দেখতে দেখতে আরো একটি শীত এসে গেলো। এ বছর কেমন শীত হবে ধারনা করা যায়। তাপমাত্রা ১০ এর নীচে যেতে থাকবে, খবরপত্রে ভরে উঠবে উত্তরান্ঞ্চলে মৃত মানুষের সংবাদ। বেশ ছোট ছোট লেখা হবে সেগুলো, তবে ভিতরের পাতাতে বড় বড় ছবিতে দেয়া থাকবে শীতবস্ত্র প্রদানের খবর। দৈর্ঘ্য প্রস্হের অনুপাতে মৃত মানুষের খবরগুলো চাপা পড়ে যাবে এসব শীতবস্ত্রের প্রদানের পিকনিক অনুষ্ঠানে। এই কাতারে সামিল হয় স্বচ্ছল ঘরের বেকার সন্তানেরা, কর্পোরেট অফিসের কোট টাই ওয়ালারা, কিছু জাগ্রত মানুষের সুস্হ দল, এলাকার ছোট বড় নেতা কর্মী এমপিরা এমনকি যুদ্ধাপরাধীরাও।
বাসায় বাসায় উঠতি যুবকদের শীতবস্ত্রের নামে চাঁদা তোলা, পুরোনো কাপড় চোপড় নেয়া, দেখতে ভালোই লাগে নিজে কিছু করতে পারি না এরা তো করছে। গতবার আমার একমাত্র কম্বলটা দিয়ে দিয়েছিলাম। শুধু একটা কাথা দিয়ে পুরো শীত পার করেছিলাম। জ্বর ঠান্ডা তখন থেকেই আমার বসে গিয়েছিলো। এরকম ভালো কাজের উচ্ছ্বাস থেকে আমি নিজেকে সরিয়ে রাখতে পারিনি। সেই কম্বল আজও কেনা হয়নি। জ্বরে গরমে ঠান্ডায়, বৃষ্টি পড়া ঠান্ডা হাওয়ায় অথবা টাইফয়েডের ঠান্ডা চুম্বনে ছেড়া খাতাটা আমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। জানি না এই শীতে আমি ওদেরকে কি দেবো?
ব্লগে দেশ ভাবনা কম দেখি। মানুষ তার প্রেয়সীকে নিয়ে কবিতা লেখে। ভালোবাসি, কতটা ভালোবাসি এই একটা কথাকে কত সুন্দর ভাবে বলা যায় তার প্রতিযোগীতা চলে। বলতে দ্বীধা নেই এমন থেকে লেখা সুন্দর মনের মানুষগুলো যাদেরকে নিয়ে কবিতা লেখে, তারা খুবই ভাগ্যবান/ভাগ্যবতী। এসব যুগল যদি কখনো এক হতো তাহলে নির্দ্বীধায় বলা যায় পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতী হবে এরাই।
মাঝে মাঝে রান্নার পোস্ট দেখি। অসাধারন কিছু ছবি ব্লগ। যে রাতে খাওয়া হয় না, সে রাতে এসব রেসিপি পোস্ট খুলে বসে থাকি।
ছোটবেলা বাবা বাজার থেকে এক বোতল গাওয়া ঘি কিনে এনে গল্প শুনিয়েছিলো। মা খিচুড়ি রেধেছিলো সেদিন আর ইলিশ ভাজা। বাবা মজা করে আমাদের নিয়ে খাচ্ছিলেন আর আমাদেরকে বলছিলেন চাপরাশী বাবু নাকি গাওয়া ঘিয়ের গন্ধ শুকে পুরো এক গামলা ভাত সাবাড় করে দিতে পারতো। বলতো কেন?
