাসতে হতো, ভালোবাসতে হতো। কখনো বলা যাবে না নাক উঁচু করে এটা ভুল। সবকিছুই ঠিক।
পৃথিবীতে এমনও জাতী আছে যারা নাকি রাস্তায় মূমুর্ষ হয়ে পড়ে থাকা অবস্হায় জিজ্ঞেস করা হয়," কেমন আছো এখন?"
হাসি মুখে বলবে,"কখনোই এতটা ভালো ছিলাম না। খুব ভালো আছি।"
কিভাবে পারে মানুষ আমার জানা নেই। বোনটাকে ফোন দিলাম অনেক দিন পর। কেঁদে উঠলো। ও জানে আমি মাঝরাতেই ফোন দেই। যদি ফোন না ধরে তাহলে জানতাম ও সুখে আছে। যদি ধরে তাহলে ধরে নেই কষ্টে আছে। যদি গলা কাপতে থাকে......
বাবা অনেক স্বপ্ন নিয়ে মানুষ করেছিলেন আমাদের। দেশটা একদিন ভালো হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। তার সন্তান থাকবে দুধে ভাতে। তার উল্টোটাই ঘটলো। মেয়ের প্রতিভা থাকা সত্বেও অল্প বয়সে বিয়ে দিয়ে দিলো। এই দুঃখে ছেলের সাথে তার সম্পর্ক তিক্ততায় ভরে গেলো।
তবু সবকিছু চলতে থাকে। আমি এক আশফাকের জন্য সারা দুনিয়া থেমে থাকে না। আমি না খেয়ে থাকলেও মানবজাতীর এগিয়ে যাওয়া এতটুকু ক্ষতিগ্রস্হ হবে না।
কাল টিউশনি থেকে আসবার সময় রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। কতক্ষন অজ্ঞান ছিলাম জানি না, জ্ঞান হবার পর দেখি যেখানে পড়েছিলাম সেখানেই আছি। পকেটের সবকিছু চেক করে কোনোমতে বাড়ি ফিরে আসি। কিছু খাই। বমি করি। বমি হলো লাল বমি। বুঝলাম রক্ত পড়েছে।
রহিম ভাই সকালে ডাক্তারের কাছে নিয়ে গেলো। পকেটের ৪০০ টাকার ৩০০ টাকাই চলে গেলো। আবারও হাত পাততে হবে। জানি না এবার কিসের জন্য হাত পাতবো? বাকী মাস খাওয়ার জন্য নাকি ডাক্তারের ফিস আর পথ্য কিনবার জন্য।
এ জীবনটা বেচে থাকা অসহনীয় ইদানিং।
রাগ ঝাড়লাম পোস্টগুলোর উপর। সবগুলো মুছতে পারিনি। মুছতে গিয়ে কারসরটা পোস্টের উপর রাখার সাথে সাথেই মনে পড়ে গেলো কত মানুষের কত কমেন্ট। মায়া লাগলো।
জীবনে বেচে থাকাটাই আমার কাছে মায়াময় হয়ে গেছে। কোনো সুখকর অতীত ছিলো না, বর্তমান ডাস্টবিনের ময়লার মতোই অচ্ছুৎ, আর ভবিষ্যত যেনো নিকষ কালো আমাবস্যা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


