দেয়ালের ওপারে ঘন ঘোর রাত। কান পেতে শুনি আলোকহীনতার কথকতা। এ এক অদ্ভুত রূপ ঘন আধারের। জ্যোনাকী পোকারা আজকাল বনবাসে জীবনের ওপারে। পাখির ঘুম থেকে জেগে ওঠা কিচমিচ, অথবা ডোবাতে অস্বস্তিতে পালিয়ে বেড়ানো ব্যাঙ্গের ডাকও অনুপস্হিত। নগরীর কোলাহল থেকে কিছু ক্রোশ দূরেই আদিমতার এই শেষ চিহ্ন আমি দেখতে চাই। কারন আমি জানি আর কয়েক বছর পর এটাও হারিয়ে যাবে বৈকি।
জীবিকার তাড়নায় শহরময় ঘুরাঘুরি এখন আর অর্থহীন মনে হয় না। অর্থহীন মনে হয় এই বেচে থাকা। বয়স বাড়ছে লাগামহীন ঘোড়ার মতো, স্বপ্ন গুলো মরছে তারই খুরের আঘাতে। বয়স কত হলো? ৩০ হয়তোবা। যখন শূন্য পকেটে এপথ ওপথ ঘুরে বেড়াতাম তখন স্বপ্ন ছিলো আকাশছোয়া। যখন পকেট বিহীন শার্টে কার্ডের পিন নম্বর মনে রেখে এগুতে যাই তখন আর স্বপ্ন খুজে পাই না।
রহিম ভাইয়ের সাইবার ক্যাফেতে কাল লুট হয়েছে। সকালে গিয়ে দেখে কম্পিউটার গুলো নিয়ে গেছে। ২ লাখ টাকা পুজি করে সদা হাস্যজ্বল মানুষটি এখন আর ফোনে কথা বলছে না। সকাল হলেই ফিরে যাবো ঢাকায়। কি বলবো? ২ লাখ টাকা দিলেও তার মনটা জোড়া লাগবে না।
গত সপ্তাহে মিলন আর ফেরেনি বাসায়। ওর কাছে তো দোকানের আরেকটা চাবী ছিলো তাই না? নাও থাকতে পারে। মিলনরা যখন হারাতে চায় তখন কেউ আর খুজে পায় না। শুধু মিলন না, এই শহরে কিছু হারালে সেটা আর খুজে পাওয়া যায় না। কেউ যদি সর্বস্ব হারিয়ে ফেলে তাহলে তাকে শহর জীবন ছাড়তে হয় অথবা কুকুরের মতো বেচে থাকতে হয়। শূন্য থেকে শুরু হতে দেয় না এ শহর। সর্বগ্রাসী এ ঢাকা শহর।
কাপ্তাই হ্রদে যাবো বলে ঠিক করেছিলাম।লিচুবাগান এসে বসে আছি। লিচুগাছ আছে নাকি দূরে কোথাও। কাপ্তাই যাবো বলে ঠিক করিনি, ঘটনাটা শুনে মাথা ঠিক ছিলো পাঁচলাইশের গেস্ট হাউজ থেকে বেরিয়ে হাটতে শুরু করি। একটা বাসে উঠে গেলাম। এখানে নামলাম। রহিম ভাইকে ফোন দিলাম, সে বললো সে নাকি ঢাকা ছাড়বে।
তাকে আমি কি করে বুঝাই তাকে ছাড়া আমি থাকতে পারবো না। কাল দুপুরে গিয়ে যে তাকে পাবো সেটাও মনে হয় না। বুকে একটা ক্ষীন আশা,হয়তো মদের নেশায় কিছু একটা বলে ফেলেছে। যদি নেশা কেটে যায় তাহলে সে নাও যেতে পারে।
২ লাখ টাকার দরকার, দোকানটা দাড়িয়ে যাক। এই ঢাকা শহরে কিভাবে দু'লাখ টাকা কামানো যায়?
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


