[ জেমস টেইট (James Tate) এর জন্ম আমেরিকার মিজৌরী স্টেইটের ক্যানসাস সিটিতে ১৯৪৩ সালে। কবিতার সংকলন ১২টি। প্রথম কবিতাগ্রন্থ, ‘দি লস্ট পাইলট’ (১৯৬৬) এর জন্য ‘ইয়েল ইয়োংগার পোয়েটস্ প্রাইজ’ লাভ করেন। ‘সিলেকটেড পোয়েমস-এর জন্য পুলিটজার পুরস্কার পান ১৯৯১ সালে। ‘ওরশিপফুল কমপ্যানি অব ফ্লিচ্যারস্’ জাতীয় গ্রন্থ পুরস্কারে ভূষিত হয় ১৯৯৪-এ। অন্যান্য সংকলনগুলো হলো: Constant Defender ; Reckoner ; Distance from Loved Ones এবং Memoir of the Hawk ।
জেমসের কবিতা মূলত প্রশান্তি ও উদ্দীপনার। দীর্ঘ চার দশকেরও অধিক সময় ধ’রে আমেরিকার সাহিত্য জগতে বিচিত্র বিষয়ে তাঁর পদচারণা। ছোটগল্পেও তিনি সমান গতিমান। গল্পগ্রন্থ : Forty Five Stories । উপন্যাস: Lucky Darryl । তিনি ‘একাডেমী অব অ্যামেরিকান পোয়েটস্’-এর চ্যান্সেলর। কবিতা পড়িয়েছেন ক্যালিফোর্নিয়ার বার্কেলী বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও এমারসন কলেজে। ১৯৭১ সাল থেকে শিক্ষকতা করছেন ম্যাসাচুসেটস্ বিশ্ববিদ্যালয়ে । বসবাস করেন অ্যামহারস্ট-এ। ]
দড়ির আড়ায়
বাড়ির পেছনে কাপড় মেলে দিচ্ছিলো মিলি।
রান্নাঘরের জানালা দিয়ে দেখছিলাম,
কেন এত আনন্দ দেয় এই দৃশ্য?
কতভাবে ভালোবাসি তাকে, ভালোলাগে
বাতাসে দোলায়িত পরিচ্ছন্ন কাপড় চোপড়।
এটা চিরন্তন, নতুনের সূচনা, আগামীর প্রতিশ্রুতি।
দড়ির আড়া ! হায় ঈশ্বর, সত্যি ভালোবাসি।
একের পর এক কাপড়গুলো সাজিয়ে রাখা উচিত।
হয়তো কোনোদিন এগুলো বানানো বন্ধ ক’রে দেবে, কি হবে তখন?
চিত্রকর হলে, কাপড়-মেলা মিলি’র ছবি আঁকতাম।
ভালো এক চিত্রকর্ম হতো, দেখে খুশি হতে তুমি, ভাঙতো হৃদয়ও।
জানতে না কখনও কী ছিলো তার মনে, অনেক ভাবনা, অল্পকিছু চিন্তা,
কিংবা কিছুই নয়। সে-কি দেখেছিলো কখনও
তার মাথার উপর বাজপাখি উড়তে?
সে-কি ঘৃণা করতো কাপড় মেলে দেয়া?
সে-কি কোনো নাবিকের সাথে চাইতো পালিয়ে যেতে?
কাপড়ের খণ্ডগুলো প্রাচীন এক নৌকার পালের মতো দুলছে,
মোজাগুলো বলছে, ‘বিদায়’।
মিলি, ও মিলি, মনে পড়ে আমাকে? সেই তাকে,
রুমাল নিয়ে ঘুরে বেড়াতো যে,
আর নিদারুণ ভালোবাসতো তোমাকে।
লেখকের বন্ধু
রাতের কিছু বাক্স ডেলিভারী এসেছে
ঠিক যখন তুমি ঘুম থেকে উঠেছো।
তবে আবার যাওয়া যায় বিছানায়,
দেখা যায়
অদেখা কোনো স্বপ্ন। বিরক্তিকর
পত্রিকার হকার এসেছে
সাইকেলে চেপে। আহ, কি যন্ত্রণা !
তারপর আরেকটি সুন্দর দিন
রানচো মিরাজে।
সূর্য গুটিয়ে আনছে গরুগুলোকে,
বড়ো হয়ে উঠছে কুকুরগুলো। গ্যাবরিয়েলা
বানাচ্ছে নাস্তার প্যানকেইক।
এ এক ভুল শতাব্দী। কিন্তু কেউ
মানছে না, জানতেও চাইছে না।
***************
প্রকাশিত : ইত্তেফাক সাময়িকী,
৬ জানুয়ারি, ২০১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





