১. জন্ম
দেখতে পেতাম যদি
জন্ম আমারঃ
কেঁদে ওঠা, আলতো ক’রে হাসা
কোলের উষ্ণতায়।
নাম রাখতেও দেয়া যেতো রায়,
আমি কি কৃষ্ণ হবো
বাজাবো বাঁশি নাগরিক মথুরায় ?
২. চলা
পথ ও পায়ের সখ্য
শেষ যেখানে হয়
সেইখানে ছায়ার আশ্রয়…
আলো ও আঁধার যদি
পার হয় জীবনের নদী,
যেমন রেখেছো তুমি
আমার হৃদয়।
৩. ঘুম
একটুকু ঘুম এতোটা নিঝুম
জানিনি কখনও
আভাময় তসবী-দানার মতো
স্বপ্ন জড়ানো গলায় তোমার।
দানাভর প্রার্থনা তোমারই—
অকৃপণ নিও।
তুমি জুলিয়েট, আমিও রমিও ।
৪. তারা
শীসার মতো তারা
ঝুলে আছে ক্লান্ত আকাশে
অধীর, অস্থির।
কখনও চাঁদ আসে, জোছনার ধারা…
তোমার চোখের তারা
নেভে না দিনে,
আঁধারেও খুব নিই চিনে।
৫. মন
এ কেমন মন
কখনও ময়না ডাহুক
শুক হীরামন !
গহন অরণ্য নদী, নদীর দু’ধার…
দামাল দূর্বা, সাদা কাশবন
নীলের হৃদয়ে ঘন মেঘের আদর
মনের দু’কূলে হাসে অবোধ ভাদর।
৬. চেনা
দৃষ্টির দূর
সুদূর কখনও নয়।
এমন যদি হয়, দেখে নিই
আবরণহীন, গুনে যাই গোপনে
এক দুই তিন—
হয়তো হলো এই পৃথিবী কেনা
জানি না তোমার আমি কতটুকু চেনা !
৭. শিল্প
চুম্বন শিল্প হলে
শিল্পকর্ম ঠোঁট।
বাঁক নেয় দিগন্তে সাতরঙে,
ওষ্ঠরঞ্জন শুয়ে থাকে— আকাশের পরী…
পিকাসো’র তুলি, রঙ আর ঢঙে
এঁকেছি ছবি। অন্তরে ওই
ঠোঁটের মাধুরী।
……………………………

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





