কত ছবি ছড়ানো চারপাশে ।
আলোর তুলি আঁকে শুভ্রতম মেঘ
ঢেউয়ে, ক্লান্তিহীন এঁকে যায় ঝিলিমিলি চিত্রমালা,
সবুজ ছায়া আঁকে বৃক্ষের তুলি ।
তোমার আনত চোখের পাপড়ি পেরিয়ে
ঝুর ঝুর আলো আসছে
প্রিয় টেবিল-বাতির নিজস্ব জ্যোতির মতো ।
নাকের শিখর অনুগত নীলাদ্রি নিঝুম,
ভোরের আভার আরক্তিম তুষারকণা ।
চিবুক, মেঘ-হারানো সকাল এক— ফুল ফুল উচ্ছল উপত্যকা ।
শ্রাবণমুখর চুলের নদী নামলো যেই বেঁকে,
পাখি-ঠোঁটের কোণ চুলের রেখায় ঢেকে
রেশমি বুকের অহরহ স্রোতে, নিলীন নেমে আসে ।
কালো-মখমল, গহন হৃদয়ের কালো নদী আমার—
জানে না সমুদ্র, পথ হারায় তীরে তীরে
অন্তহীন গোধুলিময়তায়…
************

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