আমরা বলতাম বেটা পেটুক। বাবা হেসে বলতো সে পেটুক না, সে গরীব। কারন সে ঐ ঘি বিক্রি করে চাল কিনে আনতো। ঐ ঘিটাই তার জীবিকার সম্বল। কিন্তু ঘি এর ঘ্রান এতই সুমিস্ট যে তা দিয়ে ভাত খেয়ে ফেলা যায়।
ব্লগ দেখলে দেশ বোঝা যায় না, বোঝা যায় না পত্রিকা পড়েও। ঢাকা মেডিক্যল কলেজের বারান্দা দিয়ে হাটলে দেশ চেনা যায়। দেশ কিভাবে চলছে জানা যায়। ৫০০টা বেড রোগীর সংখ্যা ৪, ৫ অথবা ১০ হাজার? আমার কোনো ধারনা নেই। সরকারের ঔষুধ, ডাক্তার ইন্টারনী যন্ত্রের মতো কাজ করছে। তবু মানুষ চিকিৎসা পায় না। ওটি রুম খালি থাকে না, তবু বিনা চিকিৎসায় মারা যায়।
সামান্য ভুলে এসব যন্ত্রের মতো ডাক্তারদের গায়ে হাত তুলি। আমি যখন ডাক্তার দেখাতে গেলাম তখন দেখলাম কংকালসার একটা ছেলে একজন ইন্টার্নী ডাক্তারের সামনে দাড়িয়ে মা বাপ তুলে গালি দিচ্ছে। আশেপাশের সবাই রাগে তাকিয়ে আছে। ইন্টার্নী ডাক্তার আরেকজন রোগীর বুকে স্টেথোস্কোপ দিয়ে ছিলো। কিছুক্ষন পর ঐ কংকাল সার লোকটা ইন্টার্নী ডাক্তারের পিঠে ঝাপিয়ে পড়লো। কিন্তু সে এতই শক্তিহীন ছিলো যে ডাক্তার সোজা হতেই পড়ে যায়। কংকাল সার ছেলেটি কান্নায় ভেঙ্গে পড়ে। মাটি খামচে চিৎকার করতে থাকে,"আম্মা, আমারে নিয়া যা। তুই একলা কেন চইলা গেলি?"
সেই ডাক্তার মাথা নীচু করে চলে গেলো।
দেশটা আমার অসম্ভব সুন্দর। দেশের মানুষগুলোর মনও সুন্দর, সন্দেহ নেই। মেধা আছে তাও অস্বীকার করা উপায় নেই। এত দারিদ্রতা, এতগুলো মুখ কোনো কিছু দিয়েই কোনো কিছু হচ্ছে না। কিছুতেই কিছু হচ্ছে না।
সুশাসন চাই আমরা, কিন্তু এটা ভাবি না যে সেই সুশাসন কারা দেবে? যারা দেবে তাদেরই বা ভবিষ্যত কি?
আমরা পুলিশের কাছে আমাদের নিরাপত্তা চাই। পুলিশ আমাদের স হায়তা করে আসামী ধরে আদালতে দিয়ে দেয়। আদালতে অনেক মামলা ঝুলে আছে। সময় যায়, সাক্ষী কেস সব দুর্বল হয়। আসামী ছাড়া পায়। সে পুলিশের বদলি হয় প্রত্যন্ত অন্ঞ্চলে। মনোবল ভেঙ্গে যায়। তাকে দেখে অনুৎসাহিত হয় তার সহকর্মীরা। এভাবেই হেরে যায় ভালো কিছু করার। তখন মানুষ নিজের হাতে আইন তুলে নেয়। অথবা সমাজবিদ্রোহী হয়ে যায়। বিশৃঙ্খলা নেমে আসে। অরাজকতা এভাবেই শুরু হয়, চলতে থাকে।
এরকম বহমান দুঃসময় থেকে মুক্তি কবে পাওয়া যাবে সে সম্পর্কে ন্যুনতম ধারনা নেই, জানা নেই কিভাবেই মুক্তি পাবো। আশাবাদীরা মানুষেরা বলে এই ঘোর অমানিশা কাটবে একদিন।
আমরা সবাই রাজনীতি ঘৃনা করি, ঘৃনা করি যুদ্ধাপরাধীদের। ঘৃনিত রাজনীতি আমাদের ঘৃনিত এই যুদ্ধপরাধীদের বিচার দিয়ে শুরু করে টালবাহানা। অথচ আমরা কেউ নিজেরা এগিয়ে যাচ্ছি না।
নিজেদের মেধাগুলো কাজে লাগাচ্ছি না রাজানীতিতে জমে থাকা দশকের পর দশক জুড়ে ময়লাগুলো। শুধু ছেড়া খাতায় শুয়ে স্বপ্ন দেখি অথবা লোকাল বাসে গরমে জ্যামে বসে খালেদা হাসিনার গুষ্ঠি উদ্ধার করি অথবা পেপার পড়তে বসে আড্ডায়, ফেসবুকে ধোঁয়া তুলি।
যতক্ষোভ তাই ব্লগে এসে ঝাড়ি, এর বেশী কিছুই যে আর করতে পারি না। জীবনে আসেনি এমন কেউ যাকে দু প্রস্হ কবিতা লেখা যায়, এমন কিছু ছিলো না যাকে নিয়ে স্বপ্নবিলাস করা যায়। আছে এক নির্মম বর্তমান যা পুরোপুরি ধ্বংসপ্রায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


